মাদ্রিদ/মিলান/লন্ডন, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের স্প্যানিশ লিগে কি বার্সেলোনার শিরোপা জয়ের সম্ভাবনা শেষ? প্রশ্নটা ওঠার কারণ 'প্রিমেরা লিগা'য় 'বার্সা'র টানা দ্বিতীয় পরাজয়। আগের রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-৪ গোলের পরাজয় নিয়ে ফেরা বার্সেলোনা এবার হেরেছে নিজের মাঠেই। রোববার ভিলারিয়ালের কাছে ১-২ গোলে হেরে যাওয়ায় ফ্র্যাঙ্ক রাইকার্ডের দলের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন এখন অনেকখানি ধূসর। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা যে আবার ৮ পয়েন্ট পেছনে!
বার্সেলোনা হেরে গেলেও দারুণ ফর্মে থাকা রোমা কোনো ভুল করেনি। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেয়া রোমা ২-০ গোলে হারিয়েছে নাপোলিকে। সেই সুবাদে ইতালিয়ান সিরি 'এ'র ২৭ রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা। শনিবার রেজ্জিনাকে একই ব্যবধানে হারানো ইন্টারের ২৭ ম্যাচ থেকে সংগ্রহ ৬৪ পয়েন্ট। সমান ম্যাচে গত বারের রানার্স আপ রোমার পয়েন্ট ৫৮। রোববার জেনোয়ার বিপক্ষে ২-০ গোলেই বিজয়ী জুভেন্টাস ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আরেক 'জায়ান্ট' এসি মিলানকে বিদায় করা আর্সেনাল অবশ্য জিততে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে 'গানার'রা উইগান অ্যাথলেটিকের সঙ্গে গোলশূন্য ড্র করায় সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। টানা দ্বিতীয় ড্র করা (আগের ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১) আর্সেনাল ৬৬ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষে আছে বটে, তবে তারা ম্যাচ খেলেছে ২৯টি। একটি ম্যাচ কম খেলা ম্যানইউ'র পয়েন্ট ৬৪। ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। তবে তারা আর্সেনালের চেয়ে দুটো ম্যাচ কম খেলেছে। শনিবার পোর্টসমাউথ ও বার্নসলির কাছে হেরে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া ম্যানইউ ও চেলসি শিবিরে আর্সেনালের আবারো হোঁচট উৎসবের উপলক্ষ্য বয়ে এনেছে নিঃসন্দেহে!
কিন্তু বার্সেলোনায় এখন আর উৎসবের আবহ নেই। সেখানে শুধুই শোকের ছায়া। একে তো ইনজুরিতে পড়া লিওনেল মেসিকে ৬ সপ্তাহের জন্য হারানোর শোক। তার ওপরে টানা দ্বিতীয় পরাজয়। রোববার ন্যু ক্যাম্পে এই মেসির অনুপস্থিতি ভালোমতোই অনুভূত হয়েছে স্বাগতিকদের। শুরু থেকে বলের দখল ধরে রাখলেও বার্সেলোনার আক্রমণগুলোতে ছিল না কোনো ঝাঁঝ। সেই সুযোগে ৩১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল পেয়ে যায় ভিলারিয়াল। বিপজ্জনকভাবে বক্সের মধ্যে ঢুকে পড়া ফ্রাঙ্কোকে ফাউল করলে বেজে ওঠে রেফারির বাঁশি। পেনাল্টি থেকে ভিলারিয়ালকে এগিয়ে দেন মার্কোস সেনা।
৬৭ মিনিটে ইনিয়েস্তার পাস থেকে জাভি দলকে সমতায় ফেরালেও হার এড়াতে পারেনি বার্সেলোনা। ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে টমাসনের লক্ষ্যভেদ আরেকটি হার নিশ্চিত করে দেয় তাদের। যে পরাজয়ে 'বার্সা'র চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখন অনেকখানি নিশ্চিন্ত। আগের দিন পিছিয়ে পড়েও এসপানিওলকে ২-১ গোলে হারানো বর্তমান চ্যাম্পিয়নদের ২৭ ম্যাচ থেকে অর্জন ৬২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৫৪ ও ৫০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ও ভিলারিয়ালের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। স্প্যানিশ লিগের বাকি আর আর ১১ রাউন্ড।
টানা দ্বিতীয় পরাজয়ে রিয়ালের চেয়ে আবারো ৮ পয়েন্টে পিছিয়ে পড়লেও রাইকার্ড কিন্তু হাল ছেড়ে দিতে রাজি নন। বার্সেলোনা কোচের বিশ্বাস, তাদের শিরোপা জয়ের আশা এখনো শেষ হয়ে যায়নি, "এটা মাত্র মার্চ মাস। আর মার্চেই সব কিছু চূড়ান্ত হয়ে যায় না। বাকি ম্যাচগুলোতে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮২৫ঘ.
bdnews24