২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট হারালো ইংলিশ লিগের তিন বড় দল

শনিবার মাঠে নামেনি তার দল, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের এদিনের ম্যাচগুলোর ফল দেখে সবচেয়ে খুশি হবেন চেলসির কোচ লুই ফেলিপ স্কলারি। শিরোপা লড়াইয়ে তার দলের তিন প্রতিদ্বন্দ্বী লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল পয়েন্ট হারিয়েছে এদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 06:40 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

লন্ডন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শনিবার মাঠে নামেনি তার দল, কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের এদিনের ম্যাচগুলোর ফল দেখে সবচেয়ে খুশি হবেন চেলসির কোচ লুই ফেলিপ স্কলারি। শিরোপা লড়াইয়ে তার দলের তিন প্রতিদ্বন্দ্বী লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড আর আর্সেনাল পয়েন্ট হারিয়েছে এদিন। স্টিভেন জেরার্ডের দুগোলের সুবাদে হাল সিটির সঙ্গে কোনো রকমে হার এড়িয়েছে শীর্ষে থাকা লিভারপুল। এই ম্যাচের ২২ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল অলরেডরা, শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের অমীমাংসায়। টটেনহ্যাম হটস্পারসের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে, আর আর্সেনালেরই সাবেক খেলোয়াড় জেরেমি অ্যালিয়াদিয়ারের লক্ষ্যভেদে গানারদের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিয়েছে মিডলসবরো। ইমানুয়েল আদেবায়েরের গোলে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে আর্সেনাল। এই তিন দলের ব্যর্থতা চেলসির সামনে সুযোগ এনে দিয়েছে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার। রোববার নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামকে হারাতে পারলেই শীর্ষে ফিরবে ব্লুজরা। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ আপাতত ৩৬, ১৭ ম্যাচে লিভারপুলের ৩৮ আর ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ ম্যাচে ৩২। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন পঞ্চম স্থানে। শনিবারই বোল্টন ওয়ান্ডারার্সকে ৪-২ গোলে হারিয়ে তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে গেছে অ্যাস্টন ভিলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১৫১ ঘ.