ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আবাহনী ৩ : আরামবাগ ২
সাদাকালো জার্সি দেখে মোহামেডান ভেবে ভুল করে বসতে পারে নতুন দর্শকরা। আসলে তারা আরামবাগ; কিন্তু মোহামেডান হলেও অমন লড়াই করতে পারতো কিনা সন্দেহ! আরামবাগ দুর্দান্ত লড়াই করে প্রতিশ্র"তি রক্ষা করেছে এবং তাতে ফাইনালটা জমেছে। আবাহনীর আত্মবিশ্বাসে একটু ধাক্কাও দিয়েছে। যদিও সেই ধাক্কায় তো নীল-আকাশীদের ভাগ্যের হেরফের হয় না, যা টুর্নামেন্টের শুরুতেই লেখা হয়ে গেছে বাড্ডা জাগরনীর কাছে হার দিয়ে। ওই প্রচলিত ধারণাকে সত্যি করে আবাহনী প্রতীতি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ শিরোপা জিতেছে আরামবাগকে ৩-২ গোলে হারিয়ে।
আবাহনীকে হারিয়ে বাড্ডা জাগরনী নাকি নীল-আকাশীদের কপালে জয়-তিলক একেঁ দেয়। এই টুর্নামেন্টের আগে ২০০১ সালে সর্বশেষ এই রীতি মেনে আবাহনী লিগ জিতেছিল। এবারও হয়েছে। এবং বাড্ডার সঙ্গে উদ্বোধনী ম্যাচে হারার পর আবাহনী যে বিজয়রথে চড়েছে তা ক্রমেই দূরন্ত গতি নিয়ে থেমেছে শিরোপার মুকুট পড়ে। আর বিজয়রথের জ্বালানী হয়ে দুই জাহিদও পেয়েছেন সেরার স্বীকৃতি। জাহিদ হাসান এমিলি হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জাহিদ পারভেজ চৌধুরী। দুজনের পা থেকেই গোল এসেছে ফাইনালে, তৃতীয় গোলদাতা আবুল হোসেন।
তারপরও ফাইনাল নিয়ে আক্ষেপ আছে আবাহনীর। দলের অধিনায়ক আরিফ খান জয় আগের ম্যাচগুলোর সঙ্গে ফাইনালটিকে ঠিক মেলাতে পারছেন না, "আমারা শিরোপা জিতেছি, এটা খুশির ব্যাপার হলেও ফাইনাল ম্যাচে আমাদের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট নই। আমি নিজে ইনজুরি নিয়ে খেলেছি। তাছাড়া দলের অন্যরাও আরামবাগকে হালকাভাবে নিয়েছে বলে মনে হয়। সেজন্য দু গোল দেওয়ার পর আমরা নিজেদের খেলা হারিয়ে ফেলেছিলাম।"
২৬ মিনিটের মধ্যে আরামবাগের জালে দুই গোল দেওয়ার পর যেন একেবারে নির্ভার হয়ে যায় আবাহনীর খেলোয়াড়রা। সুযোগে আরামবাগ ফণা তুলে ছোবল মারে এবং তাতে প্রায়ই দিশেহারা অবস্থা হয়েছিল বি. লিগ চ্যাম্পিয়নদের !
২৬ মিনিটের মধ্যেই শেষ হয়ে চ্যাম্পিয়নদের নৈপুন্য। উজ্জ্বলের কর্ণারে নজরুলের হেড আবুলের মাথা ছুঁয়ে আরামবাগের জালে জমা হলে ১৮ মিনিটেই এগিয়ে যায় আাবাহনী। ঠিক দ্বিতীয় আক্রমণে ২৩ মিনিটে দ্বিতীয় গোল হজম করে আরামবাগ। গোলটি এমিলির হলেও তাতে বিশেষ কৃতিত্ব নেই তার, জাহিদ পারভেজের শট আরামবাগ গোলরক্ষক পিরুর গায়ে লেগে ফিরে এসেছিল। মানে দুটো হলুদ কার্ডের কারণে সেমিফাইনাল মিস করা আবুল ও এমিলি ২৩ মিনিটের মধ্যেই নিজেদের প্রমাণ করেছেন গোল করে। ২৬ মিনিটেই হতো পারতো তৃতীয় গোলটা। আবুলের থ্রু-পাস আয়ত্তে নিয়ে বাম দিক থেকে জাহিদ পারভেজের চমৎকার শটটি ক্রসবার না ঠেকালে তখনই তিন গোলে পিছিয়ে পড়ে আরামবাগ।
সেটা হলে আরামবাগের উজ্জীবিত হওয়া কঠিন হতো। কঠিন হতো মাঠে আবাহনীর সপ্রতিভ উপস্থিতি থাকলে। যারা আগের ম্যাচ গুলোতে ছোট- ছোট পাসে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে তারাই ফাইনালে ওই দুগোলের পর বারবার বল জমা দিয়েছে প্রতিপক্ষের পায়ে। বারবার ভুল পাস দিয়ে আরামবাগকে ম্যাচে ফেরার আমন্ত্রণ জানিয়েছে। তাতে সাড়া দিয়ে ৩৫ মিনিটে আনমার্কড ডমিনিক গোল করে ব্যবধান কমিয়ে আনেন। বাঁদিক থেকে আসা ইমুর ফ্রি কিক থেকে ভলিতে গোল করে এই উগান্ডান ফুটবলার ম্যাচে উত্তেজনা ছড়িয়ে দেন। ফাইনালের আবহ ছড়িয়ে দেন স্টেডিয়াম জুড়ে। কারণ তখন আক্রমণের ধারায় আরামবাগ। আরেকটি গোল শোধ হলেই জমে যাবে ফাইনাল !
কিন্তু ৫৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে আরামবাগ আরেকটি গোল খেয়ে বসলে ম্যাচ জমে ওঠার সম্ভাবনা কমে যায়। মাঝমাঠ থেকে জাহিদ পারভেজের থ্রু পাস আয়ত্তে নিয়ে এমিলি লম্বা দৌড়ে পৌঁছে যান আরামবাগের গোলমুখে। তারপর যে কোনাকুনি শটটি নেন আরামবাগ গোলরক্ষক পিরু সেটা কোনোরকমে ঠেকালেও জাহিদ পারভেজ টোকা দিয়ে গন্তব্যে পৌঁছে দেন। এটা টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল। কিন্তু গোল বানিয়ে দেওয়ার কাজটি করেছেন অসংখ্যবার যা এই মিডফিন্ডারকে এনে দিয়েছে টুর্নামেন্ট সেরার সম্মান। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিও তাকে টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার দিয়েছে। "আমার জন্য অসাধারণ এক টুর্নামেন্ট এটা। আমার ক্যারিয়ারে দারুণ একটা সময় পার করেছি আমি"--- পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আবাহনীর এই মিডফিল্ডার।
তার ওই গোল না হলে আবাহনী সত্যিই বিপদে পড়তো। কারণ ৭৯ মিনিটে নিজেদের ডিফেন্সের ভুলে দ্বিতীয় গোল হজম করে তারা। ডানদিক থেকে মনুর পাসে লিটনের শট বিপ্লবকে ফাঁকি দিয়ে আবাহনীর জালে জমা হলে নীল-আকাশী শিবিরে দুশ্চিন্তা ভর করে। সবাই মিলে মিনিট দশেক ডিফেন্ডারের কাজ করে কোনোরকমে সামাল দিয়ে শিরোপা জিতে নেয় আবাহনী। এবং অক্ষুন্ন থাকে আরেকটি রেকর্ড। আরামবাগের কাছে আবাহনীর হার না মানার রেকর্ড!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.
bdnews24