লন্ডন, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে চেলসির দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু সোমবার রাতে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি তারা, গোলশূন্য ড্র করেছে এভারটনের মাঠে। তাই লিভারপুলকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেও উঠতে পারেনি 'ব্লুজ'।
ম্যাচের শুরু থেকে অবশ্য চেলসিরই আধিপত্য ছিল। কিন্তু ৩৪ মিনিটে লিওন ওসমানকে মারাত্মক ফাউল করে অধিনায়ক জন টেরি সরাসরি লালকার্ড দেখলে আক্রমণে কিছুটা ভাটা পড়ে তাদের। তারপরও দ্বিতীয়ার্ধে ইনজুরি থেকে ফেরা দিদিয়ের দ্রগবাকে নামিয়ে গোল আদায়ের চেষ্টা করেছিল স্কলারির দল। কিন্তু গোলের দেখা না পাওয়ায় এক পয়েন্ট নিয়েই ফিরতে হয়েছে এভারটন থেকে।
ইংলিশ লিগে প্রতিপক্ষের মাঠে আগের ১১ ম্যাচে টানা জয় পাওয়া চেলসি এভারটনকে হারাতে পারলে উঠে যেত পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু তা না পাওয়ায় ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে অ্যাস্টন ভিলা (১৮ ম্যাচে ৩৪), ম্যানচেস্টার ইউনাইটেড (১৬ ম্যাচে ৩২) ও আর্সেনাল (১৮ ম্যাচে ৩১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৫৭ঘ.
bdnews24