ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রায় পাঁচ শ অ্যাথলেটের অংশগ্রহণে রোববার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ইয়ংওয়ান ৩৩ তম জাতীয় অ্যাথলেটিকস। সকাল ৯ টায় দুদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার এম এ মালেক।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শামীম জানিয়েছেন, "এখন পর্যন্ত ৪৪০ জন অ্যাথলেটের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তবে অনেকেই টেলিফোনে জানিয়েছে অংশগ্রহণের কথা, আবার অনেকে সরাসরি মাঠে উপস্থিত হয়ে যায়। সে হিসেবে আমরা ধারণা করছি ৬০টি দলের পাঁচশ'র মতো অ্যাথলেট অংশ নেবে এবার।" তবে এই উষ্ণ আবহাওয়া অ্যাথলেটিকস মিটের জন্য কতোটা উপযোগী এ প্রশ্নও উঠেছে। জবাবে সাধারণ সম্পাদক বলেছেন, "শীতকালে ইন্দো-বাংলা গেমস হয়েছে। সেজন্যই এটা পিছিয়ে গেছে। আশা করি তেমন কোনো সমস্যা হবে না।"
যথারীতি হ্যান্ড-টাইমিং দিয়েই হবে ৮ লাখ টাকার জাতীয় অ্যাথলেটিকস। প্রতিযোগিতায় স্পন্সর ইয়ংওয়ানের অবদান ৪ লাখ টাকা। এরপর সামার ও জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস থেকে প্রতিভাবান অ্যাথলেট বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় এসএ গেমসের জন্য। আপাতদৃষ্টিতে এসএ গেমসের জন্য কোনো সম্ভাবনাময় অ্যাথলেট নেই বাংলাদেশে। এসএ গেমসের সোনাজয়ী হার্ডলার মাহফুজুর রহমান মিঠু পালিয়ে যাওয়ার পর একেবারে তারকাশূন্য হয়ে গেছে অ্যাথলেটিকস-অঙ্গন। তারকা অ্যাথলেটদের দেশে সুন্দর জীবন সুনিশ্চিত করার জন্য ফেডারেশন সভাপতি আলী কবিরের আহ্বান, "অ্যাথলেটদের জীবন ও জীবিকা সুনিশ্চিত করার কাজটা ফেডারেশন একা করতে পারবে না। এজন্য বিওএ, জাতীয় ক্রীড়া পরিষদ এবং ফেডারেশন মিলে একটা উপায় খুঁজে বের করতে হবে। তাই বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং অবশ্যই আইন-আকারে কিছু একটা থাকা দরকার। নইলে বারবার ক্ষুদে প্রতিভা নিয়ে প্রশিক্ষণ হবে এবং পরে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তারা পালিয়ে যাবে।"
সেটা করা গেলেই বাংলাদেশের অ্যাথলেটিকসের দৈন্যদশাও অনেকখানি ঘুচে যাবে বলা যায়। অ্যাথলেটিকস স্বপ্ন দেখাতে পারলে আর প্রতিভা অন্বেষনের প্রয়োজন হবে না। তখন জাতীয় অ্যাথলেটিকসও ম্যাড়ম্যাড়েভাব কাটিয়ে অ্যাথলেটদের প্রতিদ্বন্দ্বিতায় মুখর হয়ে উঠবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৪৬ঘ.
bdnews24