ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়ে এ বিষয়ে ফুটবল সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই তারকা।
সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চান- এই গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। ফুটবল সংশ্লিষ্ট অনেকে মনেও করেন দেশের ফুটবলের এই মৃতপ্রায় অবস্থায় ত্রাতা হতে পারেন তিনিই। শেষপর্যন্ত সালাউদ্দিন জানিয়ে দিলেন, তিনিও তাই মনে করেন। ''আমি আশা করি ফুটবল শাসকদের রোড ম্যাপ অনুযায়ী সঠিক সময়ে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সুযোগের সদ্ব্যবহার করে আমি নির্বাচনের মাধ্যমে বাফুফে সভাপতির দায়িত্ব গ্রহন করে আমার এবং এ দেশের ফুটবল প্রেমিক মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব''-- সংবাদ বিজ্ঞপ্তিতে এভাবেই নিজের স্বপ্নের কথা বলেছেন তিনি।
ফিফা এবং এএফসির গাইড লাইন অনুযায়ী এপ্রিলের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১২০ঘ.
bdnews24