২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জনের ব্রাদার্সের কাছেই পাত্তা পেল না খুলনা আবাহনী

১০ জন নিয়েও জিততে কোনো সমস্যা হয়নি ব্রাদার্স ইউনিয়নের। সোমবার খুলনা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে তারা সিটিসেল বি. লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে। সুবাদে ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন পয়েন্ট তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি শীর্ষ দল আবাহনীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ১০ জন নিয়েও জিততে কোনো সমস্যা হয়নি ব্রাদার্স ইউনিয়নের। সোমবার খুলনা আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে তারা সিটিসেল বি. লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে। সুবাদে ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স এখন পয়েন্ট তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি শীর্ষ দল আবাহনীর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটিকে ব্রাদার্স শুরু থেকে একপেশে করে দেয়। আক্রমণমুখো ব্রাদার্সের বিপরীতে খুব অসহায় লাগছিল খুলনা আবাহনীকে। কিন্তু ৩০ মিনিটে অরূপ বৈদ্য লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ায় শক্তির সমতা বিধানের সম্ভাবনাও জেগেছিল। তা আবার মিইয়েও গেছে। কারণ মানুষের সংখ্যা দিয়ে সবসময় শক্তি মাপা যায় না। সামর্থ্যই হচ্ছে মাপার সূচক। তাতে দেখা গেছে, ১০ জনের ব্রাদার্সই ১১ জনের খুলনা আবাহনীকে হারানোর জন্য যথেষ্ট। ৩০ মিনিটে ব্রাদার্সের অরূপ বল নিয়ে ডি বক্সের ঢোকার মুখে সংঘর্ষ হয় খুলনা আবাহনীর গোলরক্ষক ফয়েজ আহমেদের সঙ্গে। দৃশ্যতঃ 'কমন বল' মনে হলেও সংঘর্ষে ফয়েজের ডান পায়ের হাড় ভেঙ্গে গেছে। এজন্য হয়তো অরূপকে লালকার্ড দেখান রেফারি মিজানুর রহমান। তারপরও ব্রাদার্সের আধিপত্য আব্যাহত থাকে। এবং ৫৩ মিনিটে লিটন গোল করে এগিয়ে নেন দলকে। ডানদিক থেকে হেনরির ক্রসে হেড করে এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোল করেছেন লিগে। এই গোলেই জয় নিশ্চিত ধরে ব্রাদার্সের খেলোয়াড়রা জয় বিপদ প্রায় ডেকে এনেছিলেন। হয়তো একজনের ঘাটতি মেটাতে গিয়ে কিছুটা ক্লান্তও। সেই সুযোগে ৮০ মিনিটে আশিকুলের ক্রসে তারিকুল ইসলাম গোল করে ম্যাচে ফেরান খুলনা আবাহনীকে। গোলটি এক মিনিট আগেও হতে পারতো, হলে তা হতো কাজী মনজুরুলের একক নৈপুন্যের অসাধারণ এক প্রদর্শনী। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে তিনি গোলমুখ খুলেও বলটি তুলে দিয়েছেন গোলরক্ষক জিয়াউর রহমানের হাতে। আবার গোলের মিনিটখানেক পরেও আরেকটি সুযোগ নষ্ট করেছেন রেজাউল হাকিম। খুলনা আবাহনীল এই ৭ মিনিটের ঝলকের পরই আবার জেগে উঠে শংকিত ব্রাদার্স। এবং ৮৪ মিনেট শংকার হেনরির গোলে দূর হয় শংকা। মিশুর বানিয়ে দেওয়া বলে কোনাকুনি শটে বদলী গোলরক্ষক নাহিদকে পরাস্ত করেছেন ব্রাদার্সের এই উগান্ডান স্ট্রাইকার। মিনিট পাঁচেক পরে শাকিল গোল করে মাঠের একচেটিয়া আধিপত্য অনূদিত করেন স্কোরলাইনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০৫ঘ.