২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের বিদায়, কোয়ার্টার ফাইনালে উঠেও দুশ্চিন্তায় বার্সেলোনা

একদিকে শোকের ছায়া। অন্যদিকে উৎসব। তবে সে উৎসবেও অনেকখানি শোকের বাতাবরণ। মঙ্গলবার আর্সেনালের কাছে ঘরের মাঠ সানসিরোতে ০-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। অন্যদিকে সমর্থকদের উৎসবের উপলক্ষ এনে দিতে বার্সেলোনা সেল্টিককে ১-০ গোলে হারিয়ে উঠে গেছে শেষ আটে। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেও স্বস্তিতে নেই 'বার্সা'। তাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে লিওনেল মেসির ইনজুরি। বাঁ উরুর পেশি ছিঁড়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন এই আর্জেন্টাইন তারকা। ফ্রান্সের লিওঁকে ১-০ গোলে হারিয়ে আরেক শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেডও উঠে গেছে ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একদিকে শোকের ছায়া। অন্যদিকে উৎসব। তবে সে উৎসবেও অনেকখানি শোকের বাতাবরণ। মঙ্গলবার আর্সেনালের কাছে ঘরের মাঠ সানসিরোতে ০-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। অন্যদিকে সমর্থকদের উৎসবের উপলক্ষ এনে দিতে বার্সেলোনা সেল্টিককে ১-০ গোলে হারিয়ে উঠে গেছে শেষ আটে। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেও স্বস্তিতে নেই 'বার্সা'। তাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে লিওনেল মেসির ইনজুরি। বাঁ উরুর পেশি ছিঁড়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন এই আর্জেন্টাইন তারকা। ফ্রান্সের লিওঁকে ১-০ গোলে হারিয়ে আরেক শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেডও উঠে গেছে ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। নক আউট পর্বের ফিরতি লেগের অন্য ম্যাচে তুরস্কের ফেনারবাচে টাইব্রেকারে ৩-২ গোলে সেভিয়াকে হারিয়ে পা রেখেছে শেষ আটে। ফেনারবাচের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে সেভিয়া ৩-২ গোলে জিতলেও ঘরের মাঠে ফিরতি লেগে একই ব্যবধানে হার মেনেছে স্প্যানিশ ক্লাবটি। অ্যাগ্রিগেট ৫-৫ হয়ে যাওয়ায় ম্যাচটা টাইব্রেকারে গড়িয়েছে আর তাতেই স্বাগতিক সেভিয়ার মন ভেঙ্গে দিয়েছে ফেনারবাচে। আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম থেকে প্রথম লেগ গোলশূন্য ড্র করে ফেরা এসি মিলানের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে দিয়েছেন সেস্ক ফ্যাব্রেগাস ও ইমানুয়েল আদেবায়োর। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া এক শটে ফেব্রেগাস মিলান গোলকিপারকে পরাস্ত করার পর ইনজুরি সময়ে আদেবায়োর নিশ্চিত করেন 'গানার্স'এর কোয়ার্টার ফাইনালে উত্তরণ। একে তো বর্তমান চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে হারিয়ে শেষ আটে পৌঁছে যাওয়া, তার ওপরে প্রথম ইংলিশ ক্লাব হিসাবে মিলানের মাঠে জয় --- ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের উচ্ছ্বাস তাই বাধ মানছিল না কিছুতেই, "মিলানের মতো দলকে তরুণদের নিয়ে গড়া একটি দলের এভাবে হারিয়ে দেয়া সত্যিই দুর্দান্ত ব্যাপার। ভবিষ্যত এবং মৌসুমের বাকি সময়ের জন্যও এটা ইতিবাচক দিক বয়ে আনবে আমাদের জন্য।" ন্যু ক্যাম্পে বার্সেলোনার জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে মেসির ইনজুরি। সেল্টিকের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে মেসির দুটো দুর্দান্ত গোল ৩-২ ব্যবধানে জয় এনে দিয়েছিল 'বার্সা' কে। এই ম্যাচে তাই ড্র করলেও কোনো সমস্যা ছিল না তাদের। তবে চতুর্থ মিনিটে জাভির গোল জয়ই এনে দিয়েছে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দলকে। ম্যাচশেষে অবশ্য জয় নিয়ে তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে পারেনি তারা। কারণ ৩৫ মিনিটে বাঁ উরুর পেশি ছিঁড়ে যাওয়ায় চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছাড়তে হয়েছে ৬ গোল নিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাকে। গত ডিসেম্বরে বাঁ পায়েই ঠিক একই সমস্যার জন্য ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। দলের অন্যতম সেরা খেলোয়াড় আবার একই ধরনের ইনজুরিতে পড়ায় 'বার্সা' কোচ রাইকার্ড ভীষণ হতাশ, "ওর (মেসির) জন্য এটা খুবই বাজে সময়। ইনজুরিটা আমাদের সবার জন্যই বিরাট এক ধাক্কা। আশা করি যতটা মনে হয়েছে ইনজুরিটা ততটা খারাপ নয়।" বার্সেলোনার অধিনায়ক কার্লোস পুয়োল এই ইনজুরির জন্য দায়ী করেছেন স্প্যানিশ মিডিয়াকে। গত শনিবার স্প্যানিশ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেসিকে বিশ্রাম দিয়েছিলেন রাইকার্ড। বার্সেলোনা ম্যাচটা ২-৪ গোলে হেরে যাওয়ার পর মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্তকে দায়ী করে রাইকার্ডের তীব্র সমালোচনা করেছিল মিডিয়া। এখন আর্জেন্টাইন তারকা ইনজুরিতে পড়ায় মিডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে পুয়োল বলেছেন, "মেসির ইনজুরি প্রত্যেকের জন্যই একটা শিক্ষা। আপনারা সেল্টিকের সঙ্গে তাকে খেলানোর জন্য চাপ দিয়েছিলেন। এখন দেখুন কি ঘটেছে। আপনাদের চিকিৎসকদের এবং রাইকার্ডের প্রতি আরো বেশি সম্মান দেখানো উচিৎ ছিল। ইনজুরিতে পড়ার ঝুঁকি থাকার জন্যই ক্যালডেরনে (অ্যাটলেটিকোর বিপক্ষে) লিওকে (মেসিকে) বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন রাইকার্ড। এখন সে ইনজুরিতে পড়ায় আপনারা বোধহয় চিকিৎসকদের সমালোচনা করাও শুরু করে দেবেন।" বার্সেলোনার জয়ের নায়ক জাভিও মেসির ইনজুরিটা কিছুতেই মেনে নিতে পারছেন না, "এই জয়ের জন্য আমাদের বিরাট মূল্য দিতে হলো। লিও দুর্দান্ত ফর্মে ছিল। এটা সত্যিই দুঃখজনক।" লিওঁর মাঠ থেকে প্রথম লেগ ১-১ গোলে ড্র করে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে জয় পেয়েছে মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর ৩০তম গোলের সুবাদে। এই গোল দিয়ে ম্যানইউ'র পক্ষে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের আরেকটু কাছে এগিয়ে গেলেন রোনালদো। ৩২টি গোল নিয়ে এখনো পর্যন্ত রেকর্ডটার মালিক অনেকের মতে 'রেড ডেভিল'দের সর্বকালের সেরা ফুটবলার জর্জ বেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/এমএম/১৭৩০ ঘ.