২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট খোয়ালো বার্সেলোনা, ১০ জন নিয়েও জিতে গেল বায়ার্ন

সুযোগটা কাজে লাগাতে পারলো না বার্সেলোনা। আগের দিন রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে আটকে দিয়েছিল রিয়াল মায়োরকা। তাতে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ এসেছিল বার্সার সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

লন্ডন, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুযোগটা কাজে লাগাতে পারলো না বার্সেলোনা। আগের দিন রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে আটকে দিয়েছিল রিয়াল মায়োরকা। তাতে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ এসেছিল বার্সার সামনে। কিন্তু সুযোগটা ফসকেছে। রোববার গেটাফের সঙ্গে ০-০ ড্র করায় রিয়ালের চেয়ে পয়েন্টে অনেক পেছনেই রয়ে গেছে তারা। আরেক ম্যাচে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ভিলারিয়াল। ওদিকে জার্মান লিগে দারুণ নাটকীয় এক জয় দিয়ে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। ১০ জন নিয়েও ভিএফএম বোচামকে ৩-১ গোলে হারিয়ে লিগ জয়ের পথে আরো এগিয়ে গেছে তারা। শনিবার রিয়াল মায়োরকার সঙ্গে জিততে না পারায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়ায় ৬৬। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট তখন ৫৮। রোববারের ম্যাচে তাই তাদের মূল লক্ষ্য ছিল পুরো তিন পয়েন্ট নিয়ে ব্যবধান ৫-এ নামিয়ে আনা। কিন্তু বেশ কিছু সুযোগ পেলেও পুরো ৯০ মিনিটে গেটাফের জালে একবারও বল পাঠাতে না পারায় সে সুযোগ নষ্ট হয়েছে। বার্সার বেশ কিছু আক্রমণ প্রতিহত হয় আর্জেন্টাইন গোলরক্ষক রবার্তো আবোনদেনজিয়েরির দৃঢ়তায়। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত এ ম্যাচে গেটাফের রক্ষণভাগও খেলেছে চমৎকার। তার ওপর ছিল আবার গোলপোস্টের বাধা! প্রথমার্ধে একবার স্যামুয়েল এ'তোর শট ফিরে আসে পোস্টে লেগে। দ্বিতীয়ার্ধে একইভাবে গোলবঞ্চিত হন জিওভান্নি সান্তোস। ফলে সারা ম্যাচে গোলবন্ধ্যাত্ব কাটেনি, পয়েন্ট ৫৯ হওয়ায় দ্বিতীয় স্থানে ফিরতে পারলেও রিয়ালের সঙ্গে দূরত্ব একটুও ঘোচাতে পারেনি ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধের ২৩ মিনিটেই লুই ফ্যাবিয়ানোর গোলে পিছিয়ে পড়ে ভিলারিয়াল। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ম্যাচে ফিরবে কি, উল্টো ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে পেনাল্টি থেকে ফ্রেডেরিক কানুটে লক্ষ্যভেদ করায় ০-২-এ হারতে হয় তাদের। এ ম্যাচ হারায় ৫৯ পয়েন্টেই রয়ে গেছে ভিলারিয়াল। কিন্তু পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনাকে দ্বিতীয় স্থান ছেড়ে দিতে হয়েছে তাদের। দিনের আরেক ম্যাচে আলমেরিয়াকে ৬-৩ গোলে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ভ্যালেন্সিয়া ০-১ গোলে হেরে গেছে রিয়াল মুরসিয়ার কাছে। একই দিনে অ্যাটলেটিকো বিলবাও ১-০ গোলে হারিয়েছে এসপানিওলকে। এছাড়া দে পোর্তিভো লা করুনা ৩-১ গোলে রেসিং সানতান্দারকে, রিয়াল ভ্যালাদোলিদ ৩-০ গোলে লেভান্তেকে এবং রিয়াল বেটিস একই ব্যবধানে হারিয়েছে রিয়াল জারাগোজাকে। ইতালিয়ান সিরি 'এ'তে এখনো ৪ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা এএস রোমা সর্বশেষ ম্যাচে জেনোয়ার কাছে হেরে গেলে ব্যবধানটা বাড়তে পারতো। সে সম্ভাবনা দেখা দিয়েছিল এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে থাকা রোমা দু গোল খেয়ে যাওয়ায়। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে একটা পেনাল্টি বাঁচিয়ে দিয়েছে তাদের। সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের ৩-২ গোলে জিতিয়ে দিয়েছেন ড্যানিয়েল ডি রসি। আর ইন্টার ভিয়েরা ও বালোতেল্লির লক্ষ্যভেদে ২-০ গোলে হারিয়েছে আটলান্টাকে। ওদিকে জার্মান লিগে ২১তম শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ। রোববার ৪ মিনিটেই গোল খেয়ে বসে তারা। ২৭ মিনিটে মার্ক ফন বোমেল লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বিপদ আরো বেড়ে যায়। কিন্তু ১০ জন নিয়েও শেষ পর্যন্ত ৩-১-এ ম্যাচ জিতে যায় তারা। গোল করেছেন লুসিও, ফ্র্যাঙ্ক রিবেরি আর ক্রিস্টিয়ান লেল। এ জয়ের ফলে ৭ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা শালকের (৪৮) চেয়ে তারা এখন ৯ পয়েন্ট এগিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ১৬২০ ঘ.