২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জের সঙ্গে ড্র করতে পারাটাই আবাহনীর ভাগ্য!

ম্যাচে নিরুত্তাপ থাকলেও ম্যাচশেষে তারা উত্তাপ ছড়িয়েছেন ড্রেসিংরুমে। আবাহনীর গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য রাগ ঝাড়ছেন রেফারি আজাদ রহমানের ওপর। অন্যরাও সঙ্গ দিচ্ছেন, "রেফারি পক্ষপাতদুষ্ট হয়ে বাঁশি বাজিয়েছেন। ইনজুরি টাইমও কম দিয়েছেন।" ড্রেসিংরুমের ভেতরে রেফারির মুন্ডপাত হলেও বাইরে কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু আবাহনীর কর্মকর্তারা। তাদের গালাগালি করছে সমর্থকরা তারস্বরে চিৎকার করে। দলের প্রতি অমনযোগ আর অবহেলার অপরাধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 05:08 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ম্যাচে নিরুত্তাপ থাকলেও ম্যাচশেষে তারা উত্তাপ ছড়িয়েছেন ড্রেসিংরুমে। আবাহনীর গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য রাগ ঝাড়ছেন রেফারি আজাদ রহমানের ওপর। অন্যরাও সঙ্গ দিচ্ছেন, "রেফারি পক্ষপাতদুষ্ট হয়ে বাঁশি বাজিয়েছেন। ইনজুরি টাইমও কম দিয়েছেন।" ড্রেসিংরুমের ভেতরে রেফারির মুন্ডপাত হলেও বাইরে কিন্তু আক্রমণের লক্ষ্যবস্তু আবাহনীর কর্মকর্তারা। তাদের গালাগালি করছে সমর্থকরা তারস্বরে চিৎকার করে। দলের প্রতি অমনযোগ আর অবহেলার অপরাধে। ড্রেসিংরুমের ভেতর-বাইরে দু'ধরনের উত্তেজনা বিশ্লেষণ করলে দেখা যায় সমর্থকরাই ঠিক। তারা বুঝে নিয়েছে রেফারি এ ম্যাচে আরো ৪৫ মিনিট ইনজুরি টাইম দিলেও আবাহনী কিছু করতে পারতো না। ভাগ্য ভাল যে গোল হজম না করে ফরাশগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে অন্তত এক পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় লেগের শুরুর ম্যাচে এই হাল হলে সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে নিশ্চিত। গতবারের চ্যাম্পিয়ন দলে প্রাণ সঞ্চার করে শীর্ষস্থান (২৩ পয়েন্ট) ধরে রাখতে কর্মকর্তাদেরই উদ্যোগী হতে হবে। তার আগে অবশ্যই দলের পারফরম্যান্স কাটাছেঁড়া করে ঘাটতির জায়গা চিহ্নিত করতে হবে। যদিও ফরাশগঞ্জের বিপক্ষে এরকম হাতাশাজনক পারফরম্যান্সের পর আবাহনী কোচ অমলেশ সেন সমস্যার কারণটা ঠিক বুঝতে পারছেন না, "মাঝমাঠে আমরা একেবারে খেলতে পারছি না। এজন্য গোলের সুযোগও ওভাবে তৈরি হচ্ছে না। কেন এরকম হচ্ছে?" যে দল আগে মাঝমাঠ নিয়ন্ত্রণ করতো গত কয়েক ম্যাচ ধরে তাদের সেই আধিপত্য দেখা যাচ্ছে না। এখন পারফরম্যান্স এমনই কুৎসিত যে ফরাশগঞ্জের বিপক্ষে বলার মতো মাত্র দুটো আক্রমণ আছে আকাশী-হলুদের! এ অবস্থা থেকে মুক্তির উপায় কী ? একটা হতে পারে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার জয় এবং প্রাণতোষকে একসঙ্গে না খেলানো। রোববার কিন্তু দুজনই ছিলেন একাদশে, সঙ্গী আবুল হোসেন ও আওদু ইব্রাহিম। তাদের পা থেকে ভাল একটি পাস বের হতে সময় লেগেছে ৪২ মিনিটে। ডানদিক থেকে প্রাণতোষ ফরাশগঞ্জের পোস্টের সামনে বলটি তুলে দিয়েছিলেন। যদিও ভাল অবস্থানে থেকে এমেকা হেড পোস্টে রাখতে পারেননি। ইব্রাহিমের অবদান ৬৭ মিনিটের একটি নীচু ক্রস। তা প্লেসিং করলেই গোল হয়ে যায় কিন্তু এবারও ব্যর্থ এমেকা। আরেক স্ট্রাইকার ৭ গোল করা জাহিদ হাাসান এমিলি এখন শীতনিদ্রায়, গত দু'ম্যাচের মতো ফরাশগঞ্জের বিপক্ষেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আসলে মাঠজুড়ে ফরাশগঞ্জের আধিপত্য থাকলে প্রতিপক্ষের তারকাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। সেদিক থেকে পুরো ৩ পয়েন্ট না পাওয়ায় নিজেদের দূর্ভাগা ভাবতে পারে তারা। কারণ নির্ধারিত সময়ের শেষ মিনিটে কালু জনসনের মিসটি ক্ষমার অযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে। কাউন্টার অ্যাটাকে আমিরুলের কাছ থেকে বল পেয়ে ওয়ান টু ওয়ানে এই নাইজেরিয়ান স্ট্রাইকার আবাহনীর ডিফেন্ডার ইদ্রিসকে ছিটকে ফেলেও শট মেরেছেন বাইরে। অথচ সামনে গোলরক্ষক বিপ্লব একেবারে অসহায় অবস্থায়। তার আগে প্রথমার্ধেও জনসন এবং এনামুল গোলের সুযোগ নষ্ট করেছেন। এরপরও ফরাশগঞ্জের কোচ কামাল বাবু সন্তোষ প্রকাশ করেছেন, "আমরা পয়েন্ট নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিলাম এবং শেষ পর্যন্ত নিয়েছি। সুযোগ নষ্ট না করলে হয়তো পুরো ৩ পয়েন্ট পেতাম।" প্রথম লেগে আবাহনীর কাছে এক গোলে হারের পর এই ড্র অবশ্যই ফরাশগঞ্জের জন্য আনন্দের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.