লন্ডন/মাদ্রিদ, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলের জয় পাওয়ায় বার্সেলোনার এখন অনেক বেশি নির্ভার থাকারই কথা। তবু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম নকআউট রাউন্ডের ফিরতি লেগের আগে অস্বস্তির এক কাঁটা খোচা দিচ্ছে 'বার্সা' সমর্থকদের মনে। কারণ গত শনিবার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-৪ গোলের পরাজয়। মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেল্টিকের মুখোমুখি হওয়ার সময় সেই পরাজয় তাড়া করতেও পারে টুর্নামেন্টের দুই মৌসুম আগের চ্যাম্পিয়নদের।
সেই তুলনায় বর্তমান চ্যাম্পিয়নরা অনেক বেশি স্বস্তিতে। সেটা প্রথম লেগে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করা সত্ত্বেও। কারণ সেই ম্যাচটা ছিল 'গানার'দের মাঠে, আর মঙ্গলবার ফিরতি লেগ হবে এসি মিলানের মাঠ সানসিরোতে। অবশ্য শুধু নিজের মাঠ বলেই নয়, ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের অনুপ্রাণিত হওয়ার কারণ কাকার প্রত্যাবর্তন। শনিবার ইতালিয়ান সিরি 'এ'তে লাৎসিওর সঙ্গে ইনজুরির কারণে খেলতে পারেননি গত বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। একই কারণে মাঠে মিডফিল্ড ও ডিফেন্সের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় আন্দ্রিয়া পির্লো ও আলেসান্দ্রো নেস্তা। তবে আর্সেনালের বিপক্ষে তিনজনেরই প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত বলেই জানিয়েছেন মিলানের কোচ কার্লো অ্যানচেলত্তি।
মিলানের মতো ম্যানচেস্টার ইউনাইটেডও তারকাদের ফিরে পেয়ে উজ্জীবিত। ম্যানইউ'র দুই তারকা ফরোয়ার্ড ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য এ সপ্তাহে একেবারে বসে ছিলেন না। তবে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচটার শেষ দিকে মাঠে নেমেছিলেন তারা। মঙ্গলবার ফরাসী চ্যাম্পিয়ন লিওঁর বিপক্ষে ফিরতি লেগে দু জনই থাকবেন শুরু থেকে। তার সঙ্গে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলার সুবিধা ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য হতে পারে আরেকটা অনুপ্রেরণা। লিওঁর মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ কার্লোস তেভেজের শেষ মুুহূর্তের লক্ষ্যভেদে ১-১ গোলে ড্র করায় মঙ্গলবার গোলশূন্য ড্র-ই কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেবে 'রেড ডেভিল'দের।
ম্যানইউ'র মতো প্রথম লেগে বার্সেলোনার ত্রাতাও একজন আর্জেন্টাইন। দু' সপ্তাহ আগে পিছিয়ে পড়েও সেল্টিকের সঙ্গে 'বার্সা' জয় পেয়েছিল লিওনেল মেসির দুই গোলের সুবাদে। অথচ সেই মেসিকেই বিশ্রামে রাখার মাশুল দিয়ে অ্যাটলেটিকোর কাছে হার মেনেছে তারা, পিছিয়ে পড়েছে স্প্যানিশ লিগের শিরোপা-দৌড় থেকে। বার্সেলোনার কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড অবশ্য সেদিনের পরাজয় সেল্টিকের ম্যাচে বিরূপ প্রভাব ফেলবে না বলেই আশাবাদী, "সেই পরাজয় পরবর্তী ম্যাচে কোনো ধরণের প্রভাব ফেলতে পারবে না। জানি যে সেদিন আমরা ভালো খেলতে পারিনি। বাজে ফলের সেটাই কারণ। তবে আমরা কঠোর পরিশ্রম করছি। আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য সঠিকভাবে প্রস্তুতও করছি নিজেদের।" তবে প্রস্তুতি যেমনই হোক, এবার আর মেসিকে বসিয়ে রাখার দুঃসাহস সম্ভবত করবেন না রাইকার্ড। সেদিন মাঠের বাইরে থাকা ইয়াইয়া টুরেরও সেল্টিকের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আরো একটা ম্যাচ আছে। এই ম্যাচে ঘরের মাঠে সেভিয়ার প্রতিপক্ষ তুরস্কের ফেনারবাচে। প্রথম লেগে ফেনারবাচে জিতেছিল ৩-২ গোলে জিতেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.
bdnews24