ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অনেক দিনের খরা কাটিয়ে বাংলাদেশের শ্যুটিং স্বর্ণখচিত একটি দিন উপহার দিলো। আসলে উপহার দিলেন আসিফ হোসেন খান। যিনি ফুরিয়ে গেছে বলে গুঞ্জন উঠেছে সেই কৃতি শ্যুটার দক্ষিণ এশিয়ান শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ৬৯৪.৩ স্কোর করে সোনা জিতেছেন। তারপর দলগত ইভেন্টেও তিনি দেশকে সোনা উহার দিয়েছেন সাইফুল আলম রিংকি ও ইমাম হোসেনকে সঙ্গী করে।
শনিবার ইসলামাবাদে শুরু হয়েছে চতুর্থ দক্ষিণ এশিয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। আর তাতে রাইফেল হাতে প্রথম দিনেই জ্বলে উঠেছেন আসিফ। জ্বালানী হিসেবে নাকি কাজ করেছে শ্যুটিং ফেডারেশনের কর্তাদের কঠোর হুঁশিয়ারি। যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু বিডিনিউজকে যেভাবে বলেছেন, "যাওয়ার আগে আমরা আসিফকে বলেছি, এটা তোমার শেষ সুযোগ। তুমি যদি কিছু করে দেখাতে পারো তাহলে তোমার জন্য অনেক কিছু করার চেষ্টা করবো। নইলে হয়তো এটাই তোমার জাতীয় দলের হয়ে শেষ সফর হয়ে যেতে পারে। মনে হয় এটাই কাজ দিয়েছে।" যেখানে ২০০৩ সালের এসএ গেমসে ৬৯১ স্কোর করে সোনা জিতেছিলেন ৫ বছর পর সেখানেই তিনি গড়েছেন নিজের সেরা স্কোর, ৬৯৪.৩। ইসলামাবাদই হয়ে গেছে নিজের সেরাটা খুঁজে পাওয়ার ভেন্যু !
অথচ কদিন আগেও তার পারফরম্যান্সে ছিল অধোগতির ধারা। স্কোর কমতে কমতে এমনই সাধারণ মানে নেমে এসেছিলেন, কমনওয়েলথ গেমস ও এসএ গেমসের সোনা জয়ী এই শ্যুটারকে নিয়ে ফেডারেশনও বিপাকে পড়েছিল। গতবছর দোহা এশিয়ান গেমসের ফাইনালে উঠতেও ব্যর্থ হয়েছিলেন। পারফরম্যান্সের উন্নতি না দেখে চীনের হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টার থেকেও মাঝপথে তাকে ফিরে আসতে হয়েছিল বৃত্তি অসমাপ্ত রেখে। গত জুনে সর্বশেষ জাতীয় শ্যুটিংয়ে এই ইভেন্টে ৬৭৭.২ স্কোর করে তিনি হয়েছিলেন তৃতীয়। সবই যখন ফুরিয়ে যাওয়ার নমুনা, তখন আসিফ হোসেন খান আবারো রাইফেল কাঁধে নিজের প্রত্যাবর্তন ঘোষণা করলেন প্রিয় ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে।
আরো একটি পদক এসেছে এই ১০ মিটার এয়ার রাইফেল থেকেই। ইমাম হোসেন ৬৮৯.৮ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। এছাড়া বাংলাদেশের মেয়েরা ৫০ মি. প্রোণ ইভেন্টেও দুটো পদক উপহার দিয়েছেন প্রথম দিনে। এককে সাবরিনা সুলতানা ৫৮১ স্কোর করেছেন ব্রোঞ্জ জিতেছেন এবং তিনি দলগতে ব্রোঞ্জ এনেছেন তৃপ্তি দত্ত ও শারমিন শিল্পাকে সঙ্গে নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০৫২ ঘ.
bdnews24