২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা-ম্যানচেস্টার আর রোনালদো-মেসির লড়াই

বার্সেলোনার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ। অন্যদিকে চেলসির কাছে হেরে গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হাতছাড়া হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের, শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্নও এখনো ভালোমতোই অটুট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 05:00 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

লন্ডন, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বার্সেলোনার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় চ্যাম্পিয়ন হওয়ার আশা শেষ। অন্যদিকে চেলসির কাছে হেরে গেলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হাতছাড়া হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের, শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্নও এখনো ভালোমতোই অটুট। স্বদেশের লিগে নিজেদের অবস্থানে এমন বৈপরীত্য থাকলেও অন্য কয়েকটি বিষয়ে দু দলের মধ্যে দারুণ মিল। মুখোমুখি লড়াইয়ে বার্সা ও ম্যানইউ'র অবস্থান একদম সমানে সমান। ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে দু দলই দু বার করে চ্যাম্পিয়ন। এবং গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগেও ছিল সাম্যাবস্থা। এই সব মিল এবং অমিল নিয়ে মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দু দল। এই ম্যাচটি তাই প্রতিপক্ষকে পেছনে ফেলে একটি দলের সামনে এগিয়ে যাওয়ার উপলক্ষ্যও! ক্লাব ফুটবলের দুই পরাশক্তির লড়াইয়ের পাশাপাশি আরেকটা লড়াইয়ের দিকেও সাগ্রহে তাকিয়ে থাকবে ফুটবলামোদীরা। সেটা ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসির। এ মৌসুমে ৩৮ গোল করে হৈ-চৈ ফেলে দিলেও রোনালদোর জন্যই ম্যানইউ এখন তেমন স্বস্তিতে নেই। বার্সেলোনার ন্যু ক্যাম্প থেকে প্রথম লেগ গোল শূন্য ড্র করে ফেরা 'রেড ডেভিল'রা ম্যাচটা জিততেও পারতো, যদি না তৃতীয় মিনিটেই পেনাল্টি মিস করতেন রোনালদো। এবং ঐ মারাত্মক ভুলের পর সেদিন মাঠে সেভাবে আর খুঁজেই পাওয়া যায়নি পর্তুগালের তারকা ফুটবলারকে। সে তুলনায় সদ্য ইনজুরি কাটিয়ে ফেরা মেসি ছিলেন দারুণ উজ্জ্বল। একাধিক বার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়ে কয়েকটা সুযোগও তৈরি করেছিলেন তিনি। কিন্তু স্যামুয়েল এ'তোর ব্যর্থতায় গোলের দেখা পায়নি বার্সেলোনা। সব মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচেই তারা গোল করতে পারেনি। যার মধ্যে আছে শনিবার দেপোর্তিভো লা করুনার কাছে ০-২ হেরে যাওয়া ম্যাচটিও। ফ্র্যাঙ্ক রাইকার্ডের দলের মতো রোনালদোও এখন গোল-খরায় ভুগছেন! বার্সেলোনার মতো তিনিও যে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ। তবে নিজের ব্যর্থতাকে পাশে সরিয়ে রোনালদো তাকিয়ে আছেন ম্যানইউ'র সমর্থকদের দিকে। তার বিশ্বাস ঘরের মাঠে তাদের নির্ভেজাল সমর্থনই অ্যালেক্স ফার্গুসনের দলের ফাইনালে ওঠার সোপান রচনা করে দেবে, "আমাদের সমর্থকরা সব সময়ই দুর্দান্ত। তবে গত এক মাস ধরে তাদের অসাধারণ বলেই মনে হচ্ছে। আশা করি বাকি ম্যাচগুলোতেও তারা ধারাবাহিকতা ধরে রাখবে, বিশেষ করে বার্সার বিপক্ষে।" কিংস কাপের পর স্প্যানিশ লিগের শিরোপাও হাতছাড়া হওয়ায় 'বার্সা'র সামনে এখন এ মৌসুমে উৎসবে মেতে ওঠার জন্য একটা টুর্নামেন্টই বাকি --- চ্যাম্পিয়ন্স লিগ। ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে ওঠার লক্ষ্যে দেপোর্তিভোর বিপক্ষে মেসি, এ'তো, জাভি ও গোলকিপার ভিক্টর ভালদেসকে বিশ্রাম দিতে দ্বিধা করেননি তাদের কোচ রাইকার্ড। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানইউ'র সঙ্গে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য অনুপ্রাণিত করতে পারে বার্সেলোনাকে। মঙ্গলবারের আগে ৮টি লড়াইয়ে দু দলই দুটি করে ম্যাচ জিতেছে, আর বাকি চার ছিল অমীমাংসিত। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে আছে বার্সেলোনা। এই টুর্নামেন্টে ম্যানইউ'র সঙ্গে ৫টি লড়াইয়ে একটি জিতেছে (১৯৯৪ সালে ৪-০ গোলে) তারা, বাকি চারটি ড্র। মঙ্গলবার অবশ্য সাসপেনশনের কারণে মেক্সিকান ডিফেন্ডার রাফায়েল মার্কেজকে বার্সেলোনা পাচ্ছে না। অন্যদিকে ইনজুরির কারণে সেন্ট্রাল ডিফেন্ডার নেমানিয়া ভিদিচ ও তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিকে নিয়ে কিছুটা সংশয়ে আছে ম্যানইউ। যদিও শেষপর্যন্ত যা খবর তাতে খুব সম্ভব মাঠে নামবেন দুজনই। চ্যাম্পিয়ন্স লিগ ও ইওরোপিয়ান ক্লাব কাপ মিলিয়ে দু দলই শিরোপা জিতেছে দু বার করে। ম্যানইউ ১৯৬৮ ও '৯৯তে, আর বার্সা '৯২ ও ২০০৬ সালে। সুখস্মৃতিটা প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি টাটকা হওয়াটাও বার্সেলোনার জন্য বাড়তি এক অনুপ্রেরণা! দু দলের সম্ভাব্য একাদশ : ম্যানচেস্টার ইউনাইটেড : এডউইন ফন ডার সার, ওয়েস ব্রাউন, রিও ফার্ডিন্যান্ড, নেমানিয়া ভিদিচ, প্যাট্রিস এভরা, ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েন হারগ্রিভস, পল স্কলস, রায়ান গিগস, কার্লোস তেভেজ ও ওয়েইন রুনি। বার্সেলোনা : ভিক্টর ভালদেস, জিয়ানলুকা জামব্রোত্তা, কার্লোস পুয়োল, গ্যাব্রিয়েল মিলিতো, এরিক আবিদাল, জাভি, ইয়াইয়া টুরে, ডেকো, আন্দ্রে ইনিয়েস্তা, লিওনেল মেসি ও স্যামুয়েল এ'তো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/