২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে ফাইনালে আবাহনী

আগের ম্যাচে যারা গোলকে উপেক্ষা করেছে এবার তাদের কাছে ওই গোল হয়ে গেছে সোনার হরিণ। নিয়তি বড় নিষ্ঠুর, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেললে সে-ও সময়মতো আপনাকে জবাব দিয়ে দেবে। শুক্রবার জবাব পেয়ে গেছে মোহামেডান, শত চেষ্টা করেও একটি গোলের দেখা পায়নি সাদাকালোরা। গোলের বন্ধুত্ব হয়েছে নীল-আকাশী শিবিরে, উজ্জ্বলের মহামূল্য এক গোলে মোহামেডানকে হারিয়ে বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলের ফাইনালে উঠে গেছে আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগের ম্যাচে যারা গোলকে উপেক্ষা করেছে এবার তাদের কাছে ওই গোল হয়ে গেছে সোনার হরিণ। নিয়তি বড় নিষ্ঠুর, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেললে সে-ও সময়মতো আপনাকে জবাব দিয়ে দেবে। শুক্রবার জবাব পেয়ে গেছে মোহামেডান, শত চেষ্টা করেও একটি গোলের দেখা পায়নি সাদাকালোরা। গোলের বন্ধুত্ব হয়েছে নীল-আকাশী শিবিরে, উজ্জ্বলের মহামূল্য এক গোলে মোহামেডানকে হারিয়ে বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলের ফাইনালে উঠে গেছে আবাহনী। আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ আরামবাগ। শুধু গোল কেন, গোলমিসের আক্ষেপ করারও সুযোগ দেয়নি মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিককে। তিনি বরাবর যেভাবে বলেন, গোলমিস ও রেফারির বাঁশি, এরকম কোনো অজুহাতই শোভন হচ্ছে না এবার সেমিফাইনাল থেকে ছিটকে পড়া আয়োজক দলের জন্য। বরং কোচ অকপটে স্বীকার করে নিয়েছেন, "আবাহনী-মোহামেডান ম্যাচের জন্য খেলোয়াড়দের যে টেম্পারামেন্ট থাকা দরকার সেটা আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ছিল না।" তা পুরোমাত্রায় ছিল আবাহনীর খেলোয়াড়দের। ছিল দলীয় সমঝোতাও। দুয়ে মিলে আবাহনী এমনই দূর্বার হয়ে উঠেছিল যে ব্যবধান ২/৩ গোলের হলেও অবাক হওয়ার কিছু ছিল না। অবাক হওয়ার মতো ব্যাপার হচ্ছে, একই দিনে পুরো আবাহনীর জ্বলন্ত বারুদ হয়ে ওঠা। দু প্রান্ত দিয়ে বারবার মোহামেডানের ডিফেন্সে হানা দিয়ে আতংক ছড়িয়েছেন জাহিদ ও উজ্জ্বল। তাদের দিকে মনযোগী হলে দূর্বার হয়ে উঠেছেন প্রাণতোষ। অবিশ্বাস্য হচ্ছে, অধিনায়ক জয়ও ফাউল-প্রবণতা কমিয়ে ঠান্ডা মাথায় মাঝমাঠ থেকে চমৎকার পাস দিলেন। দলকে একাট্টা রাখতে নেতৃত্ব দিলেন। ফরোয়ার্ড লাইনে তরুণ রবিনও পাস মার্ক পেয়ে যাবেন। কিন্তু রহস্য থেকে গেল সাহজউদ্দিন টিপুর শেষ পর্যন্ত খেলে যাওয়াটা। প্রথমার্ধেই জ্বালানী শেষ হয়ে যাওয়া এই স্ট্রাইকার পুরো ৯০ মিনিট খেলেছেন এবং জিতেছে আবাহনী। তাতেই বোঝা যায় দেশের টুর্নামেন্টে তিন গোল করা সেরা স্ট্রাইকার এমিলি ও নিয়মিত মিডফিল্ডার আবুল মাঠের বাইরে থাকার পরও দলের অন্যরা কতোটা উজ্জ্বল ছিলেন। তাদের অভাবটা বেশিক্ষণ বুঝতে দেননি মেহেদী হাসান উজ্জ্বল ৫০ মিনিটে দুর্দান্ত এক গোল করে। ডানদিক থেকে জাহিদ পারভেজ দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বলটা ঠেললেন আর ওই চলতি বলের নীচে ছোট্ট টোকা দিয়ে এগুয়ান গোলরক্ষক শাকিলের মাথার ওপর দিয়ে তিনি মোহামেডানের জালে জমা করে দিলেন। এই উজ্জ্বল একসময় স্ট্রাইকার ছিলেন। মিডফিল্ডার হওয়ার পর থেকে তার গোল করার গুণটা হারিয়ে গিয়েছিল। তারপর থেকে গত বি. লিগে মাত্র একটি গোল করেছেন তিনি। নিঃসন্দেহে দলকে টুর্নামেন্টের ফাইনালে তুলে দেওয়া গোলটি তার জন্য দারুন এক অর্জন, "অনেকদিন পর এরকম গুরুত্বপূর্ন ম্যাচে গোল করার আনন্দই অন্যরকম। কিন্তু আবাহনী জিতেছে সম্পূর্ণ দলীয় সমন্বয়ের জোরে। নিজেদের মধ্যে বোঝাপড়াটা আমাদের খুব ভালো।" নীল-আকাশীর প্রথমার্ধে গোল না পাওয়াটাই ছিল বিস্ময়কর। ১৮ মিনিটে প্রাণতোষের বানিয়ে দেওয়া বলটি রবিন ওয়ান টু ওয়ানে মেরে দিলেন ক্রসবার উঁচিয়ে। মিনিট দশেক পরে উজ্জ্বলের বাড়িয়ে দেওয়া বলে জাহিদের প্লেসিং শট অবিশ্বাস্যভাবে মোহামেডানের ডিফেন্ডার বিপ্লবের পায়ে আটকে যায়। তারপর ৪৪ মিনিটে রবিনের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি টিপু। ব্যর্থতার দৃশ্যগুলি দেখে গ্যালারি ভর্তি আবাহনী সমর্থক হয়তো এমিলির জন্য আফসোস করেছেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাওয়ায় সেই আফসোস আর বাড়েনি। অবশ্য সেই গোলের পরও আবাহনী ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি। ৬১ মিনিটের আক্রমণ থেকে গোল হয়নি শুধু টিপুর জন্য। ডি বক্সের খানিকটা বাইরে থেকে বল ধরে মোহামেডানের গোলমুখে দৌঁড়াতে গিয়ে তিনি গতি হারিয়ে ফেললেন ! যেন পেছনে পড়ে থাকা তিন ডিফেন্ডারকে ডাকলেন বল তার পা থেকে কেড়ে নিতে। ৭৬ মিনিটে উজ্জ্বলের আরেকটি প্রচেষ্টা নষ্ট হয়ে যায় মোহামেডান গোলরক্ষকের কল্যাণে। ব্যবধান বাড়াতে না পেরে আবাহনী রক্ষণাত্মক হয়ে পড়ায় মোহামেডান একটু চেপে বসে। কিন্তু সেই চাপ দর্শকদের মুখে হাসি ফোটানোর মতো নয়। ৬৭ মিনিটে আরাফাত রনির শটটি সোজা না হয়ে একটু এদিক-ওদিক হলে হয়তো একটা কিছু হতো। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১১৭ ঘ.