মিলান, ১৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাঁটুর ইনজুরির দুঃসহ যন্ত্রণা থেকে কি কখনোই মুক্তি পাবেন না রোনালদো? ১৯৯৯ ও ২০০০ সালে ডান হাঁটুতে দু দুবার অস্ত্রোপচার করানো 'দ্য ফেনোমেনন' আবারো হাঁটুর ইনজুরিতে আক্রান্ত। বুধবার ইতালিয়ান সিরি 'এ'তে লিভরনোর সঙ্গে ১-১ গোলে ড্র করে এসি মিলান শুধু পয়েন্টই নষ্ট করেনি, দীর্ঘ সময়ের জন্য হারিয়ে ফেলেছে রোনালদোকেও। বদলি হিসাবে মাঠে নামার মাত্র তিন মিনিট পর বাঁ হাটুর লিগামেন্ট ছিড়ে ফেলে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
ইনজুরি আর অসুস্থতার জন্য এ মৌসুমে তেমন খেলার সুযোগ পাননি রোনালদো। ফিটনেস ফিরে পেয়ে যা-ও বা সুযোগ পেলেন, সেটাও নষ্ট হলো আরেকটা ইনজুরির কারণে। স্বাভাবিকভাবেই এসি মিলানের কোচ কার্লো অ্যানচেলত্তি সেজন্য ভীষণ মর্মাহত, "রোনালদোর যা হয়েছে তার জন্য আমরা সবাই খুব দুঃখিত আর দুশ্চিন্তাগ্রস্ত। তার ক্যারিয়ার শেষ হওয়ার কথা আমি বলতে চাই না। কারণ তার ক্যারিয়ার শেষ কি না তা শুধু সময়ই বলতে পারবে।"
মিলানের প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনি অবশ্য এতটা নৈরাশ্যবাদী নন। তার কণ্ঠে বরং আশাবাদের সুর, "এখনো তার শারীরিক সক্ষমতা অসাধারণ। আমি আত্মবিশ্বাসী, তাকে আমরা যে ধরণের খেলোয়াড় হিসাবে চিনি, আগামী কয়েক মাসের মধ্যে ঠিক সেভাবেই সে ফিরতে পারবে।" অস্ত্রোপচারের জন্য রোনালদোর ফ্রান্সে যাওয়ার খবরটাও জানিয়েছেন বার্লুসকোনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩০ঘ.
bdnews24