২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে দৌড়াবেন না জেব্রেসেলাসি, কারণ বায়ু দূষণ!

বায়ু দূষণ বেইজিংয়ের অনেক পুরনো সমস্যা। আর এই সমস্যার জন্যই বেইজিং অলিম্পিকের ম্যারাথন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হেইলে জেব্রেসেলাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

আদ্দিস আবাবা, ইথিওপিয়া, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/রয়টার্স)- বায়ু দূষণ বেইজিংয়ের অনেক পুরনো সমস্যা। আর এই সমস্যার জন্যই বেইজিং অলিম্পিকের ম্যারাথন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হেইলে জেব্রেসেলাসি। ম্যারাথনের বিশ্ব রেকর্ডের মালিক হলেও জেব্রেসেলাসি একজন হাঁপানির রুগি। বেইজিংয়ের বাতাস দূষিত বলে আগামী আগস্টে অনুষ্ঠেয় অলিম্পিকের ম্যারাথনে অংশ নেয়ার ঝুঁকি নিতে চাইছেন না তিনি। অলিম্পিক অ্যাথলেটিক্সের অন্যতম আকষর্ণীয় ইভেন্টে নিজেকে না রাখার পেছনে এটাকেই কারণ হিসাবে দেখিয়েছেন ইথিওপিয়ার এই 'চ্যাম্পিয়ন' দৌড়বিদ, "চীনের দূষণ আমার স্বাস্থ্যের জন্য একটা হুমকি। (শরীরের) বর্তমান অবস্থায় ৪২ কিলোমিটার দৌড়ানো আমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে।" তবে তাই বলে জেব্রেসেলাসির পায়ের জাদু দেখা থেকে একেবারে বঞ্চিত হবে না বেইজিংয়ের নাগরিকরা। ১০ হাজার মিটারে দেখাও যেতে পারে তাকে। নিজেই জানিয়েছেন সেই সম্ভাবনার কথা, "তবে আমি বেইজিংয়ে সবগুলো অলিম্পিক ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি না। আমি ১০ হাজার মিটারে অংশ নেয়ার পরিকল্পনা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫০ঘ.