ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বি. লিগের দলবদল স্থগিত হয়ে যাওয়া ফুটবলারদের রুটি-রুজির উপরই একরকম আঘাত। তাই তারা বাধ্য হয়েছে ধর্মঘটের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। বাফুফের অধীনে সব ধরনের টুর্নামেন্ট, এমনকি জাতীয় দলের হয়ে খেলাও বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলাররা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মাঠে খেলোয়াড়রা সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে। সিনিয়র-জুনিয়র মিলিয়ে প্রায় ৪০ জনের মতো উপস্থিত হয়েছিলেন, তাদের সম্মিলিত সিদ্ধন্তই ঘোষণা হয়ে বেজেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়ের কন্ঠে, "আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি নতুন ফুটবল মৌসুম ও নতুন চুক্তি না হওয়া পর্যন্ত ফুটবলাররা বাফুফের অধীনে সব ধরনের খেলা থেকে বিরত থাকবে। জাতীয় দলের হয়েও খেলবে না তারা।"
বাফুফের ঘোষণা অনুযায়ী গত ১৫ মার্চ থেকে শুরু হয়েছিল বি. লিগের মাসব্যাপী দলবদল। বি. লিগের আটটি ক্লাব গত ১২ মার্চ দলবদলে তাদের অনাগ্রহের কথা জানায়। বাফুফে সভাপতি বরাবরে লিখিত চিঠিতে তারা স্পষ্টভাবে জানিয়েছিল ২৮ এপ্রিল বাফুফে নির্বাচনের আগে দলবদলে যাবে না ক্লাবগুলো। তারপর বাফুফে অনুরোধের চিঠি পাঠিয়েও কোনো সাড়া পায়নি। যে কারণে দলবদলের ওই সূচী আকর্যকর হয়ে পড়েছিল। সর্বশেষ ঘটনা হচ্ছে, বাফুফে গত সোমবার দলবদল স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং ২৮ এপ্রিল বাফুফে নির্বাচনের পরে দলবদল অনুষ্ঠানের আশ্বাস দেয়। এতে ভীষন হতাশ হয়ে পড়ে খেলোয়াড়রা। তারা পাল্টা জবাব দিয়েছে ওই ধর্মঘটের ডাক দিয়ে।
তাদের এই কঠিন অবস্থান দেখে বাফুফে হয়তো তড়িঘড়ি করে দলবদলের নতুন সূচী ঘোষণা করতে পারে। এই বিষয়টাও খেলোয়াড়দের মাথায় আছে, তাই জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা বলেছেন, "দলবদলের ঘোষণা দিয়ে আর মন ভোলানো যাবে না। এ সংক্রান্ত কার্যক্রম এবং ক্লাবগুলোর ইতিবাচক পদক্ষেপ না দেখা পর্যন্ত আমরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরবো না।"
খেলোয়াড়দের ধর্মঘটে এখন হুমকির মুখে এএফসি চ্যালেঞ্জ কাপ ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের প্রস্তুতি। এ সপ্তাহের মধ্যে বাফুফে অনুশীলন শিবির শুরুর পরিকল্পনা করেছিল। তার আগেই ফুটবলাররা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জাতীয় দল বর্জনের সিদ্ধান্তের কথা। বাফুফে সভাপতি এস এ সুলতান জানিয়েছেন, "আমরা বসবো খেলোয়াড়দের সঙ্গে। আমার বিশ্বাস তারা দেশের সম্মানের কথা বিবেচনা করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২০
bdnews24