ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাফুফে যখন ব্যর্থ হয়েছে তখন এএফসিকে আশ্বস্ত করছে সরকার। সরকার মানে জাতীয় ক্রীড়া পরিষদ সভাপতি সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ "ভিশন এশিয়া" তত্ত্ব মেনে বাংলাদেশের ফুটবল উন্নয়নে ইতিবাচক হয়েছেন।
সুবাদে চাঁদপুর ও নারায়ণগঞ্জে হবে ভিশন এশিয়া তত্ত্বের প্রথম পরীক্ষা। এই পাইলট প্রোজেক্টের সাফল্যের ওপর নির্ভর করছে "ভিশন বাংলাদেশ"-এর ভবিষ্যৎ। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন এএফসি কর্মকর্তারা।
তার আগে এএফসির ফুটবল আধুনিকায়নের রোডম্যাপটা তুলে ধরা হয়েছে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের সামনে। ভিশন এশিয়া পরিচালক ব্রেন্ডন মেন্টন এবং এএফসির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ও ক্লাব বিষয়ক ডেভেলপমেন্ট অফিসার ইমতিয়াজ রেহমান সবিস্তারে বর্ণনা করেছেন। সঙ্গে ছিলেন এএফসি সাধারণ সম্পাদক দাতো পলমনি। শুনে ও দেখে মুখে সন্তুষ্টি ফুটিয়ে মইন উ আহমেদ বলেছেন, "আমাদের শুরু করতে হবে একেবারে শূন্য থেকে। সব কিছু ঠিকঠাক মতো চললে ১০ বছর পর আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারবো। এজন্য গ্রাম-গঞ্জের স্কুল থেকে শুরু করতে হবে।"
বৃহস্পতিবারের মতো ২০০৪ সালেও বাফুফে-কর্তা, ক্লাব ও মিডিয়ার সামনে ভিশন এশিয়া তত্ত্ব উপস্থাপিত হয়েছিল হোটেল শেরাটনে। কিন্তু তার সেরকম কোনো প্রতিফলন দেখা যায়নি বাফুফে কর্তাদের কাজে-কর্মে। প্রেসক্রিপশন অনুযায়ী ২০০৭ সালে প্রথমবারের মতো পেশাদার লিগ চালু হলেও তার গুণগত মান নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। অবশ্য বাফুফে কর্তাদের দাবি হচ্ছে কেবল গত এক বছর ভিশন এশিয়া কার্যক্রম থেমে ছিল। মানে এর আগে হয়েছে, কিন্তু রূঢ় সত্য হচ্ছে বাফুফের কাজে 'ভিশন' ও 'মিশনে'র ভীষণ অভাব ছিল! নইলে জাতীয় ক্রীড়া পরিষদ সভাপতির দ্বারস্থ হবেন কেন ভিশন এশিয়ার কর্মকর্তারা?
তার মুখে সন্তুষ্টির ছাপ ফুটে উঠতেই সম্ভাবনাময় হয়ে ওঠে পাইলট প্রোজেক্ট। ব্রেন্ডন মেন্টন জানিয়ে দিয়েছেন, "কোথাও থেকে তো শুরু করতে হবে। ভিশন এশিয়ার আওতায় আমরা প্রথমে দুটো জেলায় কাজ শুরু করবো এবং ১২ মাস চালিয়ে দেখবো।" পরীক্ষামূলকভাবে দেখার জন্য বেছে নেওয়া হয়েছে চাঁদপুর ও নারায়ণগঞ্জ জেলা। পছন্দের তালিকায় চাঁদপুর কেন ? এএফসি সাধারণ সম্পাদক দাতো পলমনির জবাব, "সব ক্রাইটেরিয়া মেনেই দুটো জেলাকে নেওয়া হয়েছে। পরবর্তীতে অন্যান্য জেলাকেও এর আওতায় নেওয়া হবে।" তবে অভিযোগটা বুঝতে পেরেই চাঁদপুরের সাবেক সংসদ সদস্য বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "এখানে যেহেতু বেশ খরচের ব্যাপার আছে তাই অন্যান্য জেলাগুলো আগ্রহী নয় বলেই চাঁদপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
শুধু বাফুফে এটা করতে পারবে না, সঙ্গী হতে হবে সরকারকেও। দাতো পলমনিও বলেছেন, "ফুটবলে উন্নতি করতে হলে বাফুফে, সরকার, বিওএ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। না হলে ভিশন এশিয়াকে সফল করা কঠিন হয়ে যাবে।"
সরকারকে সঙ্গে থাকতে হবে কিন্তু সরকারের কাউন্সিলরদের ভোটার নেই--- কী বৈপরীত্ব বাফুফের গঠণতন্ত্রে ! এএফসির প্রেসক্রিপশনে কড়া ভাষায় সরকারের সঙ্গে সম্পৃক্ততা এড়ানোর জন্য সরকার পক্ষের কাউন্সিলর-প্রথা বাতিল করা হয়েছে। এই বিতর্কের জায়গাটা সুকৌশলে এড়িয়ে গেছেন এএফসি-কর্তারা। তাই সেনাপ্রধান আশ্বাস দিয়ে গেলেও ২৮ এপ্রিল বাফুফে নির্বাচন-পরবর্তী কমিটির ওপর অনেকখানি নির্ভর করছে ভিশন এশিয়ার "ভিশন বাংলাদেশ" হয়ে ওঠা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১২৩ঘ.
bdnews24