ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- কোলাহল মুখর আবাহনী গ্যালারিতে ঝুপ করে নেমে এলো কবরের নিস্তব্ধত! মাত্র এক মিনিটের জন্য সমর্থকদের তুমুল আনন্দ জয়োৎসবে রূপ নিতে দেননি রবিন। মোহামেডানের এই স্ট্রাইকার অসাধারণ সুন্দর এক গোল করে আবারো জয় বঞ্চিত করেছেন ঢাকা আবাহনীকে। ফল, ২-২ গোলের অপ্রত্যাশিত ড্র মেনেই তাদের মাঠ ছাড়তে হয়েছে। তারপরও অবশ্য ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আকাশী-হলুদরা। আর মোহামেডান ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনো চতুর্থ স্থানে।
এই ম্যাচ হারলে তো পয়েন্ট তালিকায় অবস্থা আরো নাজুক হতো সাদাকালোদের। সেটা হতে দেননি রবিন। আবাহনীকে সামনে পেলেই যেন তিনি ভীষণ উদ্দীপ্ত হয়ে উঠেন পুরনো স্মৃতি রোমান্থন করে। তার স্মৃতির বড় একটা জায়গা জুড়ে আছে ঢাকা আবাহনী, যারা গত বি. লিগের পর ফরাশগঞ্জের এই তরুণ স্ট্রাইকারকে নিজেদের ক্যাম্পে নিয়ে এসেছিল। টেলিটক সিরিজসহ বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি আবাহনীর জার্সি গায়ে। কিন্তু মর্মান্তিক হলো যে উদ্দেশ্যে তাকে এতদিন দলের সঙ্গে রাখা সেই সিটিসেল বি. লিগের দলবদলের সময় বেঁকে বসে আবাহনী। সুযোগে মোহামেডান লুফে নেয় এই তরুণ স্ট্রাইকারকে। এবং তাকে দিয়েই শোধ তুলে যাচ্ছে ! ফেডারেশন কাপের ফাইনালে রবিনের সমতাসূচক গোলেই মোহামেডান টাইব্রেকারে পৌঁছে শিরোপা জিতে নিয়েছিল।
তারপর এবার লিগে দ্বিতীয় সাক্ষাতেও আবাহনীর পথের কাঁটা তিনি। ম্যাচ শেষ হতে মিনিট খানেক বাকি, ২-১ গোলে এগিয়ে থাকা আবাহনী শিবিরে জয়োৎসবের প্রস্তুতি চলছে। তাদের সব আয়োজন পন্ড করে দিয়ে রবিন আবারো মোহামেডানের ত্রাতার ভূমিকায়। নাসিরের লবটি ধরতে ধরতেই তিনি বাঁদিকে দুরূহ কোনে চলে গেছেন। যেখান থেকে গোল হওয়ার দৃশ্য কেবল টিভিতে দেখা যায়। রবিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তা করে দেখালেন। গোলরক্ষক বিপ্লবকে ফাঁকি দিয়ে বল আবাহনীর জালে আশ্রয় নিতেই বাদ্য-বাজনায় মুখর হয়ে উঠে মোহামেডান গ্যালারি। মাঠে তখন সাদাকালোর অবিশ্বাস আর আনন্দের মাখামাখি। ম্যাচ শেষেও সতীর্থ হাসান আল মামুন বিশ্বাস করতে পারছিলেন না, "ম্যাচ তো আবাহনীর গ্রিপেই ছিল। ওখান থেকে গোলে শটটা নেওয়া কঠিন। রবিন অবিশ্বাস্য এক গোল করে দলকে বাঁচিয়ে দিয়েছে।"
এই গোলের সঙ্গে তুলনা করলে ৯ মিনিটের সুযোগটা তার জন্য অনেক সহজ ছিল। বুকোলার বানিয়ে দেওয়া বলটি ফাঁকায় দাঁড়িয়ে থেকে নষ্ট করেছেন তিনি। ২০ মিনিটে অবশ্য এই রবিনের সঙ্গে ওয়ান-টু খেলেই আবাহনীর ডিফেন্সে জায়গা তৈরি করে নেন বুকোলা। তারপর আগুয়ান কিপারের মাথার ওপর দিয়ে বল আবাহনীর জালে পাঠিয়ে দিয়ে এই নাইজেরিয়ান মোহামেডনাকে এগিয়ে দেন ১-০ গোলে।
৪০ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন আবাহনীর এমেকা। জাহেদ পারভেজের পাস আয়ত্তে নিয়ে ঘানাইয়ান ইব্রাহীম বলটা ঠেলেন আনমার্কড এমেকার কাছে। যা খুব ঠান্ডা মাথায় এই নাইজেরিয়ান প্লেসিং করেন মোহামডানের পোস্টে। গোল শোধ করে আবাহনী আক্রমনের স্রোত বইয়ে দেয়। সেরকম এক আক্রমণকে পাল্টা আক্রমণে পরিণত করে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রবিন। দুরন্ত গতিতে তিনি আবাহনীর ডিফেন্ডার সুজনকে পেছনে ফেলে গোলে শটও নিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্যভাবে তা ঠেকিয়ে দেন বিপ্লব।
দ্বিতীয়ার্ধেও দু'পক্ষ সমানভাবে মরিয়া হয়ে উঠে গোলের জন্য। কিন্তু ভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় আবাহনী। ৫৫ মিনিটে ইব্রাহিমের শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরলে দুই ডিফেন্ডার ও গোলরক্ষকের মাঝে টোকা মেরে দ্বিতীয় গোল করেন এমেকা। যে কারণে ডিফেন্ডারদের দুষছেন মোহামেডান কোচ মারুফুল হক, "আমাদের ডিফেন্সের ভুলে গোলটা খেয়েছি। অথচ আমরা অনেক সহজ সুযোগ নষ্ট করেছি।"
সুযোগ হারানোর মাশুল দিতে হয়নি তাদের, এটাই ভাগ্য। বারবার আক্রমণ করেও আবাহনীর জমাট ডিফেন্স ভেদ করতে পারছিল না মোহামেডান। কিন্তু অতিমাত্রায় ডিফেন্সিভ হয়ে যে গোল ধরে রাখা যায় না তার আরেকটি নাজির রাখল আবাহনী। তবে ম্যাচ শেষে আবাহনী কোচ অমলেশ সেন অসহায় ভঙ্গিতে বলেছেন, "আমার মাঝমাঠ কাজ করছিল না। আবুল দম হারিয়ে ফেলায় তাকে তুলে নিয়ে ডিফেন্ডার নামিয়েছি। কিন্তু আরেকটা মিনিট পার করতে ....।"
এক মিনিট পার করে দিতে পারলেই অমলেশের স্ট্র্যাটেজির জয় হতো। না হওয়ায় এখন এক মিনিটের আফসোসটাই বড় হয়ে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.
bdnews24