ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- তারকা বাদ দিয়ে কর্মী ফুটবলারদের দিকেই ঝুঁকেছেন আবু ইউসুফ। এএফসি চ্যালেঞ্জ কাপ (৫-১০ মে) ও সাফ চ্যাম্পিয়নশিপের (৩-১৪ জুন) জন্য এরকম ২৮ জনকে ক্যাম্পে ডেকেছেন বাংলাদেশের এই নতুন কোচ। তাদের নিয়ে এ মাসে কক্সবাজারে শুরু হবে প্রশিক্ষণ ক্যাম্প।
বাংলাদেশের ফুটবলার বাছাই এমন কিছু কঠিন কাজ নয়। এখানে খেলোয়াড় সংখ্যা সীমিত, যারা আছেন তাদের মানের হেরফেরও ঊনিশ-বিশ। তাই একে বাদ দিয়ে ওকে নিলে বিশেষ কোনো ক্ষতি-বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সেজন্যই কোচ কর্মী ফুটবলার খুঁজেছেন, পরিশ্রম করতে পারার সামর্থ্যই হয়েছে তার প্রাথমিক শর্ত। বাংলাদেশের নতুন কোচ আবু ইউসুফ বলেছেন, "আমার দলের মূল পুঁজিটা হবে পরিশ্রম। যারা দৌড়-ঝাঁপ করে পুরো ৯০ মিনিট খেলতে পারবে মনে হয়েছে তাদেরই আমি দলে নিয়েছি।"
এই তত্ত্বের শিকার হয়েছেন ১১ জন। গত সেপ্টেম্বরে তাজিকিস্তানের সঙ্গে বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের জন্য ৩৩ জনের প্রাথমিক দলের মধ্যে ১১ জনের জায়গা হয়নি ২৮ জনের এই দলে। তারা হলেন সাইফুর রহমান মনি, মতিউর মুন্না, ফিরোজ মাহমুদ টিটু, নজরুল ইসলাম (সেবার ডাক পেয়ে খেলেননি), আরাফাত আল রনি, অমিত খান শুভ্র, এস এম রাজীব, নাসিরুল ইসলাম, রনি ইসলাম এবং দুই গোলরক্ষক হিমেল ও শাকিল। প্রথম চারজনের তারকা-খ্যাতি থাকলেও পরিশ্রম-তত্ত্বে বাতিল হয়ে গেছেন। একেবারে নতুন ডাক পেয়েছেন প্রথমবিভাগের দুই ফুটবলার মোবারক হোসেন (ওয়ারী) ও বাতেন মজুমদার (ফকিরেরপুল)। স্বপক্ষে কোচের যুক্তি, "আমি দেখেছি মোবারকের ফাইনাল পাসটা ভাল হয়। আর বাতেনের স্কিল আছে।"
আর বিভিন্ন টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে আবার দলে ফেরার সুযোগ পেয়েছেন ৪ জন--- আমিনুল হক, কল্লোল কুমার জুকু, ফয়সাল মাহমুদ ও কবির হোসেন। এদের মধ্যে দেশের এক নম্বর গোলরক্ষক আমিনুলের ফেরাটাই বড় সুখবর। ইনজুরির কারণে অনেকদিন মাঠের বাইরে কাটানো প্রথম পেশাদার লিগ মিস করা এই গোলরক্ষক মোহামেডানের হয়ে দুটো টুর্নামেন্টে ভালই খেলেছেন যার পুরস্কার হচ্ছে প্রাথমিক দলে জায়গা পাওয়া।
বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিলেও এই দলকে ভাল মনে করছেন আবু ইউসুফ। "আমি চাই সবাই সমান তালে ৯০ মিনিট লড়াই করুক মাঠে। বল হারালেও তাদের খেলার মধ্যে থাকতে হবে, এটাই হচ্ছে আমার স্টাইল"--- বলেছেন কোচ। তার জন্য দরকার ফিটনেস, সেটা মেরামত করতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিটনেস ক্যাম্প করতে চাইছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালির মধ্যে, তারপর ঢাকায় হবে বল-প্র্যাকটিস। তার আগে খেলোয়াড়দের আগামী ২৭ মার্চ বাফুফেতে উপস্থিত হয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
ডাক পাওয়া ৩৩ জন : আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য, জিয়াউর রহমান, হাসান আল মামুন, ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, রজনী কান্ত বর্মন, অরূপ বৈদ্য, আতিকুর রহমান মিশু, মাহমুদুল হাসান, মোফাজ্জল হোসেন সৈকত, জহিরুল ইসলাম, আরমান আজিজ, এনামুল হক শরীফ, মারুফ আহমেদ, জুমরাতুল হোসেন মিঠু, ফয়সাল মাহমুদ, জাহিদ হোসেন, জাহিদ পারভেজ চৌধুরী, কবির হোসেন, মোবারক হোসেন ভূইঁয়া, কল্লোল ঘোষ জুকু, মামুনুল ইসলাম মামুন, মেহেদী হাসান উজ্জ্বল, আবুল হোসেন, রবিন, জাহিদ হাসান এমিলি, আব্দুল বাতেন মজুমদার কমল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪৫ঘ.
bdnews24