২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে সভাপতি পদে সালাউদ্দিনের প্রতিপক্ষ আমিন আহমেদ চৌধুরী

কাজী সালাউদ্দিনের সুখ্যাতি করে তার বিপক্ষে বাফুফে সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন অবসরে থাকা মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী ! এই আনুষ্ঠানিক ঘোষণা দিতে রোববার তিনি জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সদলবলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 05:51 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কাজী সালাউদ্দিনের সুখ্যাতি করে তার বিপক্ষে বাফুফে সভাপতি পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন অবসরে থাকা মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী ! এই আনুষ্ঠানিক ঘোষণা দিতে রোববার তিনি জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সদলবলে। কিছুদিন ধরে নামটি গুঞ্জন হয়ে থাকার পাশাপাশি নানা প্রশ্নও উঁিক মারছিল। অবশেষে তিনি নিজেই যখন দৃশ্যপটে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হঠাৎ করে কেন তার ফুটবলে আবির্ভাব। ক্রীড়াঙ্গনে নিজেকে পুরনো লোক হিসেবে দাবি আমিন আহমেদে চৌধুরী বলেছেন, "হঠাৎ করে নয়, সেই অক্টোবর-নভেম্বর থেকে আমি নির্বাচনের চিন্তাভাবনা করছি। ১৯৮৫ ও '৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের দায়িত্ব ছিল আমার। তাছাড়া সেই ছোটবেলা থেকে আমি মাঠে গিয়ে ফুটবল খেলা দেখা লোক। ফুটবলের বিগত যৌবন ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই আমি কাজ করতে এসেছি।" কিন্তু এর আগে সালাউদ্দিন নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন সভাপতি পদের জন্য। প্রতিপক্ষকের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়ে সাবেক সেনাকর্মকর্তা বলেছেন, "সালাউদ্দিন বাংলাদেশের গৌরব। আমি তার কাছে গিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রস্তাব নিয়ে। কিন্তু তিনি বলেছেন, অনেক আগে থেকেই তিনি সভাপতি পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন।" এর মাধ্যমে কথিত ঐক্যের সম্ভাবনা বিলীন হয়ে গেল এবং একটি হাড্ডাহাড্ডি বাফুফে নির্বাচনী লড়াইয়ের দামামা বেজে উঠল। এই লড়াইয়ে আমিন আহমেদে চৌধুরীকে সমর্থন যোগাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ চৌধুরী, মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূইঁয়া, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীসহ পেশাদার লিগের অন্যান্য ক্লাব-কর্মকর্তারাও। উপস্থিত ছিলেন সাবেক বাফুফে কর্মকর্তা হারুনুর রশীদ ও বাদল রায়, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর, সাবেক ফুটবল তারকা জাকারিয়া পিন্টু, সালাম মুর্শেদী, শেখ মোহাম্মদ আসলাম, রুম্মান বিন ওয়ালী সাব্বিরসহ অনেকে। স্বাভাবিকভাবে তারাই হবেন আমিন আহমেদ চৌধুরীর নির্বাচনী সারথী। তবে এখনো তাদের প্যানেল চূড়ান্ত হয়নি। অনেক নাটকের পর শনিবার কেবল বিভিন্ন ক্লাব থেকে বাফুফের কাউন্সিলরশিপ চূড়ান্ত হয়েছে। নাটকটা হচ্ছে, বড় অংকের টাকায় বেচাকেনা হয়েছে ক্লাবের কাউন্সিলরশিপ। একজন ৫ লাখে রাজি হলে অন্যজন ১০ লাখ দিয়ে ছিনিয়ে নিয়েছে সেই কাউন্সিলরশিপ, এমন ঘটনা আছে বেশকিছু। মুক্তিযোদ্ধা থেকে আমিন আহমেদ চৌধুরীর কাউন্সিলর হওয়ার কথা থাকলেও গভীর রাতে তার নাম এসেছে বাড্ডা জাগরনী থেকে। কিন্তু বাফুফের নির্বাচনী আইন অনুযায়ী ক্লাবের নিবন্ধিত সদস্য ছাড়া অন্য কেউ কাউন্সিলর হতে পারবেন না। এই আইন যখন পদে পদে লঙ্ঘিত হয়েছে বলে খবর তখন নতুন সভাপতি প্রার্থী নিজেকে বাড্ডার নিবন্ধিত সদস্য বলে দাবি করে বলেছেন, "সেই কে. জেড ইসলামের সময় থেকে আমি ওই ক্লাবের সঙ্গে জড়িত। অন্য অনেক ক্লাবও আমাকে কাউন্সিলর করতে চেয়েছিল। আর সরকারি প্রজ্ঞাপন জারি হয়নি বলে মুক্তিযোদ্ধা সংসদ থেকে আসা হয়নি। এটুকু বলতে পারি বিধি-বর্হিভূত কিছু করিনি আমি।" তার প্রতিপক্ষ কাজী সালাউদ্দিন কাউন্সিলর হয়েছেন ইয়ংমেন্স ফকিরেরপুল থেকে, যদিও এই ক্লাবের সঙ্গে তার সংশ্লিষ্টতা সবার অজানাই ছিল। আমিন আহমেদের চোখে ফুটবলের বড় সমস্যা হচ্ছে, "লিগের ধারাবাহিকতা নেই। নিয়মিত টুর্নামেন্ট হয় না। এসব কিছু ঠিক করতে হলে আগে দরকার বাফুফেকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করা। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে। আমি সব সংগঠককে আহ্বান জানাচ্ছি এক ছাতার নীচে আসার জন্য।" তার এই আহ্বানে ঢাকার অনেক ক্লাব সাবেক সেনা কর্মকর্তার পেছনে এসে দাঁড়িয়েছে। এভাবে তারা ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় সংগঠকদের কাছেও যাবেন আমিন আহমেদ চৌধুরীকে বাফুফের সর্বোচ্চ পদে বসাতে। তার অন্যান্য সঙ্গীদের নাম কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০০৯ঘ.