ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয় গেমসের প্রস্তুতি। শুরুতে ১৩ টি ডিসিপ্লিনে আবাসিক প্রশিক্ষণ শিবির হবে, পরে এর সঙ্গে যোগ হবে আরো চারটি ডিসিপ্লিন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই প্রস্তুতি আয়োজনে এবার নতুন সংযোজন হচ্ছে, বায়োমেকানিক্স পরীক্ষা।
২০১০ সালে একাদশ দক্ষিণ এশিয় গেমসের (এস এ) আয়োজক বাংলাদেশ। আয়োজনের মান এবং মাঠে অ্যাথলেটদের পারফরম্যান্সকে বেশ গুরুত্ব দিচ্ছে বিওএ। এজন্য তারা আগেভাগে প্রস্তুতি পর্ব শুরু করে দিতে চায়। পুরনো সূচী অনুযায়ী ডিসেম্বর আবাসিক ক্যাম্প শুরুর কথা থাকলেও তা চলে গেছে জানুয়ারিতে। বিওএ'র একটি সূত্র আগামী ৩ জানুয়ারি থেকে আবাসিক ক্যাম্প শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে শুরু হবে ১৩ টি ডিসিপ্লিনের অ্যাথলেটদের নিয়ে। পরে যোগ হবে টেবিল টেনিস, গলফ, কুস্তি ও ফুটবল। তবে ফুটবলের প্রস্তুতি শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাফুফে। ফুটবলাররা এখন ঘরোয়া ফুটবলে ব্যস্ত, বি. লিগ শেষ হলে শুরু হবে জাতীয় লিগ। তাই কীভাবে এবং কখন থেকে ফুটবলের দলের প্রস্তুতি শুরু হবে তা এখনো বলা যাচ্ছে না। ইতিমধ্যে ফেডারেশনগুলো অ্যাথলেটদের তালিকা পাঠিয়ে দিয়েছে বিওএ-তে।
প্রশিক্ষণ চলাকালীন তাদের বায়োমেকানিক্স পরীক্ষা করা হবে। মানে অ্যাথলেটদের হাড়, মাংসপেশী পরীক্ষা করে বিওএ তাদের সম্ভাবনা যাচাই করে নিতে চায়। শুধু দক্ষিণ এশিয় গেমসের জন্য নয়, ২০১২ অলিম্পিক গেমসের জন্য প্রতিভাবান অ্যাথলেট বাছাই করবে এর মধ্যে থেকে। ফেডারেশনগুলোর পাঠানো অ্যাথলেট তালিকাগুলোর মধ্যে বিস্ময়করভাবে কারাতের তালিকা বেশ লম্বা। ৭২ জনের নাম পাঠিয়েছে তারা। অথচ এর আগে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা সোনা জিতেছে এমন রেকর্ড নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.
bdnews24