ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবারো দক্ষিণ আমেরিকান ফুটবলের কাছে ফিরে গেছেন কাজী সালাউদ্দিন। নিয়োগ দিতে যাচ্ছেন নতুন ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোকে। ২০০৬ সালে আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানি অধ্যায়ের পর বাংলাদেশের দ্বিতীয় দক্ষিণ আমেরিকান কোচ এই ডিডো। এবং অবিশ্বাস্যভাবে দু'জনই এক ইউরোপীয় ফুটবল অনুরাগী সভাপতি সালাউদ্দিনের পছন্দ !
বাফুফে সভাপতি অনেকদিন ধরেই ভাল একজন বিদেশী কোচ খুঁজছিলেন। প্রোফাইল পছন্দ হলে টাকা-পয়সায় বনে না, আবার টাকায় হলে মান নিয়ে খুঁতখুঁতানি। এই বাছ-বিচার করতে করতে সভাপতি শেষপর্যন্ত থিতু হয়েছেন ডিডো-তে গিয়ে, "আমি দেখলাম এশীয় অঞ্চলের ফুটবলের সঙ্গে তার ভালই পরিচয় আছে। আবার ল্যাতিন ঘরানাও পাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, তার চাহিদাও আমাদের সাধ্যের মধ্যে আছে। এসব কারণেই ডিডোকে আমরা পছন্দ করেছি।" মাসে ৪ হাজার ডলারের বিনিময়ে ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বের সেরা তরুণ কোচকে পাবে, এটাও বোধহয় বাফুফেকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গোতে কোচিং ক্যারিয়ার শুরু করা এই ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি হবে ১ বছরের। এর আগে ৪৬ বছর বয়সী এই কোচ ভিয়েতনাম ও চাইনিজ তাইপের জাতীয় দল নিয়ে কাজ করেছেন। ২০০১ সালে ভিয়েতনামের কোচ থাকাকালীন তিনি স্বচক্ষে দেখেছেন বাংলাদেশের ফুটবল। সেবার সৌদি আরবে বিশ্বকাপ বাছাইপর্বে ভিয়েতনাম প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করে ফিরতি ম্যাচে ৪-০ গোলে হারায়। এখন দায়িত্ব পালন করছেন ফারো আইল্যান্ডের একটি ক্লাব দলের।
বাফুফের সঙ্গে এখনো চুক্তি না হলেও কথা পাকা হয়ে গেছে। আগামী ফেব্র"য়ারির প্রথম সপ্তাহে ঢাকায় এসে চুক্তি সেরে কাজে নেমে পড়ার কথা এই ব্রাজিলিয়ান কোচের। তার হাতে তুলে দেবে বাফুফে প্রধান কোচের দায়িত্ব। সঙ্গে থাকবেন স্বদেশী শফিকুল ইসলাম মানিক, তবে তার পদ কী হবে সেটা অজানা। প্রধান কোচের সঙ্গে আলোচনা করেই জাতীয় দলের জন্য অন্যান্য কোচ ও ট্রেনারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাফুফে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "জাতীয় দলে পেশাদারিত্ব আনার জন্য আমরা ডিডোর পরামর্শ চাইবো। তিনি যেভাবে বলবে সেভাবেই হবে।" দু-তিনবার দলের সঙ্গে সফর করার সুবাদে বাদলের গায়েও লেগেছে আন্তর্জাতিক অঙ্গনের পেশাদারিত্বের হাওয়া। দেখেছেন প্রধান কোচের অধীনে আরো কয়েকজন কোচ রাখার প্রথাও।
এসব প্রথা পুরনো হলেও নতুন করে শিখতে দোষ নেই। আর শিখছেন বলেই তারা 'প্রধান কোচ'-এর একটি পদ তৈরি করছেন। যাকে অবশ্যই ফুটবল শেখাতে যাওয়ার ভুলটা করবেন না। মানে অনেক ক্ষমতা দিয়েই প্রধান কোচের কাছে জাতীয় দলের সব দায়-দায়িত্ব অর্পন করতে যাচ্ছে বাফুফে। এরকম পদের বাহুল্য না থাকলেও ২০০৫ সালে আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানির হাতে তুলে দিয়েছিলেন এই কাজী সালাউদ্দিন। তিনি ছিলেন বাফুফের বিগত কমিটির জাতীয় দল ব্যবস্থাপনার দায়িত্বে। মাঝপথে সালাউদ্দিনের পদত্যাগ, অতঃপর ক্রুসিয়ানিকে অনেক অপমান করে বিদায় দেওয়া হয় ২০০৬ সালে।
এবার সেরকম অঘটন না ঘটার নিশ্চয়তা দিচ্ছেন বাফুফে সভাপতি, "আমি দায়িত্বে থাকাকালীন কোনো কোচকে অসম্মানিত করা হবে না, এই নিশ্চয়তা দিচ্ছি আমি।" বাফুফের বাইরে থেকেও তিনি কষ্ট পেয়েছেন ক্রুসিয়ানির পরিণতির জন্য। এই আর্জেন্টাইনের পর তার দ্বিতীয় পছন্দ নতুন ব্রাজিলিয়ান কোচ ডিডো। মাঝে ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিনের আরেকটা অধ্যায় শেষ হয়ে গেলেও তখন বাফুফের বাইরে সালাউদ্দিন। তাই ইউরোপীয় ফুটবলের অনুরাগী হয়েও সভাপতির দক্ষিণ আমেরিকান অঞ্চলের কোচ পছন্দের বিষয়টা ঠিক মিলছে না। তাহলে কী নিজের বিশ্বাস পাল্টে ফেললেন সভাপতি ? "না। এটা কাকতালীয়। নিজের বিশ্বাসের জায়গায় ঠিক আছি আমি। আসল কথা হচ্ছে, ইউরোপীয়দের অনেক দাম, তাই আনতে পারছি না"--- হাসতে হাসতে বলছেন এদেশের ফুটবলের বড় তারকা কাজী সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩৫ঘ.
bdnews24