২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফেকে পুরোনো কাউন্সিলরদের নিয়েই ইজিএম করতে বলেছে এএফসি

প্রতিনিধিদলের কাছ থেকে বাংলাদেশের ফুটবলের ডিএফএ জটিলতার বিষয়গুলো এএফসি প্রেসিডেন্ট শুনেছেন এবং কিছু পরামর্শ দিয়ে তা নিরসনের উদ্যোগও নিয়েছেন। পরামর্শ হচ্ছে, পুরনো কাউন্সিলরদের (ডিএসএ'র কাউন্সিলর) নিয়েই বিশেষ সাধারণ সভা করতে হবে। তারপর আসবে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন প্রসঙ্গ। এই নির্দেশনার কথা যেন ফিফা আনুষ্ঠানিকভাবে জানায় তার উদ্যোগও নিচ্ছেন এএফসি প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রতিনিধিদলের কাছ থেকে বাংলাদেশের ফুটবলের ডিএফএ জটিলতার বিষয়গুলো এএফসি প্রেসিডেন্ট শুনেছেন এবং কিছু পরামর্শ দিয়ে তা নিরসনের উদ্যোগও নিয়েছেন। পরামর্শ হচ্ছে, পুরনো কাউন্সিলরদের (ডিএসএ'র কাউন্সিলর) নিয়েই বিশেষ সাধারণ সভা করতে হবে। তারপর আসবে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন প্রসঙ্গ। এই নির্দেশনার কথা যেন ফিফা আনুষ্ঠানিকভাবে জানায় তার উদ্যোগও নিচ্ছেন এএফসি প্রেসিডেন্ট। কুয়ালালামপুর থেকে ফিরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহ জানিয়েছেন, "এএফসি প্রেসিডেন্ট আমাদের কথা শুনেছেন, ডিএফএ নিয়ে জটিলতার কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করেছি। সব শুনে তিনি পুরনো কাউন্সিলরদের দিয়েই একটা ইজিএম (বিশেষ সাধারণ সভা) আয়োজনের জন্য বলেছেন যেখানে ডিএফএ'র গঠনতন্ত্র অনুমোদিত হবে।" গত ৮ মাস ধরে বাফুফের বাইরের একদল সংগঠক বারবার ইজিএম-এর দাবি জানালেও এতদিন বাফুফে তাতে কর্ণপাত করেনি। এমনকি এ নিয়ে উকিল নোটিশ পাঠিয়েও বাফুফের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বাফুফের এই নেতিবাচক মনোভাব দেখে নিষ্ক্রিয় ও বিতর্কিত বাফুফে সভাপতি এস এ সুলতানকে দিয়েই এএফসি-ফিফাকে বোঝানোর উদ্যোগ নেয় সরকার। তার অংশ হিসেবেই সুলতানকে সঙ্গী করে সোমবার এএফসি দপ্তরে যান বিওএ প্রধান নির্বাহী কর্ণেল ওয়ালীউল্লাহ, সাবেক বাফুফে সহকারী সম্পাদক বাদল রায় ও জেলা সংগঠক মহিউদ্দিন বুলবুল। তাদের সঙ্গে মঙ্গলবার বিকেলে সভায় বসেন এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম। সেই সভা থেকে জটিলতা অবসানের একটা উপায় বের হয়ে আসে। আরেকটি বিতর্কিত বিষয় হচ্ছে, সরকার বিচ্যুত ডিএফএ গঠন। সরকারী কর্মকর্তাদের বাইরে রেখে ডিএফএ গঠন ফুটবলের জন্য যে মঙ্গলজনক কিছু হবে না তা জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদই বলেছিলেন। আর নিজের অভিজ্ঞতা থেকে তার ক্ষতিকর দিকগুলো সবিস্তারে বর্ণনা করেছেন জেলা সংগঠক মহিউদ্দিন বুলবুল। সব শুনে হাম্মাম যে পরামর্শ দিয়েছেন তা শুনুন ওয়ালীউল্লার মুখে, "হাম্মাম বলেছেন, গঠনতন্ত্রে এখন আর এই সংশোধনী সম্ভব নয়। সরকার ফুটবলের সহায়ক শক্তি হলে সরকারি কর্মকর্তাদের একটা সম্মানজনক অবস্থানে রেখে ডিএফএ গঠন করুন।" তার মানে বিশেষ সাধারণ সভাই আপাতত মূল বিষয়। এএফসি শিগগিরই তা ফিফাকে জানাবে, তারপর নির্দেশনা আসবে ফিফা থেকে। "আমরা আশাকরি এক সপ্তাহের মধ্যেই নির্দেশনা এসে যাবে ফিফা থেকে। ইজিএম-এ ফিফা ও এএফসির প্রতিনিধি পাঠানোর আহ্বান জানিয়েছি আমরা"--- বলেছেন কর্ণেল (অব.) ওয়ালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২০৫০ ঘ.