ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ৩৮তম দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডের দুটো বিভাগে হেরেছে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে বাংলাদেশ ৩-১ পয়েন্টে স্কটল্যান্ডের কাছে এবং মহিলা দল ০.৫-৩.৫ পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরেছে।
জার্মানির ড্রেসডেনে অনুষ্ঠানরত অলিম্পিয়াডের নবম রাউন্ডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশ কেবল ১ পয়েন্ট পেয়েছে। সেটা এসেছে আব্দুল্লাহ আল রাকিবের বোর্ড থেকে, বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার হারিয়েছেন স্কটিশ গ্র্যান্ডমাস্টার শ জনকে। অন্য দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব এবং ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল হেরেছেন। নবম রাউন্ড শেষে বাংলাদেশের সংগ্রহ ৯টি ম্যাচ পয়েন্ট ও ১৯টি গেম পয়েন্ট।
মহিলা বিভাগে বাংলাদেশ ০.৫ পয়েন্ট পেয়েছে তনিমা পারিভীনের ড্র ম্যাচ থেকে। দলের বাকি তিনজন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, নজরানা খান ইভা ও শাবানা পারভীন নিপা হেরেছেন। নবম রাউন্ড শেষে বাংলাদেশ মহিলা দল পয়েছে ৮টি ম্যাচ পয়েন্ট ও সাড়ে ১৫টি গেম পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪০ঘ.
bdnews24