বার্সেলোনা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিদ্বন্দ্বী আর সব ক্লাবই ব্যর্থ হলেও বার্সেলোনা ধরে রেখেছে তাদের জয়যাত্রা। রোববার রিক্রিয়েটিভো হেলভাকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ প্রিমেরা লিগায় টানা নবম জয় পেয়েছে তারা, সেই সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে গেছে ৩ পয়েন্ট।
লিওনেল মেসি আর সেইডু কেইটার গোলে পাওয়া এই জয়ের পাশাপাশি বার্সেলোনাকে সুবিধা করে দিয়েছে প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতা। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়া হেরেছে, আর অন্য প্রতিদ্বন্দ্বী ভিলারিয়াল রোববারই ২-২ গোলে ড্র করেছে মালাগার সঙ্গে।
১৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট, ভিলারিয়ালের ২৫। রিয়াল, ভ্যালেন্সিয়া আর সেভিয়া তিন দলই ২৩ পয়েন্ট করে নিয়ে আছে তাদের পেছনে।
এদিকে, ইতালিয়ান সিরি-আ'র শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী এসি মিলান। বিতর্কিত এক পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাকার গোলে রোববার কিয়েভোকে হারিয়েছে তারা।
এদিনের অন্য এক ম্যাচে আরেক ব্রাজিলিয়ান হুলিও বাপ্তিস্তার দেওয়া একমাত্র গোলে এএস রোমা হারিয়েছে রোমেরই ক্লাব লাৎসিওকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৩১ ঘ.
bdnews24