২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ নির্বাচনে আসল লড়াই মহাসচিব পদে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে মহাসচিব পদটি। এই পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি এমন ডালাপালা মেলেছে যে বিওএ নির্বাহী কমিটির বাকি ৩৬ পদের খবর হয়ে পড়েছে রসকষহীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে মহাসচিব পদটি। এই পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি এমন ডালাপালা মেলেছে যে বিওএ নির্বাহী কমিটির বাকি ৩৬ পদের খবর হয়ে পড়েছে রসকষহীন। আসলে উত্তেজনাটা ছড়িয়ে দিয়েছেন গোলাম কুদ্দুস চৌধুরী বাবু মাহসচিব পদে নির্বাচনের ঘোষণা দিয়ে। যা ভারপ্রাপ্ত মহাসচিব কুতুবউদ্দিনের স্বপ্নে বড় এক ধাক্কা দিয়েছে। তাই রোববার মনোনয়নপত্র বিলি হওয়ার আগেই এক অর্থে শুরু হয়ে গেছে বাবু-কুতুবের লড়াই ! তবে এই লড়াই আগামী ৩ এপ্রিলের ভোট পর্যন্ত গড়ায় কিনা সেটাও একটা প্রশ্ন। নাকি তার আগেই অদৃশ্য চাপ একজনকে সরিয়ে দেবে নির্বাচনী লড়াই থেকে ? সেই জাফর ইমামের মৃত্যুর পর থেকেই মহাসচিবহীন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ভারপ্রাপ্ত হয়ে কাজ চালাচ্ছেন কুতুবউদ্দিন আহমেদ। নির্বাচন হলে আর "ভারপ্রাপ্ত" লিখতে হবে না, পুরোপুরি মহাসচিব পদে বসবেন --- এটাই ছিল বিওএ-এর অভ্যন্তরীন গুঞ্জন। কিন্তু তাতে বাঁধা হয়ে দাঁড়িয়ে গেছেন সাবেক বিওএ মহাসচিব গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আবারো জোর গলায় বলেছেন, "আমি মহাসচিব পদে নির্বাচন করবোই। এবং একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করি।" এর আগেও একবার তিনি মহাসচিব পদে ছিলেন --- ১৯৯৬ সালের জুলাই থেকে '৯৮-এর ডিসেম্বর পর্যন্ত। ওই মেয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, " ওই সময়ে আমরা বিওএ-এর সব কাজের মধ্যে স্বচ্ছতা রাখার চেষ্টা করতাম। শুধু আর্থিক ব্যাপারে নয়, বিওএ-এর কর্মকান্ড নিয়েও সবার জানার অধিকার আছে।" বর্তমানে কী সেই স্বচ্ছতা নেই ? এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বাবু নিজের পরিকল্পনার কথা বলেছেন এভাবে, "বিওএ-এর কাজ করার সুযোগ আছে অনেক। বিওএ প্রেসিডেন্ট উপজেলা পর্যায় থেকে ক্রীড়াচর্চা শুরু করার যে ঘোষণা দিয়েছেন সেটা মেনে কাজ করাই আমার লক্ষ্য।" এটাও ঠিক নির্বাচনী বৈতরনী পার হওয়া বাবুর জন্য বেশ কঠিন। প্রথমতঃ কুতুব উদ্দিন চৌধুরী বর্তমান কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব, দ্বিতীয়তঃ বিওএ সভাপতি সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ মনোনীত কাউন্সিলর তিনি। তারপরও গোলাম কুদ্দুস চৌধুরী আশাবাদী, "আমি ভলিবল ফেডারেশন থেকে কাউন্সিলর হয়ে এসেছি। এরকম আরো ১৯টা ফেডারেশনের কাউন্সিলর আছে বিওএতে, সুবাদে আমাদের একই ধারার লোক বলতে পারেন। কিন্তু কুতুব সাহেবের সেই সুবিধাটা নেই। ওনার প্রতি সম্মান রেখেই বলছি নির্বাচনে জেতার ব্যাপারে আমি আশাবাদী।" আসলে ৭৮ জন কাউন্সিলরের মধ্যে ৪৩ জনই জাতীয় ফেডারেশনের, এটাকেই নিজের সুবিধা মনে করছেন ভলিবল ফেডারেশনের সভাপতি। কিন্তু লড়াইটা যদি নির্বাচন পর্যন্ত না গড়ায় ? ইতিউতি শোনা যাচ্ছে নানামুখী চাপের কথা, তাতে যদি সরে দাঁড়াতে হয় ? ভলিবল ফেডারেশনের সভাপতি অবশ্য স্বীকার করেছেন, " আমিও লোকজনের মুখে চাপের কথা শুনছি। তবে সত্য হচ্ছে, নির্বাচন না করার জন্য আমার ওপর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ নাই। আমি আশা করবো শেষপর্যন্ত কোনো চাপ থাকবে না। তাছাড়া বিওএ সভাপতি তো একটা সুন্দর নির্বাচনের প্রতিশ্র"তি দিয়ে রেখেছেন।" তার প্রতিদ্বন্দ্বী কুতুবউদ্দিন আহমেদ অবশ্য এখনই সবকিছু খোলাসা করে বলতে চান না। বিওএ-র ভারপ্রাপ্ত মহাসচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুধু বলেছেন, "অবস্থা দেখে মনে হচ্ছে শুধু মহাসচিব পদেই নির্বাচন হবে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটির পদের বিন্যাস দেখলে অন্যান্য পদে নির্বাচনের সম্ভাবনা কম। তাই একটি পদে নির্বাচন হলে বিষয়টা মোটেও ভাল দেখাবে না।" তাহলে বিকল্প পথ কী ? "দেখি বাবু ভাইয়ের সঙ্গে আলাপ করে। একটা সমঝোতা নিশ্চয় হয়ে যাবে। তাছাড়া আমাকে নির্বাচন করতেই হবে, এমন নয়"--- বলেছেন কুতুবউদ্দিন আহমেদ। তাহলে চাপটা সমঝোতারও হতে পারে। আসলে কী হবে আগামী কয়েকদিনেই তা পরিষ্কার হয়ে যাবে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৮৪৪ঘ.