২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নেয়ার পর কোচ ইউসুফের অঙ্গীকার

সিনিয়র-জুনিয়র কোনো বিবেচনা হবে না, মাঠে যে ভালো খেলবে তাকেই নেয়া হবে দলে। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিয়ে এরকম অঙ্গীকার করেছেন এই বাংলাদেশী কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সিনিয়র-জুনিয়র কোনো বিবেচনা হবে না, মাঠে যে ভালো খেলবে তাকেই নেয়া হবে দলে। প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিয়ে এরকম অঙ্গীকার করেছেন এই বাংলাদেশী কোচ। নকিয়া জাতীয় দলের স্পন্সর হওয়ায় এখন থেকে মিডিয়ার সামনে আর চিরাচরিত কাপড়-চোপড় পরে আসা যাবে না। তাই বুধবার নুতন কোচ সংবাদ সম্মেলনে এসেছেন নতুন সাজে। শার্টের বুকে-মাথায় নকিয়া ব্র্যান্ড ধারন করে আসা ইউসুফ বলেছেন, "বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ভাল দল গড়তে এবং ভাল কিছু উপহার দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।" কিন্তু তাকে ঘিরে বাজারে আছে অন্যরকম এক বিতর্ক। সিনিয়রদের উপেক্ষা এবং জুনিয়দের প্রতি পক্ষপাত! যা গত বি. লিগে মুক্তিযোদ্ধায় বড় রকমের ঝামেলা তৈরি করেছিল এবং এজন্য মুক্তিযোদ্ধার শেষ দু'ম্যাচে ইউসুফ ছিলেন স্রেফ দর্শকের ভূমিকায় ! তার অন্তর্ভূক্তিতে জাতীয় দলে না আবার সংক্রমিত হয় ওই সমস্যা। নতুন কোচ বলেছেন, "দল গড়ায় পছন্দ-অপছন্দের ব্যাপার নেই। সিনিয়র-জুনিয়র বিভাজনও আমি করিনা। মাঠে পারফরম্যান্সের ভিত্তিতেই দল নির্বাচন করা হবে।" এর পরপর তিনি সিনিয়র ফুটবলারদের প্রতি একটা পরোক্ষ সতর্কবানী উচ্চারণ করেছেন এভাবে, "যে সিনিয়র ফুটবলার মাঠে খেলতে পারে না, বাইরে বসিয়ে রাখতে হয় তাদের দলে নিয়ে কোনো লাভ আছে বলে মনে হয় না।" ওই লাভ-ক্ষতির হিসাব হবে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স দিয়ে। এই দুটো টুর্নামেন্টের জন্য বুধবার থেকে আগামী জুন পর্যন্ত তার চাকরির মেয়াদ চার মাস। বেতন পাবেন ৫৫ হাজার টাকা করে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুর দাবি, "বিদেশী কোচরা যেরকম সুযোগ-সুবিধা পায় তিনিও সেরকম পাবেন।" পরক্ষণেই সার্বক্ষনিক গাড়ির প্রশ্নে বেড়িয়ে গেছে থলের বেড়াল, "ইউসুফ যখন চাইবেন তখন আমরা গাড়ির ব্যবস্থা করবো।" কোচের আরেকটা চাহিদা নিয়ে সবসময় বড় ঝামেলা পাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটা দল নির্বাচনের স্বাধীনতা, তা কতটুকু পাবেন ইউসুফ ? বিশেষ করে নাঈমুদ্দিনের আমলে যখন ফুটবলেও নির্বাচক কমিটি নামের একটি নতুন জিনিস আবিস্কার করেছে বাফুফে। মালুর জবাব, "ওটা নির্বাচক কমিটি নয়, উপদেষ্টা কমিটি।" এর আগে যে নির্বাচক কমিটি হিসেবে তাদের পরিচয় তুলে ধরা হয়েছিল মিডিয়ার সামনে! মালুর জটিল করা বিষয়টি বাফুফে সভাপতি এস এ সুলতান খোলসা করেছেন এভাবে, "যে কমিটিই থাকুক কোচের কাজে কোনো হস্তক্ষেপ করা হবে না।" এই প্রতিশ্র"তি রক্ষার কাজ করবে বাফুফে। আর আবু ইউসুফ থাকবেন নিজের চ্যালেঞ্জের প্রতি ন্যায়নিষ্ঠ। "আমাদের মূল টার্গেট সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাতে ভাল করার মতো সময়-সুযোগ সবই আছে মনে হয়"--- বলেই নতুন কোচ যোগ করেছেন, "আমি আশাবাদী মানুষ, সবসময়ই আমি ইতিবাচক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪৫ঘ.