গ্লাসগো, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৯ বছর পর আবার হ্যাম্পডেন পার্কে বিজয়ী ডিয়েগো ম্যারাডোনা! তবে এবার কোচ হিসাবে। বুধবার কোচ ম্যারাডোনার বহুল প্রতীক্ষিত অভিষেক ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। আর্জেন্টাইনদের একমাত্র গোলটি ম্যাক্সি রড্রিগেজের।
আর্জেন্টিনা ন্যুনতম ব্যবধানে জিতলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পেয়েছে বিশাল জয়। ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়েও লুই ফ্যাবিয়ানোর দারুণ এক হ্যাটট্রিকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগালকে। ব্রাজিলের অন্য গোল তিনটি মাইকন, এলানো ও আদ্রিয়ানোর। পর্তুগালের দুই গোলদাতা ড্যানি ও সিমাও সাব্রোসা। ১৯৮৯ সালের পর পর্তুগিজদের বিপক্ষে এটাই ব্রাজিলের প্রথম জয়। যে জয় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন সমালোচকদের তোপের মধ্যে থাকা ব্রাজিল কোচ ডুঙ্গা। এবং এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে গোল-খরা কাটাতে পেরেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজেদের দর্শকদের সামনে সর্বশেষ গত নভেম্বরে গোল করেছিল তারা।
২৯ বছর আগে, ১৯৭৯ সালের জুনে হ্যাম্পডেন পার্কেই ১৮ বছর বয়সী ম্যারাডোনার পায়ের জাদুতে বিধ্বস্ত হয়েছিল স্কটিশ ডিফেন্স। সেদিন আর্জেন্টিনার ৩-১ গোলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলেরও দেখা পেয়েছিলেন তিনি। বুধবার গ্লাসগোর সেই হ্যাম্পডেন পার্কেই আর্জেন্টিনার কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচে জয় পেলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
স্কটিশদের বিপক্ষে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাকে। কার্লোস তেভেজের পাস ধরে ডান দিক দিয়ে ঢুকে পড়ে রড্রিগেজ যখন নিচু শটে লক্ষ্যভেদ করলেন তখন ম্যাচের বয়স মাত্র ৮ মিনিট। দুই মিনিট আগেই অবশ্য এগিয়ে যেতে পারতো দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু প্রথমবারের মতো আর্জেন্টিনার অধিনায়কত্ব করা হাভিয়ের মাসকেরানোর ভলি ডান দিকে ঝাঁপিয়ে সে যাত্রা স্কটিশদের রক্ষা করেন গোলরক্ষক অ্যালান ম্যাকগ্রেগর।
বিরতির আগে দু দলই গোল পেতে পারতো। কিন্তু আর্জেন্টিনার তরুণ স্ট্রাইকার এজেকুইয়েল লাভেজ্জির শট ম্যাকগ্রেগর পা দিয়ে ঠেকিয়ে দিলে এবং জেমস ম্যাকফ্যাডেনের কাছ থেকে নেয়া শট আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান পাবলো ক্যারিজো বাঁচালে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ব্যবধানটা বাড়ানোর সুযোগ এসেছিল ম্যারাডোনার দলের সামনে। তবে লাভেজ্জি ক্রসবারের ওপর দিয়ে মেরে নষ্ট করেছেন সুযোগটা। অবশ্য স্বাগতিকরাও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু ম্যাকফ্যাডেনের আরেকটি প্রচেষ্টা ক্যারিজো নষ্ট করায় এবং শেষ বাঁশির মিনিট খানেক আগে ডানদিক দিয়ে ঢুকে পড়া ডেভিড ক্লার্কসনকে আর্জেন্টাইন ডিফেন্স ঠেকিয়ে দেয়ায় অভিষেকেই জয়োৎসবে মেতে উঠতে সমস্যা হয়নি ম্যারাডোনার।
বেশ কয়েকটা সুযোগ নষ্ট করে মাত্র এক গোলে জয় পেলেও এই ফলাফলে ম্যারাডোনা আনন্দিতই। ম্যাচশেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে আনন্দ আর তৃপ্তিই ফুটে উঠলো '৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের কণ্ঠে, "প্রথম ২৫ মিনিটে আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। এই ফলাফলে আমি সন্তুষ্ট। পরে অবশ্য আমরা কখনো কখনো বলের দখল হারিয়েছি। কিন্তু স্কটল্যান্ড সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বলের দখল আরো বেশি রাখতে পারলে আমরা আরো বড় ব্যবধানে জিততে পারতাম।"
গত মাসে বিশ্বকাপে চিলির কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আলফিও বাসিলে। সেই ম্যাচের দুঃসহ স্মৃতি থেকে বেরিয়ে আসতে পেরেও ম্যারাডোনা তৃপ্ত, "চিলির সঙ্গে ম্যাচটা ছিল আমাদের জন্য একটা বাজে অভিজ্ঞতা। তবে এখন আমরা সেই দুঃস্মৃতিকে পেছনে ফেলতে পেরেছি। "
বুধবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও ফুটবল-দুনিয়ার প্রায় সব পরাশক্তিই প্রীতি ম্যাচ নিয়ে মাঠে নেমেছিল। সে সব ম্যাচের মধ্যে বার্লিনে ইংল্যান্ড তাদের 'পুরনো শত্র"' জার্মানিকে ২-১ গোলে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন ৩-০ গোলে চিলিকে এবং নেদারল্যান্ডস ৩-১ গোলে সুইডেনকে হারিয়েছে। তবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ইতালি ও ফ্রান্স জিততে পারেনি। ইতালি ১-১ গোলে ড্র করেছে গ্রিসের সঙ্গে। আর ফ্রান্স-উরুগুয়ে ম্যাচে গোল করতে পারেনি কোনো দলই। ড্র করলেও টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছেন ইতালির বিশ্বকাপ জয়ী দলের কোচ মার্সেলো লিপ্পি, দাঁড়িয়েছেন স্পেনের হাভিয়ের ক্লেমেন্তে ও আলফিও বাসিলের পাশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৫ঘ.
bdnews24