ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মাত্র ৩ মাস ১৪ দিনেই শেষ হয়ে যাচ্ছে জাতীয় দলের হয়ে মানিকের কোচিং ক্যারিয়ার! বাফুফের পক্ষ থেকে এরকম আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তার ব্যাপারে অনীহার ইঙ্গিত দিচ্ছে নানা সূত্র।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির এক পক্ষের বিরক্তিটা অবশ্য প্রকাশ্য রূপ নিয়েছে। গত শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভার পর কো-চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী বলেছেন, "সভার সদস্যরা মানিককে নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। তাই সদস্যরা কমিটির চেয়ারম্যানকে বাফুফে সভাপতির সঙ্গে আলাপ করতে বলেছেন।" জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় অবশ্য শফিকুল ইসলাম মানিকের চুক্তি নবায়নের দিকেই ঝুঁকে আছেন। কিন্তু অনেকের অবস্থান তার বিপক্ষে। খোদ কো-চেয়ারম্যানই বিরক্তি প্রকাশ করে বলেছেন, "মায়ানমারে দলের পারফরম্যান্সে আমি খুশি হতে পারিনি। দল কেমন খেলেছে সেটা বড় কথা নয়, আমরা শূন্য হাতে ফিরেছি।"
গত মাসে মায়ানমারে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপে ইন্দোনেশিয়ার কাছে হেরে এবং স্বাগতিকদের সঙ্গে ড্র করে গ্র"প পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। তার আগে ৪০তম মারদেকা কাপেও দৌড় ছিল গ্র"প পর্ব পর্যন্ত। সেই টুর্নামেন্টে মায়ানমার ও মোজাম্বিক অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে হারার পর বাংলাদেশ ড্র করেছিল ভিয়েতনাম অলিম্পিক দলের সঙ্গে। মারদেকা কাপে বাংলাদেশ দল এবং কোচের পারফরম্যান্স নিজের চোখে দেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর মানিকের কোচিং নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য না করলেও উল্টো জাতীয় দলের কোচের মন্তব্যে সভাপতি বিরক্ত হয়েছেন। মারদেকা ফেরত মানিক বি. লিগে বিদেশী বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন, যা সমালোচিত হয়েছে ফুটবল মহলে। আধুনিক ফুটবলে যে এরকম বিধি-নিষিধ আরোপ করে উন্নতি করা যায় না, সেই বোধটুকুও থাকবে না বাংলাদেশ দলের কোচের!
এছাড়া সামনে জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। বাফুফে মনযোগী হয়েছে ঘরোয়া ফুটবলে। তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্র"য়ারিতে শেষ হবে বি. লিগ, তারপর আছে সুপার কাপ। মানে এপ্রিল পর্যন্ত খেলোয়াড়রা ব্যস্ত থাকবেন ঘরোয়া ফুটবলে। তাই এসময়ে পুনঃনিয়োগ দিয়ে মানিককে বিনা কাজে বেতন দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন ব্যবস্থাপনা কমিটির অনেকে। গত ১৯ আগস্ট থেকে জাতীয় দলের দায়িত্ব নেওয়া এই বাংলাদেশী কোচের মেয়াদ নভেম্বরেই শেষ হয়ে গেছে। এই ৩ মাস ১৪ দিনের প্রথম মেয়াদে তিনি ৫টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে কোনো জয় উপহার দিতে পারেননি। দেখাতে পারেননি নিজের কোচিং ক্যারিশমাও।
মানে নিজের পক্ষে কিছুই নিতে পারেননি মানিক। সুতরাং কাজী সালাউদ্দিন তার পক্ষে থাকবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.
bdnews24