ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দু-দুবার পেছানোর পর অবশেষে গত তিন বছরের সেরা ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে পুরস্কার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। বুধবার এসব কীর্তিমানদের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ--এর চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ।
এটা ডিসেম্বর মাস। আন্তর্জাতিক অঙ্গনে এখন বিভিন্ন ক্ষেত্রে (শুধু ক্রীড়া) বছরের সেরা ব্যক্তিদের সম্মাননা জানানো হচ্ছে। আর এখানে ক্রীড়ালেখক সমিতি স্মরণ করছে পুরনোদের। হ্যাঁ, এটাকে স্মরণ করাই বলতে হবে, কারণ পুরস্কার বললে তাদের বর্তমান অবস্থার কথাও চোখের সামনে ভেসে ওঠে। তাতে দেখা যায় জাতীয় দল থেকে বাদ পড়া শাহরিয়ার নাফিসকে নিন্দা-মন্দ সইতে হচ্ছে আইসিএলে যাওয়ায়। রাসেল খান বাপ্পী-তো হকি খেলা প্রায় ছেড়েই দিয়েছেন। অথচ তারা ২০০৬ সালে ক্রীড়ালেখক সমিতির সেরা ক্রীড়াবিদ, যাদের বর্তমান প্রেক্ষাপটে পুরস্কার নেওয়াটা বিসদৃশই মনে হয়েছে।
এরকম উদাহরণ আরো দেওয়া যায়। কারণ ক্রীড়ালেখক সমিতি ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত তিন বছরের সেরাদের পুরস্কৃত করেছে বুধবার এনএসসি টাওয়ারের হল রুমে। প্রধান অতিথি অধ্যাপক মোজাফফর আহমদ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে একে একে ২৪ টি পুরস্কার বিতরণ করেছেন। তারপর প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের কৈশোর ও যুবা বয়সে ক্রীড়াঙ্গনের স্মৃতি রোমন্থন করেছেন।
এর পরপরই অনুষ্ঠান শেষ হয়েছে ক্রীড়ালেখক সমিতির সভাপতি সারওয়ার হোসেনের বক্তব্য দিয়ে। স্বাভাবিকভাবে সাফল্য ছাড়া আর কিছুই চোখে পড়েনি তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১২৪ ঘ.
bdnews24