২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছাকাছি রিয়াল ও ইন্টার

আগের চার ম্যাচে মাত্র একটি জয়। তার ওপরে ২০ মিনিটের সময় ডিফেন্ডার মিগুয়েল তরেসের লালকার্ড। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল মার্সিয়ার বিপক্ষে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ১০ জন নিয়ে খেলেও ১-০ গোলে ম্যাচটা জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেই সুবাদে শিরোপা অক্ষ্ন্নু রাখার স্বপ্নও এখন অনেক বেশি উজ্জ্বল রিয়ালের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

মাদ্রিদ/মিলান/বার্লিন, ১৪ এপ্রিল (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের চার ম্যাচে মাত্র একটি জয়। তার ওপরে ২০ মিনিটের সময় ডিফেন্ডার মিগুয়েল তরেসের লালকার্ড। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল মার্সিয়ার বিপক্ষে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ১০ জন নিয়ে খেলেও ১-০ গোলে ম্যাচটা জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সেই সুবাদে শিরোপা অক্ষ্ন্নু রাখার স্বপ্নও এখন অনেক বেশি উজ্জ্বল রিয়ালের। আগের দিন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ড্র করেছিল। রোববার শিরোপা প্রত্যাশী অন্য দল ভিলারিয়াল আলমেরিয়ার কাছে ০-১ গোলে হেরে যাওয়ায় রিয়ালের শীর্ষস্থান অনেক বেশি সুসংহত। ইতালিয়ান সিরি 'এ'তে ইন্টার মিলানও শিরোপা অক্ষ্ন্নু রাখার পথে এক ধাপ এগিয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এস্তেবান ক্যাম্বিয়াসো ও ১৭ বছর বয়সী ফরোয়ার্ড মারিও বালোতেল্লির লক্ষ্যভেদে তারা ২-০ গোলে হারিয়েছে ফিওরেন্টিনাকে। তাই উদিনেসকে ৩-১ গোলে হারিয়েও শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান কমাতে পারেনি রোমা। ৩৩ রাউন্ড শেষে ইন্টার ও রোমার পয়েন্ট ৭৫ ও ৭১। শনিবার এসি মিলানকে ৩-২ গোলে হারানো জুভেন্টাস ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সিরি 'এ'র আর মাত্র ৫ রাউন্ড বাকি থাকলেও এখনই নিজেদের চ্যাম্পিয়ন ভাবতে মোটেও রাজি নন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্যাম্বিয়াসো। কোনো রকম আত্মপ্রসাদে না ভুগে তিনি বরং ভীষণই সতর্ক, "না, না, এখনো বেশ কয়েকটা ম্যাচ বাকি। এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা।" ব্যবধানটা মাত্র ৪ পয়েন্ট বলেই বোধহয় ক্যাম্বিয়াসোর মধ্যে এতখানি সতর্কতা। সেই তুলনায় রিয়ালের অনেক বেশি নির্ভার থাকার কথা। দ্বিতীয় স্থানে থাকা 'বার্সা'র চেয়ে তারা যে এখন ৯ পয়েন্ট এগিয়ে! যদিও মার্সিয়ার বিপক্ষে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে শুরুটা মোটেও ভালো হয়নি রিয়ালের। ২০ মিনিটে প্রতিপক্ষ মিডফিল্ডা র দানি আকুইনোকে মারাত্মক ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন তরেস। ১০ জনে পরিণত হওয়ার পর তাদের পারফরম্যান্সও ছিল অনুজ্জ্বল। কিন্তু পয়েন্ট হারানোর হাত থেকে তাদের বাঁচিয়েছেন ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার, ৫৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে। শেষ পর্যন্ত এই গোলটাই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য, রিয়ালকে এনে দিয়েছে মূল্যবান তিনটি পয়েন্ট। যদিও দলের পারফরম্যান্স একটুও মন ভরাতে পারেনি তাদের কোচ বার্নড শুস্টারের, "এই জয়কে আমাদের মূল্য দিতেই হবে। তবে ভিন্ন ধরনের খেলা দেখতেই পছন্দ করতাম আমি।" যাহোক এই জয়ের জন্যই ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান এখন দারুণ সুসংহত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা ও ভিলারিয়ালের পয়েন্ট যথাক্রমে ৬০ ও ৫৯। ভ্যালাদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করা অ্যাটলেটিকো মাদ্রিদ চতুর্থ স্থান ধরে রেখে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। তাদের পয়েন্ট ৫৪। স্প্যানিশ লিগের আর ৬ রাউন্ড বাকি। জার্মান 'বুন্দেসলিগা'য় বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ও প্রায় নিশ্চিত বলা যায়। বরুসিয়া ডর্টমুন্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২১তম শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ওয়ার্ডার ব্রেমেনের চেয়ে বায়ার্ন এগিয়ে আছে ১০ পয়েন্টে। ২৮টি করে ম্যাচ খেলে বায়ার্নের সংগ্রহ ৬০ পয়েন্ট, আর ব্রেমেনের ৫০। জার্মান লিগেরও আর ৬ রাউন্ড বাকি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৩ঘ.