২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসের জন্য বিওএ-এর উচ্চাভিলাষী প্রশিক্ষণ পরিকল্পনা

একাদশ এসএ গেমসের জন্য বেশ উচ্চাভিলাষী প্রশিক্ষণ-পরিকল্পনা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এজন্য তারা ১৮ কোটি ৭৪ লাখ টাকা চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বাজেট পেশ করেছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- একাদশ এসএ গেমসের জন্য বেশ উচ্চাভিলাষী প্রশিক্ষণ-পরিকল্পনা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এজন্য তারা ১৮ কোটি ৭৪ লাখ টাকা চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বাজেট পেশ করেছে বৃহস্পতিবার। আগামী ২০০৯ সালের ডিসেম্বরে বাংলাদেশে হবে একাদশ এসএ গেমস। স্বাগতিক অ্যাথলেটদের ভাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় বিওএ। বিওএ'র প্রধান নির্বাহী কর্ণেল (অব.)ওয়ালীউল্লাহ জানিয়েছেন, "বিওএ তিন ধাপে ২০০ দিনের একটি ট্রেনিং শিডিউল তৈরি করেছে। আগামী ১ মে থেকে প্রথম পর্ব শুরু করে ডিসেম্বর পর্যন্ত চালিয়ে নিতে ২ কোটি ৯৭ লাখ টাকা লাগবে।" এই প্রথম পর্বের ট্রেনিংয়ে সুযোগ পাবেন শুধু পদকের সম্ভাবনা জাগানো অ্যাথলেটরা। সেক্ষেত্রে ১১ টি ব্যাক্তিগত ডিসিপ্লিনকে চিহ্নিত করা হয়েছে--- অ্যাথলেটিক, সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, শুটিং, তায়েকোয়ান্দো, কারাতে, উশু, আর্চারি, টেবিল টেনিস এবং আরেকটি হতে পারে দাবা (যদিও এই ডিসিপ্লিনটা এখনো চূড়ান্ত হয়নি এসএ গেমসে)। "১১ টা ডিসিপ্লিন থেকে ৮৮ জন অ্যাথলেট বাছাই করা হবে। কোনো ডিসিপ্লিন থেকে সর্বোচ্চ ১০ জন এবং কোনোটি থেকে সর্বনিু ৪ জনকে বাছাই করা হবে। তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৫ জন বিদেশী কোচ আনার ব্যবস্থা করছি আমরা"---- বলেছেন কর্ণেল ওয়ালী। ২০০৯ সালের জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ। আর তখন থেকে গেমসের পুরো ১৭টি ডিসিপ্লিনের অ্যাথলেটদের প্রশিক্ষণ। ১৮০ দিনের এই প্রশিক্ষণে ৬১১ জন অ্যাথলেট প্রশিক্ষণ নেবে ৬৫ জন কোচের অধীনে। সেজন্য ৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট ধরা হয়েছে। অ্যাথলেট সংখ্যাটা কমিয়ে তৃতীয় পর্বে সংখ্যাটা নিয়ে আসা হবে ৪২৮ জনে। চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরু হবে ২০০৯ সালের জুলাই থেকে, চলবে গেমস পর্যন্ত। তার জন্য খরচ হবে ৭ কোটি ৩১ লাখ টাকা। শুধু প্রশিক্ষণ করানো নয়, প্রশিক্ষণের উন্নতি খতিয়ে দেখার জন্য কয়েকটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। তার ওপরই নির্ভর করবে অ্যাথলেটদের গেমস অবধি প্রশিক্ষণ-ভাগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসবি/এমএম/২২২০ঘ.