লন্ডন, ৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সপ্তাহের ব্যবধানে আবার মুখোমুখি আর্সেনাল-লিভারপুল। আবার মানে তৃতীয় বার! গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার তিন দিন পর শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হয়েছিল দু দল। কাকতালীয়ভাবে দুটো ম্যাচের ফলই ছিল ১-১! সেই প্রতিদ্বন্দ্বিতার রেশ থাকতে থাকতেই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লড়তে হবে আর্সেনাল-লিভারপুলকে। একই দিন অন্য ম্যাচে চেলসি অভ্যর্থনা জানাবে তুরস্কের ফেনারবাচেকে। যদিও ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম লেগে 'ব্লুজ'এর অভ্যর্থনাটা সুখকর হয়নি। সেই ম্যাচে ১-২ গোলে হেরে যাওয়ায় শেষ চারে জায়গা করে নিতে ফেনারবাচেকে হারাতেই হবে চেলসিকে।
এ বছরটা তেমন ভালো কাটছে না আর্সেনালের। এক সময় ইংলিশ লিগে শীর্ষস্থানে পৌঁছালেও একের পর এক ব্যর্থতায় তারা এখন তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ায় 'গানার'দের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও অনেকখানি ধূসর। এমন অবস্থায় তারা তাকিয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগের দিকে। ইওরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার সমীকরণটা অবশ্য আর্সেনালের জন্য বেশ কঠিন। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় মঙ্গলবার গোলশূন্য ড্র করলেই চলবে লিভারপুলের। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে শেষ চারে উঠে যাবে 'অলরেড'রা। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার তাই এই ম্যাচে নিজেদের সর্বস্ব ঢেলে দিতে দৃঢ় প্রতিজ্ঞ, "এটা আমাদের জন্য যেমন তেমনি ওদের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। মঙ্গলবার রাতে আমরা নিজেদের খেলাটাই খেলবো, জেতার সর্বাত্মক চেষ্টা করবো এবং সব কিছু ঢেলে দেবো।" সেই সঙ্গে মৌসুমটা ভালোই কাটছে দাবী করে তার মন্তব্য, "যাই হোক, এ মৌসুমটা এখনো আমাদের জন্য মোটেও বিপর্যয়কর নয়।
ইদানিং খুব বেশি দেখা হচ্ছে বলেই বোধহয় আর্সেনালের নাড়ি-নক্ষত্র জানার দাবী করলেন রাফায়েল বেনিটেজ। সেই সঙ্গে লিভারপুলের কোচ জানালেন এই ম্যাচ সম্পর্কে তার পরিকল্পনার কথা, "আর্সেনালের খেলার স্টাইল সম্পর্কে প্রত্যেকেই জানে। তারা দীর্ঘ সময় বলের দখল ধরে রাখতে পারে, ফ্যাব্রেগাসের মাধ্যমে লং পাসে খেলতে পারে, (রবিন) ফন পার্সি অথবা হ্লেবকে মাঝে রেখেও খেলতে পারে। তাই আমরা ভালো মতোই জানি কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে আমাদের। ওরা বল দখলে দক্ষ বলে আমাদেরই নিয়ন্ত্রণ করতে হবে ম্যাচটা। এবং খেলতে হবে পাল্টা আক্রমণের মাধ্যমে।"
এক হিসাবে লিভারপুলের চেয়েও অনেক কঠিন পরীক্ষার সামনে চেলসি। লিভারপুলের গোল শূন্য ড্র করলেই চলবে। কিন্তু ফেনারবাচের বিপক্ষে জিততেই হবে 'ব্লুজ'কে। অবশ্য প্রতিপক্ষের মাঠে গোল করায় ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ন্যুনতম অর্থাৎ ১-০ গোলে জিতলেই তারা চলে যাবে সেমিফাইনালে। জয়ের ব্যাপারে চেলসির কোচ আবরাম গ্র্যান্টের মনে আত্মবিশ্বাসের কোনো অভাবও নেই, "তুরস্কে আমরা ভালো খেলেছিলাম, শুধু প্রথমার্ধেই নয়, ওরা গোল করার আগ পর্যন্ত দ্বিতীয়ার্ধেও। এক জন ভালো কোচের অধীনে থাকা ফেনারবাচে বেশ ভালো দল। খেলোয়াড় হিসাবে জিকোকে আমি খুবই পছন্দ করতাম। কাজটা সহজ হবে না ঠিকই কিন্তু আমি জানি আমরাই জিততে পারবো। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে আর আমরা যে কোনো দলকে হারাতে পারি। দলের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। প্রতিপক্ষ ফেনারবাচে বা বার্সেলোনা যে-ই হোক না কেন তাতে আমাদের কিছু আসে-যায় না।"
তবে আবরাম যতই নিজের দল নিয়ে বড়াই করুন, ফেনারবাচের কোচ জিকো তা নিয়ে মোটেও শঙ্কিত নন, "আমাদের প্রতিপক্ষ খুব ভালো হলেও আমরা তাদেরকে নিয়ে ভীত নই।" ব্রাজিলের সাবেক গ্রেটের কথাটা যে মিথ্যা নয় প্রথম লেগে চেলসিকে হারিয়েই তো সেটা প্রমাণ করেছিল ফেনারবাচে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.
bdnews24