বেলগ্রেড, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব লিভারপুল আর চেলসি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল আর্সেনালকে ৪-২ গোলে আর চেলসি তুরস্কের ক্লাব ফেনারবাচেকে ২-০ গোলে হারিয়েছে। প্রথম লেগে আর্সেনাল-লিভারপুল ১-১ গোলে ড্র করেছিল আর ফেনারবাচের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল চেলসি।
অ্যানফিল্ড স্টেডিয়ামে এক 'ক্লাসিক' ম্যাচের শেষ দশ মিনিটের দুই গোল নাটকীয়ভাবে সেমিফাইনালে নিয়ে গেছে স্বাগতিক লিভারপুলকে। ১৪ মিনিটে আবু দিয়াবির গোলে আর্সেনালই প্রথম এগিয়ে গিয়েছিল। তবে ৩০ মিনিটে স্যামি হিপিয়া আর ৬৯ মিনিটে ফার্নান্দো তরেসের গোল এগিয়ে নেয় লিভারপুলকে। কিন্তু ৮৪ মিনিটে ইমানুয়েল আদেবায়োর ম্যাচে সমতা ফেরালে সম্ভাবনা জাগে আর্সেনালের। ওই অবস্থায় খেলা শেষ হলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে 'গানার'রাই উঠে যেতো শেষ চারে।
কিন্তু তাদের সমতায় ফেরার আনন্দ মিলিয়ে গেছে পরের মিনিটেই, পেনাল্টি থেকে স্টিভেন জেরার্ডের গোলে আবার লিভারপুল এগিয়ে যাওয়ায়। আর ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে রায়ান বাবেলের গোল শেষ পেরেক ঠুকে দিয়েছে আর্সেনালের কফিনে। দুই লেগ মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে 'অল রেডস' নামে পরিচিত নামে লিভারপুল।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি জিতেছে ম্যাচের একেবারে শুরুতে আর শেষে দেওয়া দুই গোলে। ৪ মিনিটে মাইকেল বালাকের গোলে এগিয়ে যাওয়ার পর 'ব্লুজ'কে শেষ গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে ৮৭ মিনিট পর্যন্ত। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ওই গোলের সুবাদেই দু লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পেয়েছে তারা।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৩৬ ঘ.
bdnews24