মিলান, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যেতে হলে জিততেই হতো তাদের। অথচ নিজেদের মাঠে লিভারপুলের কাছে উল্টো ১- ০ গোলে হেরে বসেছে ইন্টার মিলান। যার অর্থ, ইতালির আরেক জায়ান্টের বিদায় আর ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে লিভারপুল।
প্রথম লেগে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছিল ইন্টার। তাই এ ম্যাচ তাদের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। কিন্তু প্রথম লেগের মতো এবারও বড় একটা সময় দশজন নিয়ে খেলতে হয় তাদের। প্রথম ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মার্কো মাতেরাজ্জিকে। আর এবার ডিফেন্ডার নিকোলাস বুর্দিসোকে। ৫০ মিনিটে বুর্দিসোকে হারানোর ১৩ মিনিট পর সুযোগটাকে কাজে লাগিয়ে এগিয়ে যায় লিভারপুল। ফ্যাবিও অরেলিওর পাস থেকে গোলটি করেন ফার্নান্দো টরেস।
লিভারপুল শেষ আটে যাওয়ায় এবারের চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবগুলোর দাপট আর ইতালীয়দের দুরবস্থা আরো স্পষ্ট হলো। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল আর চেলসির পর লিভারপুলও যোগ হওয়ায় এই নিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের ক্লাব হয়ে গেল চারটি। অথচ এখনো পর্যন্ত ইতালির প্রতিনিধি হয়ে টিকে আছে শুধু এএস রোমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৩৪৪ ঘ.
bdnews24