মাদ্রিদ/মিলান, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমে এক ম্যাচ ভালো খেলে পরের ম্যাচে হোঁচট খাওয়াই যেন রিয়াল মাদ্রিদের নিয়তি! আগের ম্যাচে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে শিরোপা অক্ষুন্ন রাখার দিকে বড় এক পদক্ষেপ ফেলা রিয়াল পরের ম্যাচেই পয়েন্ট হারিয়েছে। শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল মায়োরকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
ইতালিয়ান সিরি 'এ' তে এএস রোমা সেই ভুল করেনি। জেনোয়ার বিপক্ষে ৩-২ গোলের জয় দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। ১৭ মিনিটের মধ্যে রোমা ২-০ গোলে এগিয়ে গেলেও বিরতির পর মাত্র এক মিনিটের ব্যবধানে দুটো গোলই শোধ করা জেনোয়া ড্র করার স্বপ্ন দেখছিল। কিন্তু ৮০ মিনিটে ড্যানিয়েল ডি রসির পেনাল্টি জয় নিশ্চিত করে রোমার। এই ম্যাচে জয় পাওয়ায় শীর্ষে থাকা ইন্টার মিলানের ব্যবধানটা এক পয়েন্টে নামিয়ে এনেছে তারা। অবশ্য রোববার ইন্টার আটলান্টাকে হারালেই ব্যবধানটা আবার ৪ হয়ে যাবে। জয় পেয়েছে এসি মিলানও। ফিলিপ্পো ইনজাগির দুটো এবং কাকার এক গোলে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে ক্যালিয়ারিকে।
রিয়াল মাদ্রিদের সৌভাগ্য, মায়োরকার মাঠে পরাজয়ের লজ্জায় ডুবতে হয়নি তাদের। প্রথমার্ধে ফাউলের অজুহাতে মায়োরকার একটি গোল বাতিল হওয়ার পর বিরতির ঠিক আগে তাদের একটি পেনাল্টির জোরালো আবেদনও বাতিল করে দেন রেফারি। তার আগেই অবশ্য খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় রিয়াল। ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেনের ক্রস থেকে গোলটা করেন তারই স্বদেশী ওয়েসলি স্নাইডার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে রিয়াল অবশ্য গুছিয়ে খেলার চেষ্টা করছিল। কিন্তু ৬৫ মিনিটে সার্জিও র্যামোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলে বড় এক ধাক্কা খায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তার ৭ মিনিট পর রিয়ালেরই যুব দলের সাবেক খেলোয়াড় বোর্হা ভ্যালেরোর দারুণ এক গোল সমতা নিয়ে আসে ম্যাচে। শেষ দিকে একেবারে ফাঁকায় দাঁড়ানো গুইজার শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে না গেলে জয়ও পেতে পারতো মায়োরকা। ড্র করায় ৩১ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ দাঁড়ালো ৬৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ভিলারিয়াল ও বার্সেলোনার পয়েন্ট যথাক্রমে ৫৯ ও ৫৮। রোববার ভিলারিয়াল খেলবে সেভিয়ার মাঠে। আর নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ গেটাফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.
bdnews24