ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আবাহনী, মুক্তিযোদ্ধা হোঁচট খেলেও আয়োজক মোহামেডান ঠিকই প্রথম ম্যাচ উতরে গেছে। নিজেদের টুর্নামেন্ট প্রতীতি র্ফামা বিজয় দিবস ক্লাব কাপে তারা ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুলকে।
মোহামেডানের ভাগ্য ভাল যে শুরুর দু-একটি আক্রমণের মধ্যেই গোল পেয়ে গেছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শুক্রবারের এই ম্যাচে ২৬ মিনিটে চমৎকার এক গোল করে মোহামেডানকে এগিয়ে দেন চার্লস ফিগো। ফকিরেরপুলের তিন ডিফেন্ডারের মধ্যে থেকেও এই নাইজেরিয়ান মাথা ছুঁইয়েছেন মনোয়ারের ফ্রিকিকে। তবে সৌন্দর্যের বিচারে এটি হার মানবে ফরাহাদের গোলের কাছে। বাঁ দিক থেকে আসা ফয়সালের ক্রসটি ডান পায়ে রিসিভ করে বাঁ-পায়ের ভলিতে ফকিরেরপুলের জালে জড়িয়ে দেওয়ার দৃশ্যটি সত্যিই অনবদ্য। কিন্তু ৩৮ মিনিটের এই গোলটি উপভোগ করেছেন মাত্র হাজার দেড়েক দর্শক। আগের দুদিনের খাঁ-খাঁ করা গ্যালারির তুলনায় যেটাকে অনেক ভাল বলা যায়। তবে এই ভাল দিয়ে আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী লাখ-লাখ টাকার টিকিট বিক্রি হবে না নিশ্চয়ই।
উপস্থিতির বেশিরভাগই অবশ্য মোহামেডানের সমর্থক। এবং প্রথম ম্যাচেই তাদের মন ভরিয়েছে চার অতিথি-সমৃদ্ধ মোহামেডান। এই টুর্নামেন্ট উপলক্ষে ব্রাদার্সের গোলরক্ষক শাকিল, ডিফেন্ডার জুয়েল রানা এবং মিডফিল্ডার ফয়সাল ও মনোয়ারকে দলে টেনেছে তারা। এবং প্রথম দিনেই তারা ঔজ্জ্বল্য ছড়িয়েছেন।
কিন্তু দ্বিতীয়ার্ধে আর সেই উজ্জ্বল মোহামেডানকে দেখা যায়নি। শুরু থেকে ফকিরেরপুল এমনভাবে চেপে ধরেছে যে একটা গোল শোধ হয়ে গেলেও করার কিছু ছিল না। প্রথম ১৫ মিনিটে তারা চার-চারবার মোহামেডানের ডিফেন্সে হানা দিয়ে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল। তার মধ্যে ৫১ মিনিটে বাতেনের শটটি গ্রিপে নিতে বেশ বেগ পেতে হয়েছে গোলরক্ষক শাকিলকে। এরপর দু-দুটো দুর্দান্ত থ্রু-পাসে হা হয়ে গিয়েছিল মোহামেডান ডিফেন্স।
ম্যাচের শেষের দিকে আবার যেন ছন্দ ফিরে পায় মোহামেডান। এবং ব্যবধান বাড়ানোর মতো সুযোগও পেয়েছিল কয়েকবার। ৭৫ মিনিটে ডানদিক থেকে পাঠানো জাহিদের ক্রসে ফিগোর শট পোস্টে থাকলে কী হতো বলা মুশকিল। তারপর ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে আরিফুলের তীব্র গতির শট ফকিরেরপুলের ক্রসবার কাঁপিয়ে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যাচ।
শেষ হয়েছে কোনো অঘটন ছাড়াই। অনেকের রায়ে অঘটন ঘটানোর মতো ক্ষমতা ছিল না ফকিরেরপুলের। কারণ বাড্ডা জাগরনী কিংবা ঢাকা ওয়ান্ডারার্সের মতো শক্তিশালী নয় সিনিয়র ডিভিশনের এই দলটি। তাই আবাহনী, মুক্তিযোদ্ধার সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়লেও প্রথম ম্যাচেই সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে সাদা-কালোরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24