২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২ বছর বয়সে অবসর নিলেন রোমারিও

অবশেষে বয়সের কাছেই হার মানলেন রোমারিও। অবশ্য সাধারণের বিবেচনায় তার ফুটবলকে বিদায় জানানোর বয়স হয়েছে ৬ বছর আগেই। ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ জেতানো এই স্ট্রাইকারকে কোচ স্কলারি ২০০২ বিশ্বকাপ দলের বাইরে রাখার পর অনেকেই ভেবেছিলেন সেখানেই ক্যারিয়ার শেষ। অথচ রোমারিও তারপরও খেলেছেন বেশ দাপটের সঙ্গেই। তবে আর নয়। সোমবার রোমারিও জানিয়েছেন ভাস্কো ডা গামার হয়েও আর খেলবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 07:06 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

রিও ডি জেনেরিও, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবশেষে বয়সের কাছেই হার মানলেন রোমারিও। অবশ্য সাধারণের বিবেচনায় তার ফুটবলকে বিদায় জানানোর বয়স হয়েছে ৬ বছর আগেই। ব্রাজিলকে ১৯৯৪ বিশ্বকাপ জেতানো এই স্ট্রাইকারকে কোচ স্কলারি ২০০২ বিশ্বকাপ দলের বাইরে রাখার পর অনেকেই ভেবেছিলেন সেখানেই ক্যারিয়ার শেষ। অথচ রোমারিও তারপরও খেলেছেন বেশ দাপটের সঙ্গেই। তবে আর নয়। সোমবার রোমারিও জানিয়েছেন ভাস্কো ডা গামার হয়েও আর খেলবেন না। এক ডিভিডি প্রকাশনা অনুষ্ঠানে কথাটা সানন্দেই জানিয়েছেন ব্রাজিলের হয়ে ৫৬টি গোল করা এই স্ট্রাইকার, " অফিসিয়ালি আমি আর খেলবো না। এবার থামছি। আর কখনো প্রশিক্ষন নিতে হবে না এ কথা ভাবতে পেরে আমি খুব খুশি।" বিদায়ের সময় সবার মনে বাজে দুঃখের রাগিনী, অথচ তিনি খুশি! রোমারিওর জন্য এটাই স্বাভাবিক, কেননা, পাগলাটে স্বভাবের এই মানুষটি জীবনে এমন অনেক কিছুই করেছেন যা কিনা উচ্চাকাঙ্খী, ক্যারিয়ার-সচেতন কোনো ফুটবলারকে মানায় না। এমনিতে বর্ণাঢ্য ক্যারিয়ার। গোল করায় সুনিপুন এই শিল্পী ব্রাজিল দলে আসা-যাওয়া করেছেন ১৯৮৭ থেকে ২০০৫ পর্যন্ত। এ সময়ে ৭৩ ম্যাচে গোল করেছেন ৫৬টি। তবে সবচেয়ে মূল্যবান অবশ্যই বিশ্বকাপের ৫ গোল, যার সুবাদে ১৯৯০-র পরের আসরে টানা দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে বিশ্বকাপ জিতিয়েছিলেন ব্রাজিলকে। ক্লাব পর্যায়ে তার রয়েছে ঈর্ষণীয় সাফল্য। সেখানে এতটাই সফল যে ক্যারিয়ারে এক হাজার গোল করার দাবিও করতে পারেন রোমারিও। ব্রাজিলের ভাস্কো ডা গামায় শুরু করে সোমবার সেই ক্লাবের হয়েই ক্যারিয়ার শেষের ঘোষণা দেয়া ফুটবলারটি বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, বার্সেলোনা, পিএসভি আইন্দহোফেন, ভ্যালেন্সিয়া থেকে শুরু করে অখ্যাত আল সাদ (কাতার), মায়ামি এফসি (যুক্তরাষ্ট্র) এবং অ্যাডিলেড ইউনাইটেডেও (অস্ট্রেলিয়া) খেলেছেন। খেলেছেন না বলে, অধিকাংশ ক্ষেত্রে খেলতে বাধ্য হয়েছেন বলাই ভালো। কোচের কাছে বলতে গেলে সবসময়ই রোমারিও ছিলেন পারফরম্যান্সের কারণে পছন্দের আর আচরণের কারণে অপছন্দের খেলোয়াড়। এ নিয়ে কাহিনীও আছে অনেক যার সর্বশেষটিতে ২০০২ বিশ্বকাপের ব্রাজিল দল থেকে তাকে বাদ দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়তে দেখা যায় তখনকার কোচ লুই ফেলিপ স্কলারিকে। পরে ব্রাজিল বিশ্বকাপ জেতায় অবশ্য স্কলারিরই জয় হয়। তবে বিশ্বকাপ খেলতে না পারায় রোমারিও-ও কিন্ত হারেননি। তাকে যারা বাতিল ভেবেছিলেন তাদের ভুল প্রমান করে আবার নামেন মাঠে। ২০০৫ সালে তাকে নিয়ে নেয় ভাস্কো ডা গামা। যেখানে ক্যারিয়ার শুরু করেছিলেন সেখানে ফিরে যেন তারুণ্যও ফিরে পান। সবাইকে অবাক করে সেবার ২২ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন ৩৯ বছর বয়সী রোমারিও। ক্যারিয়ারে ইতি টানার বয়সেও অর্জনে তরুণদের হার মানানো এই ফুটবলার কখনোই ফিটনেস-সচেতন ছিলেন না। ট্রেনিং ক্যাম্প ছেড়ে সুযোগ পেলেই বাড়ি ফিরে যাওয়ায় নানান গঞ্জনা সইতে হয়েছে তাকে। আবার যখনই মাঠে নেমেছেন গোল এসে ধরা দিয়েছে তাকে। গত বছরের মে মাসে ভাস্কো ডা গামার হয়ে গোল করে দাবি করলেন ওটা তার ক্যারিয়ারের শহস্রতম গোল। ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো পেলে ছাড়া আর কেউ এ কৃতিত্ব দেখিয়েছেন এমন দাবি আগে কখনো ওঠেনি। রোমারিও সর্বশেষ গোল দুটি করেন গত নভেম্বরে। ভাস্কোর হয়ে বদলি খেলোয়াড় হিসেবে করা ওই দুটোর পর গোল করার সুযোগও তেমন একটা পাননি। ডিসেম্বরে ড্রাগ নেয়ার অভিযোগে ৪ মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। স্রেফ চুল পড়া ঠেকাতে না বুঝে ওই ড্রাগ নিয়েছিলেন - রোমারিওর এ দাবি মেনে নিয়ে ফেব্র"য়ারিতে বিশেষ ট্রাইবুনাল সে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তও দেয়। নিষেধাজ্ঞা আরোপ এবং প্রত্যাহারের মাঝে ভাস্কোর কোচ কাম খেলোয়াড় হিসেবে ৫টি ম্যাচ খেলেছেন। তারপরও হয়তো খেলতেন, কিন্তু আবার মেজাজ বিগড়ে গেল, "ক্লাব প্রেসিডেন্ট ইউরিসিও মিরান্দা খেলোয়াড় নির্বাচনে খুব বেশি নাক গলাচ্ছেন"