বেলগ্রেড, ৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অঘটনের শিকার হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি। বুধবার চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তুরস্কের ফেনারবাচে। অন্য ম্যাচে ইংল্যান্ডের দুই পরাশক্তি আর্সেনাল ও লিভারপুল ড্র করেছে ১-১ গোলে।
ইস্তানবুলে সাবেক ব্রাজিলিয়ান 'গ্রেট' জিকোর কোচিংয়ে গড়া ফেনারবাচের বিপক্ষে প্রথমার্ধে এগিয়েই ছিল চেলসি। কিন্তু ১৩ মিনিটে যার আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল 'ব্লুজ', ৮১ মিনিটে সেই ডেভিডের গোলেই জয় পেয়েছে স্বাগতিকরা। মাঝে ৬১ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়েছেন লন্ডনে জন্ম নেওয়া স্ট্রাইকার কলিন কাজিম-রিচার্ডস।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে, ৩ মিনিটের ব্যবধানে। ২৩ মিনিটে ইমানুয়েল আদেবায়োরের গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার তিন মিনিট পরেই লিভারপুলকে সমতায় ফিরিয়েছেন ডার্ক কিউয়েট। প্রতিপক্ষের মাঠে এই গোলই এগিয়ে রেখেছে 'অলরেড'দের। আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে হবে 'গানার্স' অর্থাৎ আর্সেনালকে। একই সময়ে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি স্বাগত জানাবে ফেনারবাচেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/০৯৩৫ ঘ.
bdnews24