ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফুটবলের কথা ভুলে গিয়ে খেলোয়াড়রা যখন বিকল্প পেশার কথা ভাবতে শুরু করেছেন তখনই যাদুকর এসে হাজির ! তার ফুটবল-সংস্কারের কথা শুনে একটু থমকে দাঁড়ালেন উত্তরসুরীরা। তার যাদুর কাঠির ছোঁয়ায় যদি আমিনুল-এমিলিদের ফুটবল ভাগ্যের পরিবর্তন হয় ! অন্য চিন্তা বাদ দিয়ে ফুটবলেই যদি অন্নচিন্তা করা যায় !
ফুটবলারদের স্বপ্ন দেখানো এই যাদুকরের নাম কাজী সালাউদ্দিন। সোনালী অতীতের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। যিনি বাংলাদেশের ফুটবলকে পাল্টে দেওয়ার ব্রত নিয়ে সোমবার বাফুফে সভাপতি পদে বসেছেন। সুবাদে খেলার জন্য আর আন্দোলনে নামতে হবে না, বছরব্যাপী ফুটবল থাকবে মাঠে, নির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগুবে বাংলাদেশের ফুটবল, এমন আশা নিয়ে দুর্ভাগা ফুটবলাররা আবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন।
এই তারকাকে ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ পদে পেয়ে বেশ খুশি জাহিদ হাসান। জাতীয় দলের এই তরুণ স্ট্রাইকার বলেছেন, "অন্যান্যদের মতো আমিও স্বপ্ন দেখছি। আশা করছি, আমাদের টুর্নামেন্টগুলো এবার নিয়মিত হতে শুরু করবে।" গত ৫ বছরে আনিয়মিত হয়ে গেছে জাতীয় লিগ, ফেডারেশন কাপ সহ অনেক টুর্নামেন্ট। আমিনুলের আর্তি, "আমাদের যেন দলবদলের জন্য আন্দোলন করতে না হয়। আর বছরে জাতীয় দল সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলা নিশ্চিত করতে হবে এই কমিটিকে।" গত কমিটির অধীনে ক'দিন আগেও খেলোয়াড়দের আন্দোলন করতে হয়েছে বি.লিগের দলবদলের জন্য। বাংলাদেশের ফুটবলের নিয়মিত এই দৃশ্য বদলানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক।
আমিনুল হকের বড় প্রতিদ্বন্দ্বী বিপ্লব ভট্টচার্য্য চোখ রাঙিয়ে দিয়েছে এই কমিটি, "ফুটবলার ও সংগঠক মিলে দারুন একটি কমিটি হয়েছে এটা। আমার বিশ্বাস ফুটবলের সুদিন আবার ফিরে আসবে।" সালাউদ্দিন সহ ২১ সদস্যের কমিটিতে মোট আটজন ফুটবলার আছেন, তাদের সঙ্গী হয়েছেন হারুনুর রশীদ ও অনোয়ারুল হক হেলালের মতো নামী সংগঠকরা। আর তাই এই কমিটির কাছে বিপ্লবের মতো অনেকের বড় প্রত্যাশা। তার কতটুকু পূরণ করতে পারেন সেটা দেখার অপেক্ষায় আছেবন জাতীয় দল থেকে বাদ পড়া স্ট্রাইকার আলফাজ আহমেদ, "কমিটি ভাল হয়েছে, নেতৃত্বেও যোগ্য লোক এসেছে। আমরা কতটুকু এগুতে পারবো সেটা একমাত্র ভবিষ্যৎ-ই বলতে পারে।" সালাউদ্দিনের বিরোধী শিবিরের সমর্থক হলেও আলফাজ মনে করেন, "সালাউদ্দিন ভাই একটা সুযোগ চেয়েছেন, সেটি পেয়েছেন। আমরা এখন তার নেতৃত্ব দেখার অপেক্ষায় আছি।"
জাতীয় দলের ডিফেন্ডার হাসান আল মামুন নির্দিষ্ট একটা টার্গেট আশা করছেন সালাউদ্দিনের কাছে। "অবশ্যই একটা টার্গেট করা উচিত আমাদের, ২০২০ সালে আমাদের ফুটবলকে কোথায় দেখতে চাইছি। সেরকম কিছু না থাকলে উন্নতিটা বোঝা যাবে না।" এর আগে কোনো কমিটিই এ ধরনের টার্গেট নিয়ে কাজ শুরু করেনি। করবেও-বা কীভাবে, সাধারণ ক্রীড়া বর্ষপঞ্জীটাই মেনে চলতে পারতো না বাফুফে। এবার সেই অভ্যাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে মামুন চান তৃণমূল পর্যায় থেকেই সাজানো হোক বাংলাদেশের ফুটবল। নির্দিষ্ট একটা রোডম্যাপ ধরে এগুলেই বাংলাদেশের ফুটবল উন্নয়নের চাকা ঘুরতে শুরু করবে।
বাংলাদেশের ফুটবলের উন্নয়নের চাকা বিপরীত দিকে ঘুরানোর মতোই একটা কমিটি পেয়েছে বাফুফে। সেখানে যাদুকর আর কারিগরের এমন দুর্দান্ত সম্মিলন হয়েছে যে ফুটবলাররা আপাতত বিকল্প চিন্তার কথা ভুলে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.
bdnews24