ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মাত্র একটি পদে বিওএ নির্বাচন সীমিত হয়ে গেলেও পিছু নিয়েছে অনেক বিতর্ক। নানা প্রলোভন ও অনৈতিক লেনদেনের মাধ্যমে ভোটারদের কাছে টানার গুঞ্জন শোনা যাচ্ছে ক্রীড়াঙ্গনে।
যে পদে নির্বাচন নিয়ে এত বিতর্ক সেটি হচ্ছে বাংলাদেশ আলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব। বাকি ৩৫ টা পদের ভাগ্য নির্বাচন পর্যন্ত গড়ায়নি, তার আগেই বিওএ'র হর্তাকর্তারা নিজেদের মতো করে পদ ভরাট করে ফেলেছেন। সম্ভব হয়নি শুধু মহাসচিব পদে, সাবেক বিওএ মহাসচিব গোলাম কুদ্দুস চৌধুরী বাবু অনমনীয় মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কুতুব উদ্দিন আহমেদ। বাবুকে সমঝোতা প্রস্তাব দিয়েও সাড়া পাননি কুতুব।
একটি পদের ভোটাভুটি যখন অনিবার্য তখনই নানা অনৈতিক লেনদেনের গুঞ্জন। এবং আবারো জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের দিকে অঙ্গুলি-নির্দেশ! এই ফোরামের নতুন নেতা কাজী মহিউদ্দিন বুলবুলের বিওএ'র উপ মহাসচিব পদ নিশ্চিত হয়ে গেলেও তিনি বিশেষ একজনকে মহাসচিব বানাতে অনৈতিক লেনদেনের আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ। কিন্তু মহিউদ্দিন বুলবুল এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, "এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করা হচ্ছে।" তারপর দুজনের প্রতিদ্বন্দ্বীতার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "প্রতিদ্বন্দ্বীতা উনিশ-বিশ হলে হয়তো টাকা-পয়সা লেনদের একটা ব্যাপার থাকতো। কিন্তু পার্থক্য যেখানে হচ্ছে ৩৪ আর ১ সেখানে এসব প্রচারণা একেবারে অর্থহীন। কারণ বাবু ভাইয়ের সম্ভাবনা নেই বললেই চলে।"
তবে সংশ্লিষ্টদের হিসাব হচ্ছে, ভীষণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বাবু-কুতুবের লড়াই। সাধারণ হিসাব অনুযায়ী ৭৭ জন কাউন্সিলরদের মধ্যে নির্বাচিত (বিনা ভোটে) ৩৫ জন কুতুবের পক্ষে, কিন্তু পদ না পাওয়া ৪২ জন ভোটারের অনেকেই বাবুর দিকে ঝুঁকতে পারেন বলে লড়াইটা জমজমাট হবে বলেই সাধারণ ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩০ঘ.
bdnews24