২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেরেসার কাছে গিয়ে অন্য চেহারায় ম্যারাডোনা

'ভিভা ম্যারাডোনা', 'ম্যারাডোনা, ম্যারাডোনা' ---- 'মাদার হাউস'-এর ছোট্ট গলি হাজার-হাজার মানুষের চিৎকারে প্রকম্পিত। দু দিনের সফরে কলকাতায় আসা ডিয়েগো ম্যারাডোনা রোববার 'মাদার হাউস'-এ এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফুটবল-মহানায়কের ভক্তদের চিৎকারে মুখরিত হয়ে উঠলো আকাশ-বাতাস। কিন্তু তিনি ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই পাল্টে গেল দৃশ্যপট। সারা দুনিয়ার শান্তির প্রতীক, আর্তের আশ্রয়স্থল মাদার তেরেসার সমাধিতে আর্জেন্টাইন ফুটবলের প্রতীক জানালেন হৃদয়ের অন্তঃস্থলের শ্রদ্ধার্ঘ্য, আদরে ভরিয়ে তুলে জয় করে নিলেন 'মাদার হাউস'-এর অনাথ শিশুদের মন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

কলকাতা, ৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ভিভা ম্যারাডোনা', 'ম্যারাডোনা, ম্যারাডোনা' ---- 'মাদার হাউস'-এর ছোট্ট গলি হাজার-হাজার মানুষের চিৎকারে প্রকম্পিত। দু দিনের সফরে কলকাতায় আসা ডিয়েগো ম্যারাডোনা রোববার 'মাদার হাউস'-এ এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফুটবল-মহানায়কের ভক্তদের চিৎকারে মুখরিত হয়ে উঠলো আকাশ-বাতাস। কিন্তু তিনি ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই পাল্টে গেল দৃশ্যপট। সারা দুনিয়ার শান্তির প্রতীক, আর্তের আশ্রয়স্থল মাদার তেরেসার সমাধিতে আর্জেন্টাইন ফুটবলের প্রতীক জানালেন হৃদয়ের অন্তঃস্থলের শ্রদ্ধার্ঘ্য, আদরে ভরিয়ে তুলে জয় করে নিলেন 'মাদার হাউস'-এর অনাথ শিশুদের মন। ১৯৫০ সালে মাদার তেরেসা প্রতিষ্ঠিত 'মিশনারিজ অব চ্যারিটি'র অবস্থান দক্ষিণ কলকাতার নাতিদীর্ঘ এক গলিতে। রোববার সেই গলি তো বটেই, আশে-পাশের রাস্তাগুলোতেও 'ঠাঁই নাই, ঠাঁই নাই' অবস্থা! ফুটবলের রাজপুত্রকে বরণ করে নিতে অন্তত হাজার বিশেক মানুষের জমাট ভীড়। রূপালী-সাদা রংয়ের মার্সিডিজে করে কালো টি-শার্ট ও জিন্স পরা ম্যারাডোনা সেখানে পা রাখার সঙ্গে সঙ্গে শুরু হলো তার নামে জয়ধ্বনি। ম্যারাডোনাও শূন্যে চুমু ছুঁড়ে জবাব দিলেন অভিবাদনের। এরপর বান্ধবী ভেরোনিকাকে নিয়ে প্রবেশ করলেন 'মাদার হাউস'-এ। মাদার তেরেসার 'তীর্থভূমি'র পুরোটা ঘুরে দেখার পর তিনি গেলেন অনাথ শিশুদের কাছে। তাদের মধ্যে অনেকেই মানসিক প্রতিবন্ধী। সেই সব দুর্ভাগা শিশুদের জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে তিনি পা রাখলেন মাদার তেরেসার সমাধির সামনে। চারদিকে তখন পিনপতন নিস্তব্ধতা। স্তব্ধতার মাঝেই ম্যারাডোনা একটা মোমহাতি জ্বালিয়ে হাত-জোড় করে দাঁড়িয়ে পড়লেন শান্তির অগ্রদূত সেই মহীয়সী নারীর সমাধির সামনে। সিস্টাররা প্রার্থনা করলেন, তিনিও নিজেও নিশ্চুপ দাঁড়িয়ে দিলেন শ্রদ্ধাঞ্জলি। মাদারের মূর্তির সামনেও দাঁড়ালেন কিছুক্ষণ। তার হাতে তখন 'মিশনারিজ অব চ্যারিটি'র বর্তমান প্রধান সিস্টার নির্মলার উপহার দেয়া একটি বই। যে বইটা রচিত হয়েছে মাদার তেরেসার সঙ্গে কাজ করার দুর্লভ অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তিদের স্মৃতিচারণা নিয়ে। এমনিতে মুখে কথার খৈ ফুটলেও 'মাদার হাউস'-এ গিয়ে ম্যারাডোনাও হয়ে পড়েছিলেন আবেগাক্রান্ত। আবেগ সামলে কোনো রকমে বলতে পারলেন, "এই শহরে মাদার তেরেসা কী কাজ করেছিলেন আমি তা দেখতে চেয়েছি। তাই সফরটা কাজে লাগাতে চেয়েছি মাদার হাউসে এসেই।" ফেরার সময় আবার সেই হর্ষধ্বনি, 'ভিভা ম্যারাডোনা', 'ম্যারাডোনা, ম্যারাডোনা' চিৎকার। যাদের অনেকের শরীরে আর্জেন্টিনার বিখ্যাত আকাশী-সাদা জার্সি। তাদের তখন একটাই লক্ষ্য --- নিরাপত্তারক্ষীদের বাধা এড়িয়ে যতটা সম্ভব আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের কাছাকাছি যাওয়া। একজন তো বলেই বসলো, "আমি তার পা স্পর্শ করতে চাই, তার বাঁ পা। দেখতে চাই সেটা কী দিয়ে তৈরী!" এত আবেগঘন সময় কাটালেও এই সফরে ফুটবল নিয়েও কথা বলতে হয়েছে আর্জেন্টিনার কোচকে। বলেছেন আসলে তার প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে। বার্সেলোনা-তারকাকে ঘিরে তার এখন অনেক প্রত্যাশা। তার আশা মেসির হাত ধরেই আগামী বিশ্বকাপের ট্রফিটা ফিরে আসবে আর্জেন্টিনায়, "মেসিকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমি মনে করি নিজের পারফরম্যান্স উন্নত করার জন্য তার সামনে আরো ১০ বছর সময় পড়ে আছে। ২০১০ (বিশ্বকাপে) সে ভালো করবেই। সে আমার মতোই কিছু একটা করবে।" 'আমার মতো' অর্থাৎ '৮৬ বিশ্বকাপের ম্যারাডোনার মতো! যা করলেই বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয় প্রায় নিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.