মাদ্রিদ/লন্ডন/মিলান, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিছিয়ে পড়ে, দশ জন নিয়ে খেলেও পয়েন্ট নষ্ট করেনি বার্সেলোনা। রোববার ভিলারিয়ালকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় নিকটতম প্রতিপক্ষ সেভিয়ার চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করেছে তারা। রোববারই ইংলিশ প্রিমিয়ার লিগে দশ জন নিয়েও শীর্ষে থাকা লিভারপুলকে ১-১ গোলে রুখে দিয়েছে আর্সেনাল। আর ইতালিয়ান সিরি 'আ'-তে জয় পেয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে জুভেন্টাস ও এসি মিলান।
ভিলারিয়ালের মাঠে ৪৮ মিনিটে ক্যানির গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে ৫৪ মিনিটে দারুণ এক হেডে সমতায় ফিরিয়েছেন সেইডু কেইটা। তার ১৩ মিনিট পর জাভির ক্রস থেকে থিয়েরি অঁরির ভলি এগিয়ে দিয়েছে 'বার্সা'কে। জেরার্ড পিকিউ দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় শেষ ১৫ মিনিট দশ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। তবে এই সময়টা প্রতিপক্ষকে রুখে দিয়ে তিনটি মূল্যবান পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে বার্সেলোনা। যার ফলে 'লা লিগা'র প্রথম লেগে নিকটতম পাঁচ প্রতিপক্ষকে হারানোর লক্ষ্যও পূরণ হয়েছে তাদের।
এই জয়ের ফলে ১৬ ম্যাচ থেকে 'বার্সা'র সংগ্রহ ৪১ পয়েন্ট। পেপ গার্ডিওলার দলের জন্য যা একটা রেকর্ড। এর আগে ২০০৪-০৫ মৌসুমে ফ্র্যাঙ্ক রাইকার্ডের বার্সেলোনা সমান ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে রেকর্ডটা গড়েছিল। শুধু নতুন রেকর্ডই নয়, মায়োরকার সঙ্গে গোলশূন্য ড্র করা সেভিয়ার (৩১ পয়েন্ট) চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকায় তারা এখন অনেকখানি স্বস্তিতে। অ্যাটলেটিকো ও ভ্যালেন্সিয়া দু দলেরই সংগ্রহ ৩০ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ভিলারিয়ালের অবস্থান।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তের জন্ম ৬২ মিনিটে। সে সময়ে লিভারপুলের আলভারো আরবেলোয়াকে কনুই দিয়ে গুঁতো দেয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছে ইমানুয়েল আদোবায়রকে। এর আগে ২৪ মিনিটে রবিন ফন পার্সি আর্সেনালকে এগিয়ে দিলেও বিরতির মিনিট তিনেক আগে লিভারপুলকে ম্যাচে ফিরিয়েছেন রবি কিন। ড্র করেও ইংলিশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে 'অলরেড'দের ঠিক পরেই চেলসির অবস্থান। পরের তিনটি স্থান অ্যাস্টন ভিলা (১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট), ম্যানচেস্টার ইউনাইটেড (১৬ ম্যাচে ৩২) ও আর্সেনালের (১৮ ম্যাচে ৩১)।
সিরি 'আ'তে আটালান্টার মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। 'জুভ'দের তিন গোলদাতা আলেসান্দ্রো দেল পিয়েরো, নিকোলা লেগ্রোত্তাগলি ও আমাউরি। আর ঘরের মাঠ সানসিরোতে এসি মিলান ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে উদিনেসকে। আলেক্সান্দ্রে পাতো এবং কাকা দুটো করে গোল করেছেন। মিলানের অন্য গোলটা ক্ল্যারেন্স সিডর্ফের। ১৭ রাউন্ডশেষে ৩৬ পয়েন্ট নিয়ে ইতালিয়ান লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে জুভেন্টাস। তাদের ঠিক পরেই মিলান (৩৩) ও ফিওরেন্টিনার (৩২) অবস্থান। ৪২ পয়েন্ট শীর্ষে যথারীতি বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২৮ঘ.
bdnews24