বেলগ্রেড, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স) - আগের দিন বিদায় নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। সেই পথেই হেঁটে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে টুর্নামেন্টের রেকর্ড নয়বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদও।
রিয়ালেরই মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে তাদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে এএস রোমা। অঘটনের এই দিনে বিদায় নিতে হয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন এফসি পোর্তোকেও। তাদের টাইব্রেকারে হারিয়ে জার্মানির শালকে জিরো ফোর আর গ্রিসের অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চেলসি শেষ আটে সঙ্গী হয়েছে রোমার।
প্রথম রাউন্ডে রোমের মাঠে ২-১ গোলে হারলেও আশা ছিল রিয়ালের, কারণ দ্বিতীয় লেগের খেলা তাদের নিজেদের মাঠে। কিন্তু মাদ্রিদেও হয়েছে সেই একই ফল। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য আরো দুঃসংবাদ হয়ে এসেছে সেন্ট্রাল ডিফেন্ডার পেপের লালকার্ড দেখা। ১০ জনের রিয়ালও অবশ্য সমান তালেই লড়ছিল, ৭৩ মিনিটে ট্যাডেই'র গোলে পিছিয়ে পড়ার দু মিনিটের মধ্যেই রাউল সমতায়ও ফিরিয়েছিলেন দলকে। কিন্তু রুড ফন নিস্টলরয়ের অনুপস্থিতিতে দুর্বল হয়ে পড়া তাদের আক্রমণভাগ আর গোলের দেখা পায়নি। বরং ইনজুরি সময়ে মিরকো ভুসিনিচের গোলে হারের লজ্জাতেই পড়তে হয়েছে তাদের। দুই লেগ মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইতালিয়ান সিরি 'এ'র রানার্স আপ রোমা।
২০০৪ সালের শিরোপাজয়ী পোর্তোকেও মাঠ ছাড়তে হয়েছে ১০ জন নিয়ে। ৮২ মিনিটে লালকার্ড পেয়েছেন তাদের লেফট ব্যাক ফিউসাইল। কিন্তু এর ৪ মিনিট পর লিসান্দ্রোর দেওয়া গোলে ম্যাচটা জিতেছে তারাই। প্রথম লেগের ফলও একই হওয়ায় এরপর খেলা গড়িয়েছে টাইব্রেকারে, আর ম্যাচের নায়ক থেকে ভিলেনে পরিণত হয়ে সেখানে দলের শেষ পেনাল্টি শটটি নিতে গিয়ে লিসান্দ্রো করেছেন মিস। তার শটটি এবং এর আগে ব্র"নো আলভেসের শটও ঠেকিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠা শালকেকে আরো একধাপ এগিয়ে শেষ আটে পৌঁছে দিয়েছেন গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার। অখ্যাত এই জার্মান ক্লাব টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে।
লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে দিনের অন্য ম্যাচটায় এ রকম কোনো উত্তেজনা ছিল না। পঞ্চম মিনিটেই মাইকেল বালাকের গোলে এগিয়ে যাওয়া চেলসির পক্ষে এক তরফা এই ম্যাচে পরে আরো দুটো গোল করেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আর সলোমন কালু। গ্রিক চ্যাম্পিয়নরা পাত্তাই পায়নি স্বাগতিকদের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১০১৫ ঘ.
bdnews24