ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবারো হকি ফেডারেশনের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। সুবাদে প্রেসিডেন্ট একাদশের জওহরলাল নেহেরু কাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
স্পন্সর প্রাপ্তি বিষয়ক সংবাদ সম্মেলনে শনিবার ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মুসা বলেছেন, "এর আগেও আমরা সিঙ্গাপুরে হকি দল পাঠানোয় সহযোগিতা করেছিলাম। এবারও আমরা ১০ লাখ টাকা দিচ্ছি ফেডারেশনকে। আমরা সাধ্যমতো পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছি বাংলাদেশের হকির উন্নতির জন্য।" প্রতিশ্র"ত ১০ লাখ টাকার মধ্যে শনিবার ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছেন তিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিনের হাতে। জবাবে সাধারণ সম্পাদক অকুন্ঠচিত্তে ঢাকার ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই টাকা পেয়ে ২০ সদস্যের প্রেসিডেন্ট একাদশের ভারতের হরিয়ানায় যাওয়া নিশ্চিত হয়েছে। ৪৫-তম জওহরলাল নেহেরু কাপের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রোববার রওনা হয়ে প্রেসিডেন্ট একাদশ ম্যাচ খেলবে ২০ নভেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়নি বলে বাংলাদেশের এই দলের প্রতিপক্ষ কারা তা জানা যায়নি।
তবে জাতীয় দলের ৬ জন খেলোয়াড়কে পাওয়া যায়নি বলে প্রেসিডেন্ট একাদশ নাম নিয়েই যাচ্ছে বাংলাদেশের দলটি। জাতীয় দলের তিন নিয়মিত খেলোয়াড় জিমি ও চয়ন মালয়েশিয়ায় এবং হাবুল ইংল্যান্ডে হকি লিগে খেলছে। যারা দেশে আছেন তাদেরও ক্যাম্পে ডেকে পাওয়া যায়নি। ক্ষোভের সঙ্গে নতুন সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন বলেছেন, "ডাক পেয়েও ইসা, মুসা, রাজন ক্যাম্পে যোগ দেয়নি। সিঙ্গাপুর থেকে জিতে আসার পর তাদের সংম্বর্ধনা দেওয়া হয়নি বলে নাকি তারা ক্যাম্পে আসেনি। এভাবে অসহযোগিতা করলে তো আমার পক্ষে হকিকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন।"
খেলোয়াড়, সংগঠকদের সহযোগিতা চেয়ে প্রথম সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেছেন, "হকি নিয়ে আমি কিছুই জানি না। তাই বুঝে ওঠার জন্য আমি ৬ মাস সময় চাই, তারপর হকি ফেডারেশন নতুন রূপ পাবে আশাকরি।"
সংবাদ সম্মেলনে ভারতগামী দলের কোচ অধিনায়ক কেউ-ই আসেননি। ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমোডর শাহজাহান সরকার (অব.), তিনি বলেছেন, "সিনিয়র জুনিয়র মিলে এই দল ভাল। ভাল পারফরম্যান্সের আশা নিয়েই হরিয়ানায় যাচ্ছি আমরা।"
বাংলাদেশ দল : মাহবুব উল্লাহ চৌধুরী শাকিল, জাহিদ হোসেন, আসাদুজ্জামান চন্দন, মশিউর রহমান বিপ্লব, এ কে এম সামসুদ্দিন, তাপস বর্মন, ফেরদৌস গোলদার, ইমরান হাসান পিন্টু, শহীদুল্লাহ টিটু, কামরুজ্জামান রানা, আশিকুজ্জামান, জামাল হোসেন খান, শেখ মোহাম্মদ নান্নু, জাহিদ বিন তালিব, কৃষ্ণ কুমার ও রিমন ঘোষ। এয়ার কমোডর শাহজাহান সরকার (অব.) (ম্যানেজার), সুভাষ দাস (সহকারি ম্যানেজার), আজিজ উল্লাহ হায়দার জামাল (কোচ), আব্দুল্লাহ পিরু (সহকারী কোচ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১৪২ঘ.
bdnews24