২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের পথে ম্যান ইউ ও বার্সেলোনা

স্বপ্নের সেমিফাইনালের অর্ধেক কাজ সমাপ্ত! বাকি অর্ধেকের জন্য বোধহয় খুব বেশি কষ্ট করতে হবে না ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনাকে। দু দলই যে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ঘরে ফিরেছে। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। 'বার্সা'র জয়টাও প্রতিপক্ষের মাঠেই, শালকের বিপক্ষে ১-০ গোলে। আর তাই ইওরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় দুই পরাশক্তির সেমিফাইনাল-লড়াইয়ের মঞ্চ প্রায় প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 04:05 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বেলগ্রেড, ২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বপ্নের সেমিফাইনালের অর্ধেক কাজ সমাপ্ত! বাকি অর্ধেকের জন্য বোধহয় খুব বেশি কষ্ট করতে হবে না ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনাকে। দু দলই যে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ঘরে ফিরেছে। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। 'বার্সা'র জয়টাও প্রতিপক্ষের মাঠেই, শালকের বিপক্ষে ১-০ গোলে। আর তাই ইওরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় দুই পরাশক্তির সেমিফাইনাল-লড়াইয়ের মঞ্চ প্রায় প্রস্তুত। ঐতিহ্য কিংবা সাফল্যের বিচারে অনেক এগিয়ে থাকলেও রোমার সঙ্গে ইদানিং ম্যান ইউ'র লড়াই জন্ম দিচ্ছে অন্য ধরনের এক আমেজের। এবারের চ্যাম্পিয়ন্স লিগে একই গ্র"পে ছিল দু দল। ম্যানচেস্টারে স্বাগতিকরা ১-০ গোলে জিতলেও রোমের ম্যাচটা ড্র হয়েছিল ১-১ গোলে। গত বারও কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দু দলের। প্রথম লেগে রোমা ঘরের মাঠে জিতেছিল ২-১ গোলে। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে পরের লেগেই নির্মম প্রতিশোধ নিয়েছিল ম্যান ইউ। নির্মমই, কারণ 'রেড ডেভিল'রা সেই ম্যাচে রোমাকে উড়িয়ে দিয়েছিল ৭-১ গোলে! এবারের জয়টাও এক হিসাবে অ্যালেক্স ফার্গুসনের দলের জন্য প্রতিশোধের উপলক্ষ বয়ে এনেছে। গত বার রোমের 'স্টাডিও অলিম্পিকো' থেকে পরাজয়ের বেদনা নিয়ে ফিরলেও এবার একই মাঠে তারা বিজয়ী। ম্যানচেস্টারের গোল দুটো তাদের সবচেয়ে বড় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ওয়েইন রুনির। এ মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো ৩৯ মিনিটে এগিয়ে দেন দলকে। পল স্কলসের ডান দিক থেকে নেয়া ক্রসে হেড করা গোলটি দেখে স্বয়ং ফার্গুসনও বিস্মিত, "এটা তো সেন্টার ফরোয়ার্ডের গোল। এটা আমাকে আমার খেলোয়াড়ি জীবনের কথাই মনে করিয়ে দিয়েছে।" এ মৌসুমে এটা রোনালদোর ৩৬তম এবং চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম গোল। আপাতত এই পর্তুগিজ ফরোয়ার্ডই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ম্যান ইউ'র দ্বিতীয় গোলটি অবশ্য কিছুটা ভাগ্যপ্রসূত। ৬৬ মিনিটে বাঁ দিক থেকে আসা একটা ক্রস রোমার গোলকিপার ও ডিফেন্ডারদের হতভম্ব করে দিলে সুযোগ সন্ধানী রুনি বল জড়িয়ে দেন জালে। দ্বিতীয়ার্ধে রোনালদো ও মাইকেল ক্যারিকের দুটো প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে আরো বড় ব্যবধানে জিততে পারতো 'রেড ডেভিল'রা। তারপরও ফার্গুসন এই জয়ে দারুণ খুশি, "আমাদের জন্য এটা দুর্দান্ত এক ফল। দ্বিতীয়ার্ধে ভাগ্য কিছুটা সাহায্য করেছে আমাদের। প্রথম ১৫ মিনিটে রোমা কয়েকটা ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ফুটবল ম্যাচে এ ধরনের পরিস্থিতি আপনাকে এগিয়ে দেবেই।" রোনালদোও তাদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত, "আমাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। প্রত্যেকেই জানতো যে এটা একটা কঠিন ম্যাচ। রোমা খুব ভালো খেললেও আমরা বেশি সুযোগ সৃষ্টি করেছি। আমি মনে করি এই জয় আমাদেরই প্রাপ্য।" ফ্র্যাঙ্ক রাইকার্ডও দারুণ উৎফুল্ল। তবে সেটা যতটা না বার্সেলোনার পারফরম্যান্সে তার চেয়েও অনেক বেশি বোজান কিরকিচের জন্য। ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডই 'বার্সা'র জয়ের নায়ক! ১২ মিনিটে বাঁ দিক থেকে গড়ে ওঠা একটি আক্রমণ থেকে থিয়েরি অঁরির শট শালকে গোলকিপার ফেরালেও ফাঁকা পোস্টে বল ঠেলে দলকে এগিয়ে দেন কিরকিচ। ১-০ গোলের অগ্রগামিতা ধরে রেখেই শালকের মাঠে ম্যাচশেষে জয়োৎসবে মেতেছে টুর্নামেন্টের ২০০৬ সালের চ্যাম্পিয়নরা। এই গোলের সুবাদে ১৭ বছর ৭ মাস বয়সী কিরকিচ এখন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কনিষ্ঠতম গোলদাতা। কনিষ্ঠতম গোলদাতার রেকর্ডের অধিকারী পিটার ওফোরি-কুয়াইয়ে। ১৯৯৭এর ১ অক্টোবর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে ১৭ বছর ১৯৫ দিন বয়সে গোল করে রেকর্ডটা গড়েছিলেন তিনি। একে তো গত শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রিয়াল বেটিসের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও ২-৩ গোলের পরাজয়। তার ওপরে এই ম্যাচে ছিলেন না দলের তিন তারকা রোনালদিনিয়ো, লিওনেল মেসি ও ডেকো। এমন কঠিন সময়ে কিরকিচের জয়সূচক গোলটা এক ঝলক সুবাতাস বয়ে এনেছে বার্সেলোনা শিবিরে। ম্যাচশেষে তাই তাদের কোচ রাইকার্ডের কণ্ঠে সবার আগে প্রতিধ্বনিত হয়েছে কিরকিচ-বন্দনা, "বোজানকে (কিরকিচকে) নিয়ে আমি উচ্ছ্বসিত। কারণ মাঠে সব কিছুই সে ঠিকভাবে করেছে। তার প্রত্যেকটা সিদ্ধান্তই ছিল সঠিক। আপনারা তার বয়সের দিকে তাকালেই বুঝতে পারবেন যে সে তার দলের জন্য গ্রেট খেলোয়াড়দের মতোই পারফর্ম করছে। বিশেষ শুভেচ্ছাই তার প্রাপ্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪০৪ঘ.