বেলগ্রেড, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইনজুরি আর সাসপেনশনের খাঁড়ায় সময়টা ঠিক ভালো যাচ্ছিল না দিদিয়ের দ্রগবার। কিন্তু মঙ্গলবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিক সময়েই সেই খারাপ সময়টা পেছনে ফেলেছেন আইভরিকোস্টের এই স্ট্রাইকার। ইউরোপ সেরা এই টুর্নামেন্টে তার ঊনিশতম গোল চেলসিকে পৌঁছে দিয়েছে দ্বিতীয় পর্বে। রুমানিয়ান ক্লাব সিএফআর ক্লুজকে ২-১ গোলে হারিয়েছে 'ব্লুজ'রা। ফ্রান্সের বর্দুকে ২-০ গোলে হারিয়ে 'এ' গ্র"প থেকে তাদের সঙ্গী হয়েছে ইতালির এএস রোমা-ও।
এবারের টুর্নামেন্টের সাড়া জাগানো দল অ্যানরথসিস ফ্যামাগুস্তাকে একমাত্র গোলে হারিয়ে 'বি' থেকে নকআউট পর্বে উঠেছে গ্রিসের প্যানাথিনাইকোসও।
আর আগেই নকআউট পর্বে ওঠা ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে জার্মানির ওয়ের্ডার ব্রেমেন পেয়েছে 'সান্ত্বনা পুরস্কার' - দ্বিতীয় রাউন্ডে ওঠার টিকেট না পেলেও তারা পেয়েছে উয়েফা কাপে খেলার সুযোগ।
এদিনের অন্য এক ম্যাচে হেরেছে আগেই চূড়ান্ত পর্বে ওঠা আরেক ক্লাব স্পেনের বার্সেলোনাও। বার্সারই মাঠ ন্যু ক্যাম্পে তাদের ৩-২ গোলে হারিয়েছে ইউক্রেনের শাখতার দনেতস্ক। তবে এমনই একটি অর্থহীন ম্যাচে বার্সেলোনার গ্র"পসঙ্গী স্পোর্টিং লিসবন কোনো সুযোগ দেয়নি সুইজারল্যান্ডের এফসি ব্যাসেলকে। ইয়ানিক দিয়ালোর দেওয়া একমাত্র গোলে জিতেছে তারা।
দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করতে স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটিতে জয়ই প্রয়োজন ছিল চেলসির। ৪০ মিনিটে সলোমন কালুর দেওয়া গোলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও ৫৫ মিনিটে ইউসেফ কোনের গোলে সমতা এনে কোচ লুই ফেলিপ স্কলারির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল ক্লুজ। ৭১ মিনিটে দ্রগবার গোল সেই দুশ্চিন্তা দূর করেছে তাদের। এই জয়ে 'এ' গ্র"পের দ্বিতীয় স্থান পেয়েছে ব্লুজরা, ম্যাটিও ব্রিঘি আর ফ্রান্সেসকো টট্টির গোলে বর্দুকে হারিয়ে এই গ্র"পের শীর্ষস্থান পেয়েছে রোমা।
ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল আর আর্সেনালের পর চেলসিরও এই সাফল্যে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্র"পপর্ব থেকে ইংল্যান্ডের সবগুলো দলই উঠলো নকআউট পর্বে।
এক নজরে চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবারের ম্যাচগুলোর ফল :
গ্র"প - 'এ'
চেলসি ২ : সিএফআর ক্লুজ ১
রোমা ২ : বর্দু ০
গ্র"প - 'বি'
ওয়ের্ডার ব্রেমেন ২ : ইন্টার মিলান ১
প্যানাথিনাইকোস ১ : অ্যানরথসিস ০
গ্র"প - 'সি'
শাখতার দনেতস্ক ৩ : বার্সেলোনা ২
স্পোর্টিং লিসবন ১ : এফসি বাসেল ০
গ্র"প - 'ডি'
অলিম্পিক মার্শেই ০ : অ্যাটলেটিকো মাদ্রিদ ০
লিভারপুল ৩ : পিএসভি এইন্দহোফেন ১
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩৫২ ঘ.
bdnews24