ঢাকা, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম কুদ্দুস চৌধুরী বাবুকে হারিয়েছেন ৪৯-২৪ ভোটে।
বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক কুতুব উদ্দিন বিওএ-এর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে ছিলেন ২০০৪ সাল থেকে। গোলাম কুদ্দুস চৌধুরী বাবু মহাসচিব ছিলেন ১৯৯৬ সাল ১৯৯৮ সাল পর্যন্ত। এই দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই নিয়ে তাই তীব্র উত্তেজনা ছিল। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এই ভোটাভুটির মাধ্যমে শেষ হলো সেই উত্তেজনার, যাতে জিতে ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন এখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। আগামী চার বছর তিনি এই দায়িত্বে থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৭০০ঘ.
bdnews24