২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার হারে আবার ৫ পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল

আবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ৫ পয়েন্টের ব্যবধান। আগের সপ্তাহে রিয়ালের হারের পাশাপাশি বার্সেলোনার জয়ে ব্যবধানটা কমে দাঁড়িয়েছিল ২-এ। শনিবার রাতে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ঠিক উল্টো ঘটনা ঘটেছে। এগিয়ে গিয়েও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-৪ গোলে হেরে গেছে 'বার্সা'। আর পিছিয়ে পড়েও রিক্রিয়েটিভো হুয়েলভাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্ন আবার উজ্জ্বল করে তুলেছে রিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

মাদ্রিদ, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ৫ পয়েন্টের ব্যবধান। আগের সপ্তাহে রিয়ালের হারের পাশাপাশি বার্সেলোনার জয়ে ব্যবধানটা কমে দাঁড়িয়েছিল ২-এ। শনিবার রাতে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ঠিক উল্টো ঘটনা ঘটেছে। এগিয়ে গিয়েও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-৪ গোলে হেরে গেছে 'বার্সা'। আর পিছিয়ে পড়েও রিক্রিয়েটিভো হুয়েলভাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্ন আবার উজ্জ্বল করে তুলেছে রিয়াল। অ্যাটলেটিকোর মাঠে বার্সেলোনা এগিয়ে যায় রোনালদিনিয়োর অসাধারণ এক ব্যাক ভলিতে। তবে পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ করে বিরতির আগেই দু গোল আদায় করে নেয় অ্যাটলেটিকো। দুই গোলেই আর্জেন্টিনার টিন এজ তারকা সার্জিও অ্যাগুয়েরোর ছিল সমূহ অবদান। প্রথমটাতে তার জোরালো শট বার্সেলোনা অধিনায়ক কার্লোস পুয়োলের পায়ে লেগে দিক বদলে ঢুকে গেছে জালে। আর পরেরটায় অ্যাগুয়েরোর পাস থেকে কোনাকুনি শটে 'বার্সা' গোলকিপার ভিক্টর ভালদেসকে বোকা বানিয়েছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাক্সি রড্রিগেজ। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকোর বাকি দুই গোলেও বড় ভূমিকা ছিল অ্যাগুয়েরোর। পুয়োল তাকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি ডিয়েগো ফোরলানের। অ্যাটলেটিকোর শেষ গোলটা ছিল অ্যাগুয়েরোর দুর্দান্ত এক আক্রমণের ফসল। প্রথমে জিয়ানলুকা জামব্রোত্তা এবং পরে পুয়োলকে ফাঁকি দিয়ে দলকে ৪-১ গোলে এগিয়ে দিয়েছেন গত যুব বিশ্বকাপের সেরা ফুটবলার। ৭৪ মিনিটে স্যামুয়েল এ'তো একটি গোল ফিরিয়ে দিলেও তাতে কোনো লাভ হয়নি বার্সেলোনার। অ্যাটলেটিকোর জয়ের নায়ক এক আর্জেন্টাইন, আর তাদের প্রতিবেশী রিয়ালকে জয় উপহার দিয়েছেন একজন ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা রবিনিয়োর দুটো দারুণ গোলই জয় এনে দিয়েছে আগের ৩ ম্যাচে (একটি চ্যাম্পিয়ন্স লিগে) পরাজিত রিয়ালকে। উরুগুইয়ান ডিফেন্ডার মার্টিন ক্যাকেরাসের গোলে পিছিয়ে পড়া স্প্যানিশ চ্যাম্পিয়নরা ম্যাচে ফিরেছে ২৮ মিনিটের সময়, অধিনায়ক রাউলের হেড থেকে লক্ষ্যভেদের সুবাদে। শেষ হওয়ার ১৭ মিনিট আগে মাঠে নেমেই রবিনিয়োর চমক। তবে তার আগে তিনজনের লালকার্ড ভালোই উত্তেজনার জন্ম দিয়েছিল ম্যাচে। তিনজনই ডিফেন্ডার। এর মধ্যে দু জন রিক্রিয়েটিভোর বেটো ও আলভারেজ এবং অন্য জন রিয়ালের সার্জিও র‌্যামোস। তার পরই মাঠে নেমে দলের জয় নিশ্চিত করেন রবিনিয়ো। প্রথম স্পর্শেই গোল করার পর দারুণ এক চিপে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। ইনজুরি সময়ে ফ্রিকিক থেকে কার্লোস মার্টিন্স লক্ষ্যভেদ করলেও তা রিয়ালের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এই জয়ে ২৬ ম্যাচ থেকে রিয়ালের পয়েন্ট দাঁড়ালো ৫৯। সমান ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোর অবস্থান চতুর্থ। তৃতীয় স্থানে থাকা ভিলারিয়ালের পয়েন্ট ৪৬। এই রাউন্ডে ভিলারিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা। ম্যাচটা হবে রোববার রাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.